২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার খসড়া, চিত্রনাট্য ‘লেখার’ এআই টুল আনল ডিপমাইন্ড

নতুন এই টুলের নাম ‘ড্রামাট্রন’। এই ‘লেখা সহায়ক’ টুলের মাধ্যমে তৈরি করা যাবে বিভিন্ন চরিত্রের বর্ণনা, গল্পের পটভূমি, জায়গার বর্ণনা ও সংলাপ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 05:22 PM

Updated : 10 Dec 2022, 05:57 PM

মাথায় সিনেমার গল্প গিজগিজ করে কিন্তু স্থির হয়ে বসে আর লেখা হয় না - এমন সব ‘প্রতিশ্রুতিশীল’ লেখকের খরা বোধহয় ফুরোলো। নতুন এআই টুল বানিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন এআই কোম্পানি ডিপমাইন্ড, যেটিতে প্রয়োজনীয় ইনপুট দিলে বেরিয়ে আসবে সিনেমা বা নাটকের চিত্রনাট্য। 

নতুন এই টুলের নাম ‘ড্রামাট্রন’। এই ‘লেখা সহায়ক’ টুলের মাধ্যমে তৈরি করা যাবে বিভিন্ন চরিত্রের বর্ণনা, গল্পের পটভূমি, জায়গার বর্ণনা ও সংলাপ।

এই টুলের মূল ধারণা হলো, ড্রামাট্রনের বিভিন্ন উপকরণ সংগ্রহ, সম্পাদনা ও নতুন করে লেখার মাধ্যমে লেখকরা যেন ভালো একটি চিত্রনাট্য বানাতে পারেন। 

এটি অনেকটা চ্যাটজিপিটি’র মতো হলেও, এর আউটপুট এডিট করে লেখক নিজেই একটি ব্লকবাস্টার সিনেমার চিত্রনাট্য বানাতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

এটি চালু করতে, ব্যবহাকারীর একটি ‘ওপেনএআই এপিআই কি’ প্রয়োজন। আর ড্রামাট্রনের আউটপুটে ‘আপত্তিকর টেক্সট’-এর ঝুঁকি কমাতে প্রয়োজন পড়বে একটি ‘পারসপেক্টিভ এপিআই কি’র।

‘এপিআই’ শব্দের পূর্ণরূপ হলো ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস’। এই ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন বলতে বোঝায় কোনো সফটওয়্যারের বিশেষ ফাংশনকে। আর ইন্টারফেস বলতে বোঝায় দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্য আদানপ্রদানের বিষয়টি।

ড্রামাট্রন টুলটি পরীক্ষা করে দেখেছেন এনগ্যাজেটের প্রতিবেদক। নিজের এক পুরোনো সিনেমা ধারণার লগ লাইন টুলে প্রবেশ করিয়ে ইতিবাচক ফলাফলই পেয়েছেন তিনি। তার সিনেমার ধারণার সঙ্গে প্রাসঙ্গিক শিরোনামের পাশাপাশি বিভিন্ন চরিত্র, দৃশ্য ও প্রেক্ষাপটের বর্ণনাও প্রকাশ করেছে ড্রামাট্রন।

এআই’টির তৈরি সংলাপ যুক্তিসঙ্গত হলেও, এগুলো বেশ ‘মামুলি ও অরুচিকর’ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

“অন্যথায়, আমার মাথায় থাকা বর্ণনার প্রায় পুরোটাই প্রকাশ করেছে ড্রামাট্রন। এমনকি একটি দৃশ্য, যা আমি লগ লাইনেও উল্লেখ করিনি।” --লিখেছেন এনগ্যাজেটের প্রতিবেদক।

ড্রামাট্রনের প্রকাশ করা গবেষণা পত্রে সায় দিয়েছেন বিভিন্ন নাট্যকারও।

টুলটি পরীক্ষা করার জন্য ১৫ জন নাট্যকার ও চিত্রনাট্যকার নিয়ে এই টুল ব্যবহার করে যৌথভাবে একটি চিত্রনাট্য লিখিয়েছে ড্রামাট্রন।

নাট্যকাররা বলেছেন, তারা পুরো গল্প বানাতে এই টুল হয়তো ব্যবহার করবেন না। তাদের মতে, গল্পকে গৎবাঁধা সূত্রে ফেলে দেয় এই টুল।

যাই হোক, তারা বলছেন নতুন একটি জগৎ নির্মাণ, প্লটের উপাদান বা চরিত্র বদলানো বা কাহিনির সম্ভাব্য অন্যান্য বিকল্প খোঁজায় কাজে আসবে এই টুল। আর, গল্প নিয়ে নানা সৃজনশীল উপায়ে খেলার জন্যেও সুবিধাজনক হবে এটি।

এই টুলের সহায়তায় ‘ব্যপকভাবে এডিট করা ও নতুন করে লেখা’ চিত্রনাট্য ব্যবহার করে চারটি নাটকও মঞ্চস্থ করেছেন এক নাট্যকার।

ডিপমাইন্ড বলেছে, অভিনয় ও ব্যাখ্যার মাধ্যমে ড্রামাট্রনের বিভিন্ন চিত্রনাট্যকে ‘অর্থপূর্ণ করে তুলেছে’ এতে পারফর্ম করা বিভিন্ন অভিজ্ঞ অভিনয় শিল্পীর উপস্থিত দক্ষতা।

এআই টুল ব্যবহারের কারণে প্রশ্ন উঠেছে লেখক স্বত্ব ও চিত্রনাট্যে লেখকের স্বীকৃতির মতো বিষয় নিয়ে। কোনো পেটেন্টের উদ্ভাবক হিসেবে আইনত কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বীকৃতি না দেওয়ার পক্ষে গত বছর রায় দিয়েছে যুক্তরাজ্যের আদালত।

ডিপমাইন্ড বলছে, নিজস্ব ভাষাগত মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত টেক্সটের অংশ আউটপুট হিসেবে ড্রামাট্রনের দেখানোর সম্ভাবনা রয়েছে। ফলে কোনো চিত্রনাট্যের বেলায় লেখা চুরির অভিযোগও উঠতে পারে।

“এর একটি সমাধান হতে পারে চিত্রনাট্য তৈরি হওয়ার পর এর বিভিন্ন অংশ নিয়ে সার্চ করে দেখা সেটি কোনো চিত্রনাট্যের সঙ্গে মিলে যায় কি না। --বলেছে ডিপমাইন্ড।