১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাটজিপিটির ‘বাজেট ফ্রেন্ডলি’ সংস্করণ এল বাংলাদেশে

ওপেনএআই বলেছে, কোম্পানির সর্বশেষ মডেল ‘জিপিটি-৫’কে আরও বেশি মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ায় এ উদ্যোগের মূল লক্ষ্য।

চ্যাটজিপিটির ‘বাজেট ফ্রেন্ডলি’ সংস্করণ এল বাংলাদেশে
বাজারে আসার পর থেকে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহার দ্রুত বেড়েছে, বিশেষ করে ২০২২ সালের শেষ দিকে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 02:14 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান চ্যাটটিপিটি গো বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু করল চ্যাটবটটির নির্মাতা ওপেনএআই।

বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা বলেছেন চ্যাটজিপিটির প্রধান নিক টার্লে। এর আগে অগাস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে টার্লে বলেছিলেন, “চ্যাটজিপিটিকে আরও সাশ্রয়ী করে তোলাই ব্যবহারকারীদের মূল চাওয়া।”

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিটি শুরুতে কেবল এশিয়ায় ভারত ও ইন্দোনেশিয়ায় চ্যাটজিপিটি গো চালু করেছিল বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

এখন ওপেনএআইয়ের সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান এশিয়ার মোট ১৮টি দেশে ব্যবহার করা যাবে। বাংলাদেশ ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে, ভূটান, ব্রুনাই দারুসসালাম, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পূর্ব তিমোর, আফগানিস্তান ও ভিয়েতনাম।

ওপেনএআই নিজেদের ওয়েবসাইটে বলেছে, কোম্পানির সর্বশেষ মডেল ‘জিপিটি-৫’কে আরও বেশি মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কোম্পানিটি বলেছে, ‘চ্যাটজিপিটি গো’-তে ফ্রি সংস্করণের সব ফিচারের সঙ্গে সঙ্গে ছবি তৈরি, ফাইল আপলোড, উন্নত তথ্য বিশ্লেষণ ও অন্যান্য ফিচারও পাবেন ব্যহারকারীরা। এ ছাড়া, মূল চ্যাটিং ও বিভিন্ন টুলের জন্য ব্যবহার সীমাও ফ্রি প্ল্যানের থেকে বেশি।

‘চ্যাটটিপিটি গো’ ভারতে মাসে ৩৯৯ রুপি ও ইন্দোনেশিয়ায় মাসে ৭৫ হাজার রুপিতে চালু করেছে ওপেনএআই, যা কোম্পানির অন্যান্য সাবস্ক্রিপশন প্ল্যানের দামের তুলনায় অনেক কম। এশিয়ার অন্যান্য বাজারে এ প্ল্যানের দাম ভিন্ন হতে পারে।

বর্তমানে ওপেনএআইয়ের আরও দুটি পেইড প্ল্যান রয়েছে। যার মধ্যে একটি ‘চ্যাটজিপিটি প্লাস’, দাম মাসে ২০ ডলার এবং অন্যটি ‘চ্যাটজিপিটি গো’, দাম মাসে ২০০ ডলার। এ ছাড়া মাসে ২৫ ডলারের এক ব্যবসায়িক বা বিজনেস প্ল্যানও রয়েছে কোম্পানিটির।

বাজারে আসার পর থেকে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহার দ্রুত বেড়েছে, বিশেষ করে ২০২২ সালের শেষ দিকে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে সবচেয়ে কম আয়ের দেশগুলোতে চ্যাটজিপিটির ব্যবহার বৃদ্ধির হার বিভিন্ন ধনী দেশের থেকে চার গুণের বেশি ছিল।