০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কিশোরীদের যৌন শিল্পে উৎসাহের অভিযোগ টিকটকের বিরুদ্ধে

অনেক পোস্টে ওনলিফ্যানসকে দারিদ্র্য ও বেকারত্বের সমাধান হিসেবে উপস্থাপন করা হয়, যেখানে কিছু পারফর্মার নিজেদের ‘শূন্য থেকে কোটিপতি’ হওয়ার গল্প শেয়ার করেন।

কিশোরীদের যৌন শিল্পে উৎসাহের অভিযোগ টিকটকের বিরুদ্ধে

টিকটকের অধিকাংশ ব্যবহারকারী কমবয়সি ও এখান থেকেই অনেকের ওনলিফ্যানস ক্যারিয়ারের সূচনা হয়। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 12:05 PM

Updated : 09 Nov 2026, 12:05 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক যৌন শিল্পকে প্রচার ও স্বাভাবিকীকরণে সাহায্য করছে বলে দাবি করা হয়েছে সম্প্রতি প্রকাশ পাওয়া এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সেক্সফ্লুয়েন্সাররা’ ওনলিফ্যানসের মতো প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের জন্য নিজেদের তৈরি পর্নোগ্রাফিক কনটেন্টের বিজ্ঞাপন বা প্রচার চালাতে টিকটকে বিভিন্ন ভিডিও পোস্ট করার সুযোগ পাচ্ছে।

ওনলিফ্যানসের কয়েকজন জনপ্রিয় তরুণী পারফর্মারের টিকটকে পোস্ট করা এক বছরের অ-যৌন কনটেন্ট বিশ্লেষণের পর গবেষকরা বলছেন, এ নারীরা দৈনন্দিন জীবনযাপনের ভিডিওর মধ্যে পর্নোগ্রাফির সংকেত লুকিয়ে রাখেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, কেনাকাটা করা, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো, কেক বানানো বা স্কিনকেয়ারের পরামর্শ দেওয়ার মতো স্বাভাবিক ভিডিওর আড়ালে এ ধরনের প্রচারণা চালানো হয়।

টিকটকে ওনলিফ্যানসের নাম সরাসরি উল্লেখ করা বা লিংক দেওয়া নিষিদ্ধ হলেও পারফর্মাররা ছদ্মশব্দ, বিশেষ ইমোজি বা অঙ্গভঙ্গির মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, তাদের প্রাপ্তবয়স্ক কনটেন্ট অন্য প্ল্যাটফর্মে বিক্রির জন্য রয়েছে।

যৌন আহ্বান বা গোপন ছবি শেয়ারের আহ্বান জানানোকে টিকটক নিষিদ্ধ করলেও ওনলিফ্যানস তারকাদের বানানো এসব ‘কাজের উপযোগী’ বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মটি ছড়িয়ে দিচ্ছে।

Image

কনটেন্ট সেন্সরশিপ বা ব্লক এড়িয়ে যেতে ‘পর্ন’ শব্দের বদলে ‘কর্ন’ শব্দ ও সংকেতের মতো ইমোজি ব্যবহার করেন ওনলিফ্যানস তরকারা। ছবি: রয়টার্স

‘টিকটক টু ওনলিফ্যানস পাইপলাইন’ শিরোনামে প্রতিবেদনটি যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাজ্যের সামাজিক সংগঠন ‘সিজ’ ও অস্ট্রেলিয়ার ‘কালেক্টিভ শাউট’।

গবেষকরা বেশ কয়েকজন ‘সেক্সফ্লুয়েন্সার’-এর পোস্ট দীর্ঘ সময় বিশ্লেষণ ও টিকটকের অ্যালগরিদমের বিভিন্ন রেকমেন্ডশন ভিডিও পর্যবেক্ষণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের ভিডিওতে ওনলিফ্যানস তারকারা মেইকআপ বা পোশাক পরার নিয়মিত ‘গেট রেডি উইথ মি’ ভিডিওর মধ্যে প্রাপ্তবয়স্ক কনটেন্টের সূত্র লুকিয়ে রাখেন।

