১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ওভারসাইট বোর্ডে আরও ১৫ কোটি ডলার দিচ্ছে মেটা

বোর্ডের উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর দেওয়া ফেইসবুকের নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখা।

ওভারসাইট বোর্ডে আরও ১৫ কোটি ডলার দিচ্ছে মেটা

ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 04:50 PM

Updated : 25 Jul 2022, 04:50 PM

নিজস্ব তদারকি বোর্ডের আর্থিক সমর্থনে তৈরি ট্রাস্টে বাড়তি ১৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। এই বিনিয়োগের পর বোর্ডের তহবিলে সংগ্রহ দ্বিগুণের চেয়ে বেশি হবে কারণ এর আগে বোর্ডটির প্রাথমিক তহবিল ছিল ১৩ কোটি ডলার।

২০১৮ সালে প্রথম তদারকি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিল সে সময়ে ফেইসবুক নামে পরিচিত কোম্পানিটি। এই বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০২০ সালে।

“ট্রাস্টের নীতিমালা অনুযায়ী” --বাক্যাংশটি ব্যবহার করে বিনিয়োগের ঘোষণায় তদারকি বোর্ড বলেছে, “কোম্পানির দেওয়া তহবিল অপরিবর্তনীয় ও কেবল ট্রাস্টের তহবিল সংগ্রহ, পরিচালনা এবং তদারকি বোর্ডের কার্যক্রম তদারকিতে ব্যবহার করা যাবে এটি।”

বোর্ড আরও বলছে, কার্যক্রম শুরুর পর থেকে মেটার কনটেন্ট মডারেশনের সিদ্ধান্তের বিপরীতে তারা ব্যবহারকারীদের কাছ থেকে ১০ লাখেরও বেশি আবেদন পেয়েছেন।

Image

ওভারসাইট বোর্ডের সদস্যরা

প্রযুক্তিবিষয়ক সাইট পিসিম্যাগ বলছে, কোম্পানিটির শত শত কোটি ব্যবহারকারী ওয়ালা একাধিক সামাজিক প্ল্যাটফর্মের তুলনায় আবেদনের সংখ্যা কিছুটা কমই দেখাচ্ছে।

তদারকি বোর্ড জানিয়েছে, এই সব আবেদনের বিপরীতে ২৫টি বাধ্যতামূলক মামলার সিদ্ধান্ত, ১১৮টি নীতি সুপারিশ এবং শত শত প্রকাশ্য অভিযোগের ব্যবস্থা নিয়েছে তারা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফেইসবুক নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখা।

পিসিম্যাগ বলছে, বোর্ড গঠনের ঘোষণার চার বছর এবং ব্যবহারকারীর আবেদন ব্যবস্থা চালু হওয়ার দুই বছরের মধ্যেই প্রাথমিক ১৩ কোটি ডলার বিনিয়োগের সহায়তায় নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে তদারকি বোর্ড।

১৫ কোটি ডলারের বাড়তি এই বিনিয়োগ চিহ্নিত করছে যে, অন্তত আরও কয়েক বছর নিজস্ব কার্যক্রম পরিচালনা করতে পারবে বোর্ডটি।