২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইটি সমস্যায় দুই তৃতীয়াংশ মার্কিনী উত্তর খোঁজেন চ্যাটজিপিটিতে

এক বছর আগেও লোকজন কোনও আইটি সমস্যার উত্তর খুঁজতেন গুগলে। দিন বদলেছে, এখন মানুষ চ্যাটজিপিটির সঙ্গেই সেরে নিচ্ছেন সমস্যা সমাধানের আলাপ।

আইটি সমস্যায় দুই তৃতীয়াংশ মার্কিনী উত্তর খোঁজেন চ্যাটজিপিটিতে

৮৩ শতাংশ জেনজি এমন সংকটে  দ্বারস্থ হন চ্যাটজিপিটির

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 05:26 PM

Updated : 11 May 2023, 05:28 PM

এক বছর আগেও লোকজন আইটি নিয়ে কোথাও আটকে গেলে উত্তর খুঁজতেন গুগলে। দিন বদলেছে, এখন মানুষ চ্যাটজিপিটির সঙ্গেই সেরে নিচ্ছেন সমস্যা সমাধানের আলাপ।

বর্তমানে আইটি ব্যবহারকারীরা কোনো ভোগান্তিতে কিভাবে সমাধান বের করেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে জরিপ চালায় ইলেকট্রিক ডটএআই নামে এক আইটি সহায়তা কোম্পানি। এতে এক হাজার জনের মধ্য ৬৬ শতাংশই বলেছেন, তারা এমন অবস্থায় চ্যাটজিপিটির শরণাপন্ন হন।

‘হ্যাং হয়ে যাওয়া’ মনিটর কী ভাবে ফের সচল করা যায়, ইন্টারনেট বা কম্পিউটারের গতি কমে গেলে কী করার আছে, হাতের মোবাইল ফোনটি বেশি গরম হয়ে গেলে করণীয় কি – এমন সব সমস্যায় সবচেয়ে বেশি চ্যাটজিপিটির সহায্য চান ব্যবহারকারীরা।

আশ্চর্যজনক ভাবে ৮৩ শতাংশ জেনজি এই ধরনের সংকটে চ্যাটজিপিটিতে উত্তর খোঁজেন, আর মিলেনিয়ালদের মধ্যে এর হার ৬৭ শতাংশ। জেনএক্স এর বেলায় এই সংখ্যাটা শতকরা ৫০ ভাগ আর বেবিবুমারদের মধ্যে শতকরা ৪৮ ভাগ।

অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি বলছে, জেনজি বা জেনারেশন জি (Gen Z) হচ্ছে যাদের জন্ম ১৯৯০ সাল থেকে ২০১০ সালের মধ্যে। মিলেনিয়ালদের জন্ম ১৯৮০ থেকে ৯০-এর মধ্যে। জেন এক্স-এর ব্যাপ্তি হচ্ছে ১৯৬৫ থেকে ৮০ আর বেবিবুমার্সদের জন্ম ১৯৪৬ থেকে ৬৫ সালের মধ্যে। 

প্রশ্ন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের কাছে আইটি সমস্যার সমাধান চাওয়া কতোটা বিচক্ষণতার বিষয়?

এর উত্তর পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি যে চারটি প্রশ্নের মুখোমুখি হয় চ্যাটজিপিটি সেগুলোর উত্তর যাচাই করার জন্য দুইশ জন আইটি বিশেষজ্ঞের সহায়তা চান জারিপকারীরা।

বিশেষজ্ঞদের যাচাই বাছাইয়ে দেখা গেছে চ্যাটজিপিটির উত্তরে শুদ্ধতার হার একশোতে সাকুল্যে ৩৯। তবে, গেল নভেম্বরে আত্মপ্রকাশের পর এরই মধ্যে ৩৯ শতাংশ নির্ভুল উত্তরে দিতে পারাকে ‘একেবারেই মন্দ নয়’ বলছেন তারা।

তবে কিছু কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটির আরো বেশি নম্বর পেয়েছে। যেমন “কীভাবে আমার ইন্টারনেটের গতি আরো বাড়ানো যায়?” এমন প্রশ্নের উত্তরে চ্যাটবটটি ছিলো ৭৪ শতাংশ নির্ভুল।