কনটেন্ট সেন্সরশিপ বা ব্লক এড়িয়ে যেতে তারা ‘পর্ন’ শব্দের বদলে ‘কর্ন’ শব্দ বা ভুট্টার ইমোজির পাশে তারা সংকেতের মতো ইমোজি ব্যবহার করেন।

ভাইরাল ভিডিওগুলোতে তারা যৌন কনটেন্ট বিক্রি করে কতটা অর্থ আয় করেছেন তা নিজেদের ফলোয়ারদের সামনে তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, “এসব পোস্টের মূল বার্তা হচ্ছে, ওনলিফ্যানসে যৌন সেবা বিক্রি করলে এক চমৎকার জীবন পাওয়া যায়, যা স্বাধীনতা, মজা, বন্ধুত্ব ও অর্থে ভরপুর।”

নগদ অর্থ, বিশাল বাড়ি, ব্যক্তিগত প্লেন ও দামি গাড়ির ছবি সংবলিত বিভিন্ন ভিডিওতে লেখা থাকে ‘২৫ লাখ পুরুষের কল্যাণে ২৩ বছর বয়সেই আমি এসবের মালিক, ভেবেই দারুণ লাগছে’ ধরনের আকর্ষণীয় শিরোনাম।

অনেক পোস্টে ওনলিফ্যানসকে দারিদ্র্য ও বেকারত্বের সমাধান হিসেবে উপস্থাপন করা হয়। কিছু পারফর্মার তাদের ‘শূন্য থেকে কোটিপতি’ হওয়ার গল্প শেয়ার করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ওনলিফ্যানস অ্যাকাউন্ট খোলাকে এমন এক সমাধান হিসেবে দেখানো হচ্ছে, যা ‘নারী ও কিশোরীদের চরম অস্বচ্ছল ও সুবিধা বঞ্চিত জীবন থেকে উদ্ধার করে এবং তাদের ও তাদের সংগ্রামী পরিবারগুলোকে বিলাসবহুল জীবন উপহার দেয়’।

ওনলিফ্যানসের নিজস্ব তথ্য অনুসারে, ২০১৬ সালে প্ল্যাটফর্মটি চালুর পর থেকে এর শীর্ষ ৫ হাজার কনটেন্ট নির্মাতা প্রত্যেকে ১০ লাখ ডলারের বেশি আয় করেছেন।

তবে প্রতিবেদনে উল্লেখ করা গবেষকদের হিসাব অনুসারে, সাইটটিতে নিবন্ধিত ৫০ লাখ পারফর্মারের গড় বার্ষিক আয় প্রায় ১ হাজার ডলার।

অস্ট্রেলিয়ার সামাজিক সংগঠন ‘কালেক্টিভ শাউট’-এর মেলিন্ডা ট্যাঙ্কার্ড রিস্ট টিকটকের তীব্র সমালোচনা করে বলেছেন, প্ল্যাটফর্মটি ‘এক ধরনের শিল্প-পর্যায়ের ডিজিটাল দালাল হিসেবে কাজ করছে, যা কমবয়সী তরুণী ও কিশোরীদের যৌন শিল্পের দিকে ঠেলে দিচ্ছে’।

“আমাদের স্পষ্ট মত, এ শিল্পটি তরুণীদের পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরিতে উৎসাহ বা ফাঁদে ফেলছে, যা থেকে তাদের সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।”

টিকটকে কিশোরীদের মধ্যে সোফি রেইন ও আরি কিটসিয়ার মতো ওনলিফ্যানস তারকার বড় ফ্যানবেইজ রয়েছে। তারা সাইটটিকে পর্নোগ্রাফি তৈরির ইতিবাচক দিক তুলে ধরার কাজে ব্যবহার করছে এমন উদ্বেগ থেকে গবেষণাটি চালানো হয়।

