আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি আর্তেতার
আরও চার বছর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন স্প্যানিশ এই কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জয়ের পর আর্সেনালের সঙ্গে মিকেল আর্তেতার পথচলা আরও দীর্ঘ হওয়া একরকম নিশ্চিতই ছিল। সেটির আনুষ্ঠানিক ঘোষণা এলো এবার। উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করলেন স্প্যানিশ এই কোচ।
আর্সেনাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২০৩০ সাল পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করেছেন আর্তেতা। অর্থাৎ আরও চার বছর দলটির ডাগআউটে থাকবেন ৪৪ বছর বয়সী এই কোচ।
২০১৯ সালের ডিসেম্বরে নিজের সাবেক ক্লাব আর্সেনালের প্রধান কোচের দায়িত্ব নেন আর্তেতা। ক্লাবটির সঙ্গে তার গত চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুম পর্যন্ত।
আর্তেতার কোচিংয়ে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে প্রিমিয়র লিগের শিরোপা জেতে আর্সেনাল। ২০১৯-২০ মৌসুমে এফএ কাপ জয়ের স্বাদও পায় ক্লাবটি। গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ হয় তারা। ফাইনালে পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায়।
আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করে আর্তেতা বললেন, আরও সাফল্যের পথে ছোটার জন্য এটা কেবলই শুরু।
“এটা অনন্য একটি ক্লাবটি। এটার বৈশিষ্ট্য, এর সঙ্গে থাকার অনুভূতিটাও অন্যরকম। আমাদের এই পথচলা আরও এগিয়ে যাবে, এটা আমার জন্য দারুণ এক গর্বের বিষয়।
“আমরা এরই মধ্যে বিশেষ এক বন্ধন তৈরি করেছি, এমন কিছু স্মৃতি তৈরি করেছি, যা আজীবন মনে থাকবে। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, একসঙ্গে আমরা যা অর্জন করতে পারি, এটি তার কেবল শুরু।”
শিরোপা ধরে রাখার অভিযানে মৌসুমের শুরুটা খারাপ হয়নি আর্সেনালের। পাঁচ ম্যাচের চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। পাঁচ ম্যাচের সবকটি জিতে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার লিডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় মৌসুম শুরু করবে আর্সেনাল।
