২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপফেইক নিয়ন্ত্রণে আইন তৈরির উদ্যোগ নিচ্ছে ভারত

চলতি মাসের শুরুতে বলিউড অভিনেত্রী রেশমিকা মানদানা এবং ক্যাটরিনার কাইফের ডিপফেইক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2023, 06:31 PM

Updated : 26 Nov 2023, 11:47 AM

ডিপফেইক নিয়ন্ত্রণে আইন তৈরির উদ্যোগ নিচ্ছে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশের একদিন পর এই ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনি ভাইষ্ণব।

বিভিন্ন শিক্ষাবিদ, প্রযুক্তি শিল্প সংশ্লিষ্ট লোকজন এবং সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে একটি বৈঠক শেষে গণমাধ্যমকে মন্ত্রী বলেন, “কয়েক সপ্তাহের মধ্যে খসড়া নীতিমালা সম্পন্ন” করার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের।

ডিপফেইককে “ভবিষ্যতের বিশাল সামাজিক সমস্যা” হিসাবে চিহ্নিত করে “নতুন নীতিমালা বা আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইনের সংশোধনের” মাধ্যমে সেটি নিয়ন্ত্রণে পরিকল্পার কথা জানান ভাইষ্ণব।

এআই প্রযুক্তি ব্যবহার করে ‘একেবারে বাস্তব দেখতে কিন্তু কৃত্রিমভাবে তৈরি’ ভিডিও, ছবি ও অন্যান্য অডিও-ভিজুয়াল কন্টেন্টকে ডিপফেইক নামে ডাকা হয়।

চলতি মাসের শুরুতে বলিউডের অভিনেত্রী রেশমিকা মানদানা এবং ক্যাটরিনা কাইফের  ডিপফেইক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

রাশমিকার ‘ডিপ ফেইক’ ভিডিও, আইনি পদক্ষেপের দাবি অমিতাভের
রাশমিকার পরে এবার ক্যাটরিনার ‘ডিপফেইক’ ছবি ভাইরাল

এর প্রতিক্রিয়ায় এক্স হ্যান্ডেলে অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি লেখেন, “বিষয়টা খুবই গুরুতর; এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক।”

এদিকে জি২০ দেশগুলোর একটি ভার্চুয়াল সম্মেলনে বুধবার নরেন্দ্র মোদী এআই নিয়ন্ত্রণে বিশ্ব নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে আহ্‌বান জানিয়েছেন এবং ডিপফেইকের ক্ষতিকর সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ডিপফেইক কন্টেন্ট যিনি আপলোড করবেন তার পাশাপাশি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আপলোড করা হবে সেই প্লাটফর্মকেও দোষী গণ্য করার বিধান রয়েছে খসড়া নীতিমালায়, বলেছেন ভাইষ্ণব।

বিশ্বের বিভিন্ন দেশ যখন এআই নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যেই ভারতের নতুন এই উদ্যোগের খবর এল।

গতমাসে একটি নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, গণস্বাস্থ্য এবং জননিরাপত্তায় এআই প্রযুক্তিগুলোর মাধ্যমে সৃষ্ট যেকোনো ঝুঁকি নিরসনে প্রযুক্তিটির নির্মাতাদের নিরাপত্তা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে মার্কিন সরকারের কাছে।

এআই নিয়ন্ত্রণের রূপরেখা প্রণয়ন করতে একটি ৩৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করেছে জাতিসংঘ, অন্যদিকে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করছে ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা, যা আগামীমাসে অনুমোদনের কথা রয়েছে, প্রতিবেদনে লিখেছে রয়টার্স।