২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে ইরানে ‘চালু’ স্টারলিংকের সেবা

সোমবারেই মাস্ক টুইট করেছিলেন, ইরানে স্টারলিংক ব্রডব্যান্ড সেবা দিতে চায় তার কোম্পানি এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে তিনি অব্যহতি চাইবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2022, 09:15 PM

Updated : 25 Sep 2022, 09:18 PM

ইরানে ‘স্টারলিংক চালু করছি’ বলে টুইট করেছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের নাগরিকদের জন্য “ইন্টারনেট স্বাধীনতা এবং তথ্যের মুক্ত প্রবাহ অগ্রসর করতে” যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে টুইট করার পরপরই এক টুইটে এ তথ্য জানিয়েছেন মাস্ক।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে রাখলেও পুলিশ হেফাজতে এক কুর্দিশ নারীর মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শুক্রবারেই ইরানে ইন্টারনেট সেবা কেন্দ্রীক নীতিমালা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

এক সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের এক ট্রেজারি কর্মকর্তা বলেছিলেন, “আমাদের দৃষ্টিতে স্টারলিংক যে সেবা দেবে তা বাণিজ্যিক মানের এবং এর হার্ডওয়্যার সাধারণ লাইসেন্সের অন্তর্ভূক্ত নয়। অর্থাৎ এর জন্য ট্রেজারি বিভাগের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে তাদের।”

কিন্তু শুক্রবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেছেন, শুক্রবারে পণ্য সরবরাহের লাইসেন্স নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে সেটি স্ব-প্রায়োগিক। এর মানে হচ্ছে, “এতে দেওয়া শর্ত যারা পূরণ করতে পারবেন তারা বাড়তি অনুমতির জন্য আবেদন না করেই নিজের কাজ চালিয়ে যেতে পারবেন।”

ইরানে স্টারলিংক সেবা চালু করার অনুমোদন প্রসঙ্গে সরাসরি মাস্কের মন্তব্য জানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

পুরনো খবর:

রাজনৈতিক অস্থিরতায় কী হচ্ছে ইরানের অনলাইনে?

পুলিশের হেফাজতে কুর্দিশ নারী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভ চলছে ইরান জুড়ে। দেশটির ‘হিজাব আইন মেনে চলায় ব্যর্থতার’ অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই ২২ বছর বয়সী নারী।

বিক্ষোভ শুরুর পর থেকেই দেশটির ইন্টারনেটে বিরতিহীন ব্লাকআউট চলার খবর দিয়েছে বিবিসি।

অন্যদিকে গত সপ্তাহের সোমবারেই মাস্ক টুইট করেছিলেন, ইরানে স্টারলিংক ব্রডব্যান্ড সেবা দিতে চায় তার কোম্পানি এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে অব্যহতি চাইবেন তিনি।