১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বত্ব নিয়ে লড়াই: আরও গান সরাচ্ছে টিকটক

ফেব্রুয়ারির শুরুতে, দুটি কোম্পানির ‘মিউজিক লাইসেন্সিং’ চুক্তি সংশ্লিষ্ট আলোচনা ভেস্তে যাওয়ার পর ইউএমজি’র জনপ্রিয় শিল্পীদের গানগুলো সরাতে শুরু করে টিকটক।

স্বত্ব নিয়ে লড়াই: আরও গান সরাচ্ছে টিকটক

ছবি : রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2024, 02:28 PM

Updated : 01 Mar 2024, 02:28 PM

বহুজাতিক কোম্পানি ‘ইউনিভার্সাল মিউজিক গ্রুপ (ইউএমজি)’র লেবেলে স্বাক্ষর করা সকল শিল্পীর লেখা বা সহ-লিখিত গান সরিয়ে নিচ্ছে টিকটক।

গানের স্বত্বাধিকার নিয়ে কোম্পানি দুটির চলমান লড়াইয়ের কারণেই গানগুলো সরিয়ে ফেলা হচ্ছে বলে এক প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

“ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ গীতিকারদের লেখা (বা সহ-লিখিত) সকল গান সরিয়ে ফেলার শর্ত পূরণের প্রক্রিয়ায় আছি,” নিজস্ব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে লিখেছে টিকটক।

“ইউনিভার্সালের কার্যক্রম কেবল তাদের প্রতিনিধিত্ব করা গীতিকার ও শিল্পীদেরই প্রভাবিত করে না, বরং এমন অনেক শিল্পী ও গীতিকারের ওপর এখন এর প্রভাব পড়ছে, যারা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ নয়।”

টিকটক ইউএমজি লেবেলের আরও কিছু গান হারাতে চলেছে বলে গেল মঙ্গলবার প্রতিবেদনে উল্লেখ করেছে বিনোদন সাইট ভ্যারাইটি। তবে ঠিক কতোগুলো গান বাদ পড়বে, তা স্পষ্ট করেনি তারা। এদিকে রোলিং স্টোনের প্রতিবেদন অনুসারে, সেইসব শিল্পীদের গানও সরানো হবে, যারা ইউএমজির সঙ্গে স্বাক্ষর না করলেও তাদের গান প্রকাশের জন্য চুক্তি করেছে। এমন শিল্পীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলস, মার্কিন গীতিকার স্টিভ লেসি ও গায়িকা এসজিএ।

ফেব্রুয়ারির শুরুতে কোম্পানি দুটির ‘মিউজিক লাইসেন্সিং’ চুক্তি সংশ্লিষ্ট আলোচনা ভেস্তে যাওয়ার পর ইউএমজি’র সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের গান সরাতে শুরু করে টিকটক। এর মধ্যে রয়েছেন মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট, র‍্যাপার ড্রেক ও গীতিকার অলিভিয়া রডরিগো’র মতো জনপ্রিয় শিল্পীরা।

টিকটকের বিরুদ্ধে ‘বুলিইংয়ের’ অভিযোগ তুলে ইউএমজি বলেছিল, কোম্পানিটি একটি অন্যায্য চুক্তিতে পৌঁছাতে চাইছে, যেখানে এআইয়ের তৈরি গান ও শিল্পীদের ক্ষতিপূরণ নিয়ে লেবেলটির শঙ্কার কোনো সুরাহা দেওয়া হয়নি। এ ঘটনার পর ইউএমজি’র গান রয়েছে এমন অনেক টিকটক ভিডিওই ‘সাইলেন্ট’ হয়ে গেছে বা ভিডিওতে কোনো গানের শব্দই শোনা যায় না বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।

“ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে একটি ন্যায়সঙ্গত চুক্তি করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,” বলেছে টিকটক।

“এর মধ্যেই, টিকটকে বিভিন্ন শিল্পী, গীতিকার ও লেবেলের লাখ লাখ গান উপভোগ করার সুযোগ অব্যাহত থাকবে সঙ্গীতপ্রেমীদের জন্য। আর আমরা শিল্পীদের সঙ্গে ভক্তদের সংযোগ ঘটানোর কাজও চালিয়ে যাব। এর মধ্যে রয়েছেন প্ল্যাটফর্মে যেসব শিল্পীর গান এখন আর পাওয়া যাচ্ছে না, তারাও।”

তবে, প্রিয় শিল্পীদের গান ব্যবহার করতে না পেরে কিছুটা সমস্যায় পড়েছেন টিকটকের কনটেন্ট নির্মাতারা। এই সুযোগে এ মাসের শুরুতে ‘মিউজিক ভিডিও রিমিক্স’ নামের ফিচার চালু করে কনটেন্ট নির্মাতাদের নিজস্ব প্ল্যাটফর্মে টানতে চাইছে আরেক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব, যেখানে ইউএমজি’র গানও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।