১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অ্যাপলসহ বিদেশি ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞার আওতা বাড়ালো চীন

মোটা দাগে, আমেরিকান প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমাতে এবং দেশটির নিজস্ব ব্র্যান্ড হুয়াওয়ের জনপ্রিয়তা বাড়াতে সমন্বিত ও নাটকীয় উদ্যোগ গ্রহণ করেছে বেইজিং।

অ্যাপলসহ বিদেশি ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞার আওতা বাড়ালো চীন

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 07:44 PM

Updated : 17 Dec 2023, 07:47 PM

গোটা চীনজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা এবং সরকারপন্থী প্রতিষ্ঠানগুলো কর্মক্ষেত্রে আইফোনসহ অন্যান্য বিদেশি ফোন বহনে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে।

এই অভূতপূর্ব নিষেধাজ্ঞার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় দুই মোবাইল ফোনকে নিজেদের বাজারে সীমিত করে আনতে চীন এই পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে ব্লুমবার্গ।

গত দুই মাসে উচ্চ সম্ভবনাময় বাজার হিসাবে পরিচিত চীনের ‘উপকূলীয় অঞ্চল’সহ অন্তত আটটি প্রদেশের বিভিন্ন প্রাদেশিক প্রতিষ্ঠান এবং সরকারি বিভাগ তাদের কর্মীদের স্থানীয় ব্র্যান্ডের ফোন বহন করার নির্দেশনা দিয়েছে বলে অবগত সূত্রের বরাত দিয়ে বলেছে প্রতিবেদনটি। 

দেশটিতে গত সেপ্টেম্বরে বেইজিং এবং তিয়ানজিনের অল্পসংখ্যক সংস্থা তাদের কর্মীদের বিদেশি ফোন বাড়িতে রেখে আসার নির্দেশ দেয়, এবং নতুন করে দেওয়া নিষেধাজ্ঞাটি আগের সিদ্ধান্তের বর্ধিত রূপ, পরিচয় গোপন রেখে বলেছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাক্তিরা।

মোটা দাগে, আমেরিকান প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমাতে এবং দেশটির নিজস্ব ব্র্যান্ড হুয়াওয়ের জনপ্রিয়তা বাড়াতে সমন্বিত ও নাটকীয় উদ্যোগ গ্রহণ করেছে বেইজিং। স্পর্শকাতর বিভাগের কর্মীদের বিদেশি ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরও আগে থেকেই ছিল, সেই নিষেধাজ্ঞার আওতা বর্ধিত করে আরও অনেক বেশি সরকারি বিভাগ এমনকি প্রাদেশিক সংস্থাকেও অন্তর্ভুক্ত করেছে শি জিনপিং প্রশাসন।

মোট কতটি সংস্থা এমন উদ্যোগ নিয়েছে কিংবা তাদের নিষেধাজ্ঞার আকার কতটা কড়াকড়ি সেটি স্পষ্ট নয় বলেছে ব্লুমবার্গ। কোনো কোনো সংস্থা হয়ত কর্মীদের কর্মক্ষেত্রে আইফোন ব্যবহার করতে নিষেধ করেছে, যেখানে  অন্য কিছু সংস্থা হয়ত কর্মীদের জন্য এসব ডিভাইস পুরোপুরি নিষিদ্ধ করেছে – উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

গত সপ্তাহে রেকর্ড বৃদ্ধি পাওয়া অ্যাপলের শেয়ারের দর ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশের পর নিউ ইয়র্কের বাজারে এক শতাংশ হ্রাস পেয়েছে। দিন শেষের লেনদেনেও তা পতনের দিকেই ছিল।