১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্টের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ইনস্টাগ্রাম সম্ভবত ‘ইউজারনেইম’ ফিচার নিয়েও কাজ করছে। তবে, এতে ব্যবহাকারীর ফোন নাম্বার দেখা যাবে না।

এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্টের 
সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 03:41 PM

Updated : 18 Jun 2023, 03:42 PM

হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে এমন এক নতুন আপডেট এসেছে, যার ফলে এক ডিভাইসেই একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা পাবেন ব্যবহাকারী।

নিজেদের অ্যান্ড্রয়েড সংস্করণে একাধিক অ্যাকাউন্ট সমর্থন নিয়ে কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং সেবাটি। আর এই আপডেট ব্যবহারকারীকে একই ডিভাইসে একাধিক প্রোফাইল অদল বদলের সুবিধা দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘ডব্লিউবেটাইনফো’।

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বদলানোর সুবিধার মতোই কাজ করবে ফিচারটি। আর অ্যাপের নিচের অংশে থাকা এক ‘পপ-আপ’-এ ব্যবহারকারীর বিদ্যমান অ্যাকাউন্টের পাশাপাশি নতুন অ্যাকাউন্ট যোগ করার অপশন থাকবে।

ডিভাইসে যোগ করা নতুন অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় লগ আউট করা যাবে। ব্যবহারকারীর কাজের ও ব্যক্তিগত নাম্বার আলাদা হলে বা সম্প্রতি চালু করা সামাজিক মাধ্যম কেন্দ্রিক ‘চ্যানেল’-এর মতো ফিচার ব্যবহারের বেলায় এটি সুবিধাজনক হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

এই আপডেট ফলোয়ারদের কাছে ছবি বা জরিপের মতো বিভিন্ন কনটেন্ট পাঠানোর সুযোগ দেয়। আর ভবিষ্যতে কনটেন্ট নির্মাতাদের জন্য এতে মনিটাইজেশন সুবিধা আনার বিষয়টিও পরিকল্পনায় রেখেছে হোয়াটসঅ্যাপ।

একইভাবে, হোয়াটসঅ্যাপ সম্ভবত ইনস্টাগ্রাম বা টুইটারে মানুষ খোঁজার সুবিধা দেওয়া ‘ইউজারনেইম’ ফিচার নিয়েও কাজ করছে। তবে, এতে ব্যবহাকারীর ফোন নাম্বার দেখা যাবে না বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

মেসেজিং সেবাটির আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণে ‘কমপ্যানিয়ন মোড’ ফিচারটি চালুর পর একাধিক অ্যাকাউন্ট সমর্থনের এই সুবিধা এল। এর মাধ্যমে একইসঙ্গে চারটি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মেলে। এর আগে কম্পিউটার ও ট্যাবলেটের পাশাপাশি কেবল একটি ফোনে লগ ইন করার সুবিধা পেতেন ব্যবহারকারী।

ব্যবহারকারীর একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এতে। এটি পুরোপুরি চালু হলে আরও বিস্তৃত হবে বলে প্রতিবেদনে ধারণা প্রকাশ করেছে এনগ্যাজেট। তবে, এখন কেবল বেটা সংস্করণে মিলছে এটি।