২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের সঙ্গে বিদ্যমান চুক্তিতে বদল আনছে নেটফ্লিক্স

তুলনামূলক বেশি বিজ্ঞাপন বিক্রির লক্ষ্যে মাইক্রোসফটের বাইরেও অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে নেটফ্লিক্স।

মাইক্রোসফটের সঙ্গে বিদ্যমান চুক্তিতে বদল আনছে নেটফ্লিক্স

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 06:02 PM

Updated : 28 Jul 2023, 06:02 PM

নিজেদের বিজ্ঞাপন সমর্থিত গ্রাহক প্যাকেজের পাশাপাশি বিজ্ঞাপনের দাম কমিয়ে আনার লক্ষ্যে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি নতুন করে ঢেলে সাজাচ্ছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।

তুলনামূলক বেশি গ্রাহক আকৃষ্ট করার লক্ষ্যে গত বছর যুক্তরাষ্ট্র’সহ ১২টি দেশে মাসিক সাত ডলারে বিজ্ঞাপননির্ভর গ্রাহক সেবা চালু করেছে কোম্পানিটি। আর প্রযুক্তি ও বিপণন অংশীদার হিসেবে মাইক্রোসফটকে বেছে নেয় নেটফ্লিক্স। নেটফ্লিক্সকে সে সময় মাইক্রোসফটের আর্থিক আয়ের ‘গ্যারান্টি’ দেওয়াকে এর কারণ হিসেবে বুধবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুসারে, বিজ্ঞাপনভিত্তিক প্যাকেজে তেমন বৃদ্ধি দেখতে না পাওয়ায় এখন ওই চুক্তি নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে কাজ করছে নেটফ্লিক্স। এতে আরও যোগ করা হয়, মাইক্রোসফট বেশি বিজ্ঞাপন বিক্রি না করায় কোম্পানির নির্বাহীরা হতাশ।

এ ছাড়া, তুলনামূলক বেশি বিজ্ঞাপন বিক্রির লক্ষ্যে মাইক্রোসফটের বাইরেও অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে নেটফ্লিক্স। এমনকি তাদের আগের চেয়েও লোভনীয় প্রস্তাব দেওয়ার কথাও উঠে এসেছে প্রতিবেদনে।

কিছু বিজ্ঞাপনদাতা নেটফ্লিক্সকে প্রতি এক হাজার ভিউ’তে ৩৯-৪৫ ডলার অর্থ পরিশোধ করতে চায়। যা আগের ৪৫-৫৫ ডলারের চেয়ে কম।

এই প্রসঙ্গে রয়টার্স নেটফ্লিক্স ও মাইক্রোসফটের মন্তব্য জানতে চাইলে তারা কেউই সাড়া দেয়নি।

গত সপ্তাহে ভিডিও স্ট্রিমিং কোম্পানিটি নিজেদের আয় বেড়ে যাওয়ার কথা জানালেও নতুন উদ্যোগে আয় কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর কোম্পানির সহ-প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স সতর্ক করেছেন, এইসব প্রচেষ্টা থেকে আর্থিক লাভ দেখতে আরও ‘বেশ কয়েক মাস’ সময় লাগতে পারে।