২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে নানা রঙের ‘ভেরিফিকেশন’ আগামী সপ্তাহেই: মাস্ক

এই ব্যবস্থার অধীনে, বিভিন্ন কোম্পানি পাবে সোনালী রঙের ও সরকারী কর্মকর্তারা পাবেন ধূসর রঙের টিক চিহ্ন।

টুইটারে নানা রঙের ‘ভেরিফিকেশন’ আগামী সপ্তাহেই: মাস্ক

টুইটারের মালিক ও সিইও ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 04:25 PM

Updated : 26 Nov 2022, 04:25 PM

টুইটারে ‘বিভিন্ন রঙের’ ভেরিফিকেশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন সামাজিক প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।

টুইটারের ‘পাওয়ার টু দ্য পিপল’ নামে ভেরিফিকেশন ব্যবস্থার প্রাথমিক উন্মোচনের অভিজ্ঞতা টুইটার বা মাস্কের জন্য খুব সুবিধার ছিল না। মাস্ক এখন বলছেন, আগামী সপ্তাহে পরীক্ষামূলকভাবে নতুন ‘মাল্টি কালার’ ভেরিফিকেশন ব্যবস্থা চালু করবে তার সামাজিক প্ল্যাটফর্ম।

মাস্ক যোগ করেন, এই ব্যবস্থায় বিভিন্ন কোম্পানি পাবে সোনালী রঙের ও সরকারী কর্মকর্তারা পাবেন ধূসর রঙের টিক চিহ্ন। — অনেকটা ‘অফিসিয়াল’ লেবেলের মতো, যা এখন কিছু সংখ্যক অ্যাকাউন্টে পরীক্ষাধীন আছে।

তবে, ‘ব্লু’ ব্যাজ সবার জন্য উন্মুক্ত, এমনকি তিনি কোনো তারকা না হলেও। এর মানে, টুইটারের মাসিক আট ডলার খরচ করা গ্রাহকরা যাচাইকৃত সেলিব্রেটিদের অ্যাকাউন্টের মতোই ব্যবহার করতে পারবেন নীল রঙের টিক চিহ্ন।

মাস্ক আরও যোগ করেন, কোম্পানির লক্ষ্য, নতুন ব্যবস্থা চালুর আগ পর্যন্ত প্রতিটি ভেরিফিকেশন অনুরোধ আলাদাভাবে পরীক্ষা করা। এর মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটি পরিষ্কার নয় বলে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ। কারণ, ‘ব্লু’ গ্রাহক সেবার গ্রাহদের অ্যাকাউন্টে কোনো যাচাই ছাড়াই নীল রঙের টিক চিহ্ন পাওয়ার কথা। আর পাশাপাশি, এতগুলো আকাউন্ট একটি একটি করে যাচাই টুইটার কীভাবে যাচাই করবে সেটি আরেক প্রশ্ন। এমনিতেই সাম্প্রতিক ঝাড়ঝাপ্টায় টুইটারের কর্মী সংখ্যা নেমে এসেছে এক তৃতীয়াংশে।

মাস্ক আরও ব্যাখ্যা করেন, বিভিন্ন ব্যক্তি বিশেষ কোনো সংস্থার হলে তিনি ছোট আকারের দ্বিতীয় একটি লোগো পেতে পারেন। তবে, সংস্থাটিকেও যাচাই করতে হবে যে ওই ব্যক্তি তাদের প্রতিনিধিত্ব করেন বা তাদের সঙ্গে কাজ করেন।

তিনি আরও যোগ করেন, সবার অ্যাকাউন্টে নীল রঙের টিক চিহ্ন দেওয়ার সিদ্ধান্তটি ছিল কোনো ব্যক্তির গুরুত্বের ওপর নির্ভর করে।এ মাসের শুরুতেই টুইটারের ঢেলে সাজানো ‘ব্লু’ পরিকল্পনা এক পর্যায়ে স্থগিত করেন মাস্ক। পরে তিনি আবার জানান, ২৯ নভেম্বর থেকে এটি আবার চালু হবে।

তবে, এর পরপরই ছদ্মবেশী অ্যাকাউন্টের ঢল নামলে সেবাটি আটকে দেন মাস্ক। এর পর বিভিন্ন রঙের ভেরিফিকেশন ব্যবস্থা নিয়ে এই প্রথম মুখ খুললেন তিনি।

নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থা টুইটার ব্লু গ্রাহক সেবার সঙ্গেই উন্মোচিত হবে কি না, সেটি স্পষ্ট করেননি তিনি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ বলছে, সম্ভবত এরইমধ্যে বিদ্যমান ভেরিফায়েড অ্যাকাউন্ট ও সরকারী কর্মকর্তাদের জন্য আসবে সেবাটি। অর্থের বিনিময়ে যারা চেকমার্ক চাইছেন, তাদের আরও অপেক্ষা করতে হবে।

‘ব্লু’ সেবাটি চালুর মাধ্যমেই স্প্যাম ও জাল অ্যাকাউন্ট বন্ধে আরেকটি পদক্ষেপ নিয়েছে টুইটার। গত সপ্তাহেই নীতিমালায় পরিবর্তন এনেছে কোম্পানিটি। এর ফলে, ব্লু সেবা কিনতে হলে অ্যাকাউন্ট তৈরির দিন থেকে অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে।

৯ নভেম্বর, মাস্কের নেতৃত্বে টুইটার প্রথম নতুন ভেরিফিকেশন প্রোগ্রাম চালুর পর অনেক অ্যাকাউন্টই বিভিন্ন ব্র্যান্ড, খেলোয়াড় ও তারকার ছদ্মবেশ ধারণ করে। এর ফলে, প্রকল্পটি তাৎক্ষণিকভাবে থামাতে বাধ্য হয় টুইটার। পুনরায় এই ধরনের বিশৃঙ্খলা এড়াতে এখন সম্ভাব্য সকল ব্যবস্থা নিচ্ছেন মাস্ক।

শুক্রবার মাস্ক বলেন, কিছু দিন আগে চালানো ভোটের ফলাফলের ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে সকল নিষেধাজ্ঞা পাওয়া অ্যাকাউন্টকে ‘সাধারণ ক্ষমা’ দেবে টুইটার।