২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলা হয়েছে নরওয়ের ১২ মন্ত্রণালয়ে

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়গুলো ভিন্ন আইটি প্ল্যাটফর্ম ব্যবহার করার কারণে এই হামলায় সেগুলো অক্ষত রয়েছে।

সাইবার হামলা হয়েছে নরওয়ের ১২ মন্ত্রণালয়ে

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রী সংবাদ সম্মেলনে এই হামলার কথা জানান

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 07:11 PM

Updated : 24 Jul 2023, 07:10 PM

নরওয়ের ১২টি মন্ত্রণালয় হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ইউরোপের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী এবং নেটোর সর্ব উত্তরের সদস্য দেশটিতে সাইবার আক্রমণের ঘটনা নরওয়ের সরকার সোমবার প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। 

“আমাদের এক সরবরাহকারীর দেওয়া প্ল্যাটফর্মে একটি দুর্বলতা শনাক্ত করতে পেরেছি। সেই আক্রান্ত স্থানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।” এক সংবাদ সম্মেলনে বলেন বিভিন্ন মন্ত্রণালয়ে সেবা প্রদানকারী সংস্থার প্রধান এরিক হোপ।

সরবরাহকারির দেওয়া প্ল্যাটফর্মে “অস্বাভাবিক” গতিবিধি শনাক্ত করে সেই হামলাটিকে শনাক্ত করা হয়, আর কোনও বিস্তারিত না দিয়ে বলেন হোপ। তবে, তিনি যোগ করেন, ঘটনাটি প্রথম নজরে আসে ১২ জুলাই এবং পুলিশ এর তদন্ত করছে।

“এই হামলার পেছনে কারা ছিলো বা এর ক্ষয়ক্ষতির ব্যাপারে এত তাড়াতাড়ি জানা যাবে না।” - বলেন তিনি।

রাশিয়ার গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার পর নরওয়ে এখন ইউরোপের বৃহত্তম গ্যাস এবং পশ্চিম ইউরোপের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়গুলো ভিন্ন আইটি প্ল্যাটফর্ম ব্যবহার করার কারণে এই হামলায় সেগুলো অক্ষত রয়েছে  বলেছেন হোপ।

এর আগেও নরওয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইবার আক্রমণের শিকার হয়েছিল। তারমধ্যে ২০২২ সালের জুন মাসের ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ (ডিডিওএস) হামলাও রয়েছে, যার জন্য “রাশিয়ার একটি সন্ত্রাসী গোষ্ঠীকে” দায়ী করা হয়েছিলো।

নেটোর সদস্য দেশ নরওয়ের আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে এবং দেশটি অস্ত্র, অর্থ এবং মানবিক সাহায়তা দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে।

গত ফেব্রুয়ারিতে দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা্র প্রকাশিত একটি ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায় ২০১৯ থেকে ২০২১ এর মধ্যে সাইবার হামলা তিনগুন  বেড়ে গেছে, সেইসঙ্গে ২০২১ এর মতো ২০২২ সালেও কাছাকাছি সংখ্যক হামলার ঘটনা ঘটে, যার মধ্যে বেশ কিছু বড় ধরনের হামলার ঘটনাও রয়েছে।