১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন নিয়মের প্রতিবাদে রেডিট ভরে গেল জন অলিভারের ছবিতে

তবে প্রতিবাদের পরও সিদ্ধান্ত বদলায়নি রেডিট। বরং কোম্পানির প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান বলেন, ব্যবহারকারীরা এই পরিবর্তনে অভ্যস্ত হয়ে যাবেন।

নতুন নিয়মের প্রতিবাদে রেডিট ভরে গেল জন অলিভারের ছবিতে

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 07:30 PM

Updated : 20 Jun 2023, 07:30 PM

সামাজিক সাইট রেডিটের ব্যবস্থাপনা বিভাগের নতুন নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ব্রিটিশ টক শো উপস্থাপক জন অলিভারের ছবি পোস্ট করছেন ব্যবহারকারীরা।

রেডিটের ডেটায় প্রবেশাধিকার পেতে অ্যাপ নির্মাতাদের আর্থিক ফি দিতে হবে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় কোম্পানির এমন ঘোষণার পর থেকেই প্রতিবাদ শুরু হয় সাইটটিতে। কোম্পানি বলছে, সাইট চালানোর খরচ তুলতে এই বদল জরুরী ছিল।

থার্ড পার্টি অ্যাপ নির্মাতারা বলেন, সাইটের আর্থিক ফি বেশি হওয়ায় অ্যাপোলো’র মতো বেশ কিছু জনপ্রিয় অ্যাপ নির্মাতা কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সাইটটির মডারেটরদের কাছ থেকে এই প্রতিবাদের গোড়াপত্তন ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এমন সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে এই মাসের শুরুতে সাইটের হাজার হাজার ফোরাম বা সাবরেডিটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১২ থেকে ১৪ জুন পর্যন্ত চলা প্রতিবাদে পরিচালকরা বিভিন্ন ফোরাম প্রাইভেট করে ফেলায় ব্যবহারকারীরাও এগুলোতে প্রবেশ করতে পারেননি।

তবে প্রতিবাদের পরও সিদ্ধান্ত বদলায়নি রেডিট। বরং কোম্পানির প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান বলেন, ব্যবহারকারীরা এই পরিবর্তনে অভ্যস্ত হয়ে যাবেন। আর কোম্পানির কর্মীরা ইঙ্গিত দিয়েছেন, রেডিট ফোরাম পরিচালকদের পদ থেকে সরিয়ে ফেলতে পারে।

এর পর থেকেই দাবি না মানলে কীভাবে এই প্রতিবাদ এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে সাইটের শীর্ষ ফোরামগুলোর মধ্যে। আর ‘aww’, ‘pics’ ও ‘gifs’-এর মতো জনপ্রিয় সাবরেডিট’সহ অনেকেই টিভি উপস্থাপক ও কৌতুকাভিনেতা জন অলিভারের ছবি পোস্ট করার সিদ্ধান্ত নেয়।

অলিভার অবশ্য বিষয়টি উপভোগই করছেন।

“প্রিয় রেডিট, অসাধারণ কাজ!” --টুইট করেন তিনি। এ ছাড়া, ব্যবহারকারীদের জন্য ওই টুইটের কমেন্ট থ্রেডে নিজের বেশ কয়েকটি চমকপ্রদ ছবিও পোস্ট করেন তিনি। 

অন্যান্য সাবরেডিটও নিজস্ব উপায়ে প্রতিবাদ অব্যাহত রেখেছে। উদাহরণ হিসেবে, অ্যাপল কেন্দ্রিক সাবরেডিট ভরে গেছে কোম্পানির সিইও টিম কুকের ছবির পোস্টে।

আর সাইটে বিজ্ঞান ও সঙ্গীতকেন্দ্রিক সবচেয়ে জনপ্রিয় ১০ ফোরামের দুটি এখন আর ‘ডার্ক’ মোডে না থাকলেও এগুলোতে নতুন পোস্ট যোগ করা যাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেন্ডেন্ট।