১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গ্রক-এর পরবর্তী সংস্করণে থাকবে এজিআই, দাবি মাস্কের

অনেক শীর্ষস্থানীয় এআই কোম্পানি বর্তমানে এজিআই তৈরির লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে, যা নিয়ে আগে সতর্কবার্তাও দিয়েছিলেন মাস্ক।

গ্রক-এর পরবর্তী সংস্করণে থাকবে এজিআই, দাবি মাস্কের
মাস্কের এমন দাবিকে বড় বিষয় হিসেবে দেখছেন অনেকে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 06:50 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

এআই চ্যাটবট গ্রক-এর পরবর্তী সংস্করণে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

এজিআই হচ্ছে এআইয়ের আরও উন্নত এক সংস্করণ, যা মানুষের মতো সব ধরনের চিন্তা-ভাবনা, শেখা ও কাজ করতে পারবে, এমনকি কিছুক্ষেত্রে মানুষকেও ছাড়িয়ে যেতে পারে। 

মাস্কের এমন দাবিকে বড় বিষয় হিসেবে দেখছেন অনেকে। কারণ এখন পর্যন্ত কোনো এআইনির্ভর কোম্পানিই এজিআই তৈরি করার পর্যায়ে পৌঁছায়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

গ্রক চ্যাটবটটি তৈরি করেছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই। মাস্ক এটিকে ‘বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘প্রতিটি বিষয়ে পিএইচডি লেভেলের চেয়েও ভালো’ তার এই এআই।

মাস্কের এআই চ্যাটবটের সর্বশেষ সংস্করণ গ্রক ৪, যা চালু হয়েছে জুলাইয়ে। এ আপডেটের গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, এখন গ্রক নিজের উত্তর তৈরির জন্য মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এর বিভিন্ন পোস্টের ওপর নির্ভর করে।

সর্বশেষ এজিআই সংক্রান্ত বেঞ্চমার্ক পরীক্ষাগুলোতে নিজের প্রতিদ্বন্দ্বী অন্যান্য এআই সিস্টেমের তুলনায় ভালো ফল করেছে গ্রক ৪, যেখানে জটিল সমস্যা সমাধান ও নিজে থেকেই কোড বা প্রোগ্রাম লিখতে পেরেছে চ্যাটবটটি।

বুধবার এক এক্স পোস্টে মাস্ক বলেছেন, “আমি এখন মনে করি এক্সএআইয়ের চ্যাটবট গ্রক ৫ দিয়ে এজিআই অর্জনের সুযোগ আছে। এর আগে কখনও এমনটি ভাবিনি আমি।”

অনেক শীর্ষস্থানীয় এআই কোম্পানি বিশেষ করে মেটা এবং ওপেনএআই বর্তমানে এজিআই তৈরির লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে, যা নিয়ে আগে সতর্কবার্তাও দিয়েছিলেন মাস্ক। তবে এখন নিজেই এজিআই তৈরির কথা বলছেন, বিষয়টি তার কথার সঙ্গেই বিরোধপূর্ণ বলে প্রতিবেদনে ইন্ডিপেনডেন্ট।

গ্রক চালুর আট মাস আগে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এক খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে তিনি দাবি করেছিলেন, মানবজাতির জন্য সম্ভাব্য হুমকি’ হয়ে উঠতে পারে এমন শক্তিশালী বিভিন্ন এআই মডেল প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখা উচিত।

চিঠিতে উল্লেখ রয়েছে, “উন্নত এআই হতে পারে পৃথিবীর ইতিহাসে এক গভীর পরিবর্তনের সূচনা এবং একে যথাযথ সতর্কতা ও সম্পদের মাধ্যমে পরিকল্পনা করে এবং নিয়ন্ত্রণে রেখেই পরিচালনা করা উচিত।”

এ চিঠিতে স্বাক্ষর করেছিলেন ইলন মাস্ক, অ্যাপল-এর সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক ও মার্কিন সার্চ জায়ান্ট গুগলের এআই স্টাটআপ ডিপমাইন্ড-এর কিছু গবেষক।

খোলা চিঠিতে আরও উল্লেখ ছিল, “শক্তিশালী এআই সিস্টেম কেবল তখনই উন্নয়ন করা উচিত যখন আমরা নিশ্চিত হতে পারি যে এগুলোর প্রভাব হবে ইতিবাচক এবং এর সম্ভাব্য বিপদ বা ঝুঁকি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব।”