১৫ ম্যাচে ২ গোল- ইয়োকেরেশের কী হয়েছে?
আর্সেনালের শুরুর একাদশে এখন জায়গা পেতেই লড়তে হচ্ছে সুইডিশ স্ট্রাইকারকে।
আর্সেনালের জার্সিতে অভিষেক মৌসুমে ২১ গোল, প্রিমিয়ার লিগ জয়- মোটা দাগে ক্লাবটিতে ভিক্তর ইয়োকেরেশের শুরুটা বেশ বলাই যায়। কিন্তু এরপর? নতুন মৌসুম শুরু হতেই যেন নিজেকে হারিয়ে ফেলেন তিনি। শুরুর একাদশে জায়গা পেতেই লড়তে হচ্ছে সুইডিশ স্ট্রাইকারকে। তাই একটা প্রশ্নই ঘুরে-ফিরে আসছে, কী হলো তার, অমন আত্মবিশ্বাসী সূচনার পর কেন এমন ছন্দপতন।
স্পোর্তিং লিসবন থেকে প্রায় সাড়ে ছয় কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে গত জুলাইয়ে আর্সেনালে নাম লেখান ইয়োকেরেশ। দলের হয়ে দ্বিতীয় ম্যাচে, প্রিমিয়ার লিগে লিডস ইউনাউটেডের বিপক্ষে করেন জোড়া গোল। অবশ্য মৌসুমের বাকি পথচলায় তেমন ধারাবাহিক হতে পারেননি, তবুও যাত্রা শুরুর মৌসুমে লিগে ১৪টিসহ মোট ২১ গোল করেন তিনি।
সেই তিনিই এবার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। এবারের লিগে আর্সেনাল এখন পর্যন্ত খেলেছে ১১টি ম্যাচ, এর মধ্যে কেবল একটিতে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন তিনি। লিগে মোট আটটি ম্যাচ খেললেও এখনও গোল করতে পারেননি।
চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য দলের চার ম্যাচের তিনটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি, লিগ কাপে শুরুর একাদশে সুযোগ পান দুটি ম্যাচে- কিন্তু গোল করতে পেরেছেন মোটে দুটি, ১৫ ম্যাচে।
মিকেল আর্তেতার পরিকল্পনায় ইয়োকেরেশ কতটা কার্যকর বা উপযুক্ত, সেটাও নিয়েও একটা প্রশ্ন রয়ে গেছে। প্রথম মৌসুমে তিনি ২০ গোলের বেশি করার পরও, দলে তার জায়গা পাওয়ার অধারাবাহিকতা থেকেই মূলত এই প্রশ্ন ওঠে।
এই ফরোয়ার্ড লন্ডনের ক্লাবটিতে পাড়ি জমানোর পর, শুরুতে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নাম্বার নাইন পজিশনের জন্য তার ও কাই হাভার্টজের মধ্যে তৈরি হওয়া লড়াই। তবে চোটের ছোবলে মৌসুমে লম্বা সময় হাভার্টজ বাইরে থাকায়, ধারণার আগেই ইয়োকেরেশকে মূল ফরোয়ার্ড হিসেবে খেলানো শুরু করে দেন আর্তেতা।
ইয়োকেরেশ কার্যত ফিনিশার হলেও, আর্তেতার কৌশলে হাভার্টজই বেশি মানানসবই, বিশেষ করে করে তার মাঠজুড়ে খেলার সামর্থ্যের জন্য। এছাড়া বড় ম্যাচে এই জার্মানই কোচের বড় ভরসার জায়গা।
মূলত গোল করার দক্ষতার জন্যই ইয়োকেরেশকে দলে টানে আর্সেনাল। একই সঙ্গে গতিময় আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে সতীর্থদের জন্য জায়গা তৈরি করার সামর্থ্যও তার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা আর্সেনালের নজর কেড়েছিল।
তবে পোস্টকে পেছনে রেখে খেলা এবং সতীর্থদের সঙ্গে সংযোগ স্থাপন তার খেলার শক্তির দিক নয় এবং বল পায়ে রাখা অথবা প্রতিপক্ষের সেন্টার-ব্যাকের সঙ্গে বল দখলের লড়াইয়ে জিততে না পারাটাও সমর্থকদের হতাশ করছে।
আর্তেতা অবশ্য সম্প্রতি বলেন, বল পায়ে রেখে খেলার ওপর কাজ করছেন ইয়োকেরেশ এবং চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে জয়ের ম্যাচে তার কিছুটা আভাসও মিলেছে, সেদিন দলের প্রথম গোলে অ্যাসিস্ট করার পর জয়সূচক গোলটিও করেন তিনি। ওই ২-১ গোলে জয়ের ম্যাচটি চলতি মৌসুমে তার সেরা পারফরম্যান্স বলা যায়।
চলতি মৌসুমে ইয়োকেরেশ যথেষ্ট খেলার সময় পাচ্ছেন না বা শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না, এর মূল কারণ হলো হাভার্টজ এখন ফিট আছেন, আর এমন পরিস্থিতিতে হাভার্টজ কোচের প্রথম পছন্দ।
গত মৌসুমে হাভার্টজ হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায়, তখন আর্তেতার জন্য ইয়োকেরেশ ছিলেন একমাত্র বিকল্প। হাভার্টজ সুস্থ থাকলে কোচ যে আগামী দিনগুলোতেও তাকেই খেলাবেন, সেটা একরকম ধরেই নেওয