০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ভুল তথ্য সরাতে মেটা, টিকটককে এক সপ্তাহের সময় দিল ইইউ

বিভিন্ন শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবৈধ ও ক্ষতিকারক কনটেন্ট না সরালে কোম্পানির বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

ভুল তথ্য সরাতে মেটা, টিকটককে এক সপ্তাহের সময় দিল ইইউ

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 02:33 PM

Updated : 20 Oct 2023, 02:33 PM

নিজস্ব প্ল্যাটফর্মে জঙ্গিবাদ, সহিংস ও ঘৃণামূলক কনটেন্ট ঠেকাতে মেটা ও টিকটক কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত জানাতে কোম্পানি দুটিকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে ইউরোপীয় কমিশন।

এক সপ্তাহ আগে সামাজিক মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ককে একই নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থাটি বলেছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে ইসরায়েলে হামাসের আক্রমণ নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন গবেষকরা। এর পরপরই তারা কোম্পানি দুটিকে বিষয়টি নিয়ে কাজ করার অনুরোধ জানিয়েছে।

রয়টার্স বলছে, কোম্পানিগুলোর জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে কমিশন।

সম্প্রতি চালু করা ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ নামে পরিচিত নতুন আইনের অধীনে বিভিন্ন শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবৈধ ও ক্ষতিকারক কনটেন্ট না সরালে কোম্পানির বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

“মেটাকে এই গুরুতর পরিস্থিতি নিয়ে ২৫ অক্টোবরের মধ্যে তথ্য দিতে হবে। আর নির্বাচনের ভুল তথ্য নিয়ে তাদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে ৮ নভেম্বরের মধ্যে।” --বলেছে কমিশন।

টিকটককেও একই নির্দেশনা দিয়েছে কমিশন। সেইসঙ্গে অনলাইনে শিশুদের জন্য নেওয়া সুরক্ষা ব্যবস্থা সম্পর্কেও জানাতে হবে ৮ নভেম্বরের মধ্যে।