সোফি রেইন মায়ামির ‘বপ হাউস’ নামের একটি বিলাসবহুল পর্নোগ্রাফি প্রোডাকশন হাউসে ধারণ করা ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন, যেখানে ওনলিফ্যানসে যৌন কনটেন্ট বিক্রি করা নারীরা পর্যায়ক্রমে থাকেন।

বপ হাউসে যোগ দেওয়ার অডিশনের খবরও টিকটকে শেয়ার হয় ও এতে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীরা খোলামেলা বা ইঙ্গিতপূর্ণ নাচের ভিডিও বানিয়ে ‘বপ হাউস রিক্রুটমেন্ট’ ট্যাগ করে পোস্ট করেন।

ওনলিফ্যানস পারফর্মাররা টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ফলোয়ার বাড়ানোর ওপর নির্ভর করেন। ফলে অন্য প্ল্যাটফর্মে বিক্রির জন্য রাখা তাদের প্রাপ্তবয়স্ক কনটেন্টের দিকে সূক্ষ্ম ইঙ্গিত দেওয়ার কৌশল তারা বেশ ভালোভাবে রপ্ত করেছেন।

টিকটকের অধিকাংশ ব্যবহারকারী কমবয়সি ও এখান থেকেই অনেকের ওনলিফ্যানস ক্যারিয়ারের সূচনা হয়। টিকটক ও ওনলিফ্যানসের এ সম্পর্ককে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

অনেক ওনলিফ্যানস তারকা তাদের দৈনন্দিন জীবনযাপনের ভিডিওর পাশাপাশি টিকটকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণাও চালান। তারা পোষা প্রাণীর খাবার, বার্গার ও আনারসের জুসের মতো গৃহস্থালি পণ্যের পাশাপাশি সেক্স টয় ও কনডমের বিজ্ঞাপনও দেন।

গেল বছর ওনলিফ্যানস তারকা কিটসিয়াকে নিজেদের তরুণদের কাছে জনপ্রিয় মেইকআপ ব্র্যান্ড ‘আর্বান ডিকে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বৈশ্বিক প্রসাধনী ব্র্যান্ড ‘লরিয়াল’।

কিটসিয়া নিজেকে ‘ম্যাট্রেস অ্যাকট্রেস’ বা তোশকের অভিনেত্রী বলে থাকেন। টিকটকে লাখ লাখ বার দেখা এসব বিজ্ঞাপনে তিনি এমন মেইকআপের দাবি জানান, যা তোশকের ওপর ভালো কাজ করে।

প্রতিবেদনের লেখকরা বিশ্বের বিভিন্ন দেশে ১৮ বছরের কম বয়সিদের জন্য পর্নোগ্রাফিক কনটেন্ট দেখাতে নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে যৌন শিল্পকে উৎসাহিত করে বা এর সঙ্গে সম্পর্কিত পোস্টগুলোও সেই নিষেধাজ্ঞার আওতায় আসে।

অভিযোগের বিষয়ে টিকটকের একজন মুখপাত্র বলেছেন, “টিকটক কঠোরভাবে কোনো প্রকার যৌন কনটেন্ট দেখানো বা প্রচার নিষিদ্ধ করেছে।

“আমাদের কমিউনিটি নির্দেশিকা বাস্তবায়নে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়। আমাদের সিস্টেম এমনভাবে ডিজাইন করা, যাতে অপ্রাপ্তবয়স্কদের কাছে বয়স-উপযোগী নয় এমন কনটেন্ট না পৌঁছায়।”

অন্যদিকে, ওনলিফ্যানসের একজন মুখপাত্র বলেছেন, “ওনলিফ্যানস ১৮ বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্কদের একটি প্ল্যাটফর্ম। অপ্রাপ্তবয়স্কদের এই প্ল্যাটফর্মে প্রবেশ ঠেকাতে আমাদের কঠোর যাচাইকরণ প্রক্রিয়া রয়েছে।”