চ্যাটজিপিটি চালিত ‘মাই এআই’ সেবা আনল স্ন্যাপচ্যাট
এটি ব্যবহারকারীকে বিভিন্ন রেস্তোরাঁ ও ‘স্ন্যাপ ম্যাপ’ অ্যাপের মধ্যে জনপ্রিয়তার ওপর ভিত্তি করে বিভিন্ন অগমেন্টেড রিয়ালিটি লেন্সও সাজেস্ট করতে পারে।
চ্যাটজিপিটি চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা এবার স্ন্যাপচ্যাট অ্যাপের সকল ব্যবহারকারীর জন্য চালু হতে যাচ্ছে।
কোম্পানির ‘পার্টনার সামিট’ আয়োজনে, ‘মাই এআই’ নামে পরিচিত এই চ্যাটবটের আপগ্রেড করা সংস্করণ বৈশ্বিকভাবে চালুর ঘোষণা দিয়েছেন স্ন্যাপ সিইও ইভান স্পিগেল। এর আগে কেবল ‘স্ন্যাপচ্যাট+’ গ্রাহকদের কাছে সীমিত ছিল এটি।
এই বিস্তৃতির পাশাপাশি বেশ কিছু নতুন স্ন্যাপচ্যাটভিত্তিক ফিচার যুক্ত হয়েছে চ্যাটবটটিতে। এটি ব্যবহারকারীকে বিভিন্ন রেস্তোরাঁ ও ‘স্ন্যাপ ম্যাপ’ অ্যাপের মধ্যে জনপ্রিয়তার ওপর ভিত্তি করে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এটি বিভিন্ন অগমেন্টেড রিয়ালিটি লেন্সও সাজেস্ট করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
আর বিভিন্ন গ্রুপ চ্যাটে এআই যোগ করার পাশাপাশি চ্যাটবটের কাস্টম নাম ও অ্যাভাটারও (বিটইমোজি’র সহায়তায়) নির্ধারণ করতে পারেন ব্যবহারকারী। পাশাপাশি, এই চ্যাটবট এখন ছবি ও ভিডিও’র স্ন্যাপের জবাবও দিতে পারে।
আপাতত এটি কেবল বিভিন্ন টেক্সট বার্তার প্রতিক্রিয়া জানাতে পারলেও স্ন্যাপ বলছে, শীঘ্রই এটি এটি নিজস্ব এআই’র তৈরি শিল্পের মাধ্যমে বিভিন্ন স্ন্যাপের প্রতিক্রিয়া জানাতে পারবে। তবে, ফিচারটি কেবল ‘স্ন্যাপচ্যাট+’-এ পাওয়া যাবে।
এখন পর্যন্ত চ্যাটবটটি সীমিত পরিসরে চালু হলেও কোম্পানি বলছে, এরইমধ্যে দৈনিক ২০ লাখ বার্তা আদান প্রদান করা ব্যবহারকারীদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে এটি। এদিকে, স্ন্যাপের ওপেনএআই’র তৈরি প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচনা থাকলেও মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসে, এই বট বিভিন্ন অনুপযুক্ত কথোপকথনে জড়িয়ে পড়ার পাশাপাশি নিজেকে কিশোর হিসাবে দাবি করে গবেষকদের ‘সন্দেহজনক’ পরামর্শ দিয়েছে।
এখন, স্ন্যাপ বলছে, মাই এআই ‘বাড়তি’ মডারেশন প্রযুক্তি ব্যবহার করছে। ফলে, ব্যবহারকারী এই সেবার অপব্যবহার করলে তিনি ফিচার থেকে সাময়িকভাবে নিষিদ্ধও হতে পারেন। কোম্পানি আরও বলছে, এআই প্রশিক্ষিত হয়েছে ব্যবহারকারীর বয়স বিবেচনার উদ্দেশ্যে, যাতে এটি বিভিন্ন অনিরাপদ জায়গায় প্রবেশ বন্ধে সহায়তা করে।
পাশাপাশি, মা বাবারা অবশেষে ‘ফ্যামিলি সেন্টার’ নামে পরিচিত প্যারেন্টাল কন্ট্রোলভিত্তিক ফিচারটি ব্যবহার করতে পারবেন, যেটির মাধ্যমে তাদের সন্তানরা নিজেদের নতুন এআই বন্ধুর সঙ্গে চ্যাটিংয়ের পেছনে কত সময় ব্যয় করছে তা জানা যাবে।
তবে, চ্যাটবটটির বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে অবগত আছে স্ন্যাপ। এর আগে একে ‘হ্যালুসিনেশন প্রবণ’ বলে আখ্যা দিয়েছে কোম্পানিটি। এমনকি স্পিগেল, যিনি পরামর্শ দিয়েছেন যে চ্যাটজিপিটি’র মতো এআই’র সঙ্গে কথোপকথন শীঘ্রই দৈনন্দিন কার্যকলাপ হয়ে উঠবে, তিনিও এর সমর্থনে কিছুটা সতর্ক ছিলেন।
“মাই এআই’ নিশ্চিতভাবেই অনেক ভুল করে থাকে। ফলে, পরামর্শের জন্য আপনি এর ওপর নির্ভর করতে পারেন না। তবে, এটি অবশ্যই বিনোদনমূলক।” --বলেন তিনি।
