২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআইয়ের ভবিষ্যত নির্ভর করছে শক্তির উৎসের ওপর: অল্টম্যান

২০২১ সালে অল্টম্যান ব্যক্তিগত তহবিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ফিউশন কোম্পানি হিলিয়ন এনার্জিকে ৩৭ কোটি ৫০ লক্ষ ডলার দিয়েছিলেন।

এআইয়ের ভবিষ্যত নির্ভর করছে শক্তির উৎসের ওপর: অল্টম্যান

স্যাম অল্টম্যান

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 06:33 PM

Updated : 17 Jan 2024, 06:33 PM

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজন শক্তি উৎপাদনে যুগান্তকারী উদ্ভাবন।

পাশাপাশি, ভবিষ্যতে এআই মানুষের প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তি খরচ করবে, গত মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে ব্লুমবার্গ নিউজের এক আয়োজনে বলেন অলট্ম্যান। 

তবে, ভাল খবর হল, জলবায়ুবান্ধব শক্তির উৎস; বিশেষ করে, পারমাণবিক ফিউশন বা সস্তা সৌর শক্তি এবং সংরক্ষণ পদ্ধতিই এআইয়ের এগিয়ে যাওয়ার পথ – আরও বলেন অল্টম্যান।

‘একটি যুগান্তকারী অগ্রগতি ছাড়া সেখানে পৌঁছানোর কোনো উপায় নেই,’ –  বলেন তিনি।

‘এটি আমাদের ফিউশনে বা পরমাণুভিত্তিক শক্তি উৎপাদনে আরও বিনিয়োগ করতে অনুপ্রাণিত করবে।’

২০২১ সালে, অল্টম্যান ব্যক্তিগত তহবিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ফিউশন কোম্পানি হিলিয়ন এনার্জিকে ৩৭ কোটি ৫০ লক্ষ ডলার দিয়েছিলেন।  আগামী বছরগুলোতে মাইক্রোসফটকে শক্তি সরবরাহ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষর করেছে কোম্পানিটি।

ওপেনএআইয়ের সবচেয়ে বড় আর্থিক সমর্থক মাইক্রোসফট। পাশাপাশি, এআই বিকাশে কোম্পানিটিকে বিভিন্ন কম্পিউটিং সরঞ্জামও সরবরাহ করে থাকে উইন্ডোজের নির্মাতা এ কোম্পানি।

অল্টম্যান আরও বলেছেন, তিনি আশা করছেন যে, বিশ্বে পারমাণবিক বিভাজন বা ফিশনকেও শক্তির উৎস হিসাবে গ্রহণ করা হবে।