টুইটার অফিস বন্ধ রেখে কর্মী ছাঁটাই শুরু
এক সপ্তাহ ধরে অস্থির সময় পার করা টুইটার কর্মীদের এখন নিজেদের ভাগ্য জানার সময় উপস্থিত।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে টুইটারের পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে নেওয়ার পর যে গুঞ্জন শুরু হয়েছিল, তারই বাস্তবায়ন শুরু হয়েছে।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার টুইটারের অফিসগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্মীদের ইন্টারনাল নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশের সুযোগও স্থগিত রাখা হয়েছে। কর্মীদের জানানো হয়েছে, তাদের চাকরি থাকবে কি না, সেটা ইমেইলে জানিয়ে দেওয়া হবে।
ইলন মাস্কের হাতে টুইটারের ভবিষ্যত নিয়ে রয়েছে নানামুখী অনিশ্চয়তা। তবে এক সপ্তাহ ধরে অস্থির সময় পার করা টুইটার কর্মীদের এখন নিজেদের ভাগ্য জানার সময় উপস্থিত।
বৃহস্পতিবারই এক ই মেইলে তাদের জানানো হয়েছে, শুক্রবার দিনের প্রথম ভাগেই তারা চাকরি আছে কি নেই, সে বিষয়ে ইমেইল পাবেন।
“টুইটারকে স্বাস্থ্যকর একটি পথে নিয়ে যেতে বিশ্বজুড়ে আমাদের কর্মীসংখ্যা কমিয়ে আনার এই কঠিন পথে আমাদের যেতে হচ্ছে,” বলা হয়েছে ওই বার্তায়।
রয়টার্স লিখেছে, মাস্কের পরিকল্পনার একটি অনুলিপি তাদের দেখার সুযোগ হয়েছে। খরচ কমিয়ে আনতে সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৭০০ কর্মী তিনি ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন, যা কোম্পানির মোট লোকবলের প্রায় অর্ধেক।
কোম্পানির প্রকৌশল, জনসংযোগ, প্রডাক্ট অ্যান্ড কনটেন্ট কিউরেশন বিভাগের কর্মীদের ওপরই ধাক্কাটা যাবে সবচেয়ে বেশি।
বিবিসি লিখেছে, শুক্রবার টুইটারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগেই অনেক কর্মী তাদের চাকরি হারানোর খবর অনলাইনে পোস্টও করেছেন।
মাত্রই ছাঁটাই হওয়ার খবর পেয়েছেন জানিয়ে টুইটারের পাবলিক পলিসি বিভাগের কর্মকর্তা যশ আগারওয়াল এক টুইটে বলেছেন, এ কোম্পানিতে কাজ করার বিষয়টি ছিল তার জন্য গর্বের।
আগারওয়াল #LoveWhereYouWorked হ্যাশট্যাগটি ব্যবহার করেছেন। তার মত আরও অনেকেই ওই হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের চাকরি যাওয়ার খবর দিয়েছেন।
বাকিরাও অপেক্ষা করছেন ‘ইওর রোল অ্যাট টুইটার’ লেখা একটি ইমেইল পাওয়ার জন্য। সেখানেই তারা নিশ্চিত হবেন– চাকরি আছে, নাকি নেই। সে পর্যন্ত অফিস বন্ধ থাকবে। চাকরি আছে নিশ্চিত হওয়ার পরই কেবল অফিসে ঢুকতে পারবেন কর্মীরা।
টুইটার কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের ডেটা ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই অফিস বন্ধ রাখা হয়েছে।
যারা এখনও টুইটারে কর্মরত থাকছেন, তারা কোম্পানির ইমেইলে তা জানতে পারবেন। আর যাদের ছাঁটাই করা হবে, তাদেরকে ব্যক্তিগত ইমেইলে পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজনীতিবিদ এবং সংবাদকর্মীদের মত পেশাজীবী সেবাগ্রাহকদের মধ্যে বহুল ব্যবহৃত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটি ৪ হাজার ৪০০ কোটি ডলারে কেনার পর থেকেই নিজের মতো গুছিয়ে নিতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মাস্ক।
তার অধীনে টুইটার প্রথমেই যে পরিবর্তনগুলোর পরিকল্পনা করছে, তার মধ্যে আছে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিতকরণ ব্যবস্থা ও লগ-আউট পরবর্তী পেইজে পরিবর্তন।
কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে প্রথমেই প্রধান নির্বাহী পারাগ আগরাওয়াল, প্রধান অর্থ কর্মকর্তা নেড সিগাল এবং আইন ও নীতিমালাবিষয়ক শীর্ষ নির্বাহী বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন মাস্ক। পরে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে টুইটারে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন।
মাস্কই এখন এ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের একমাত্র পরিচালক; তিনিই প্রধান নির্বাহী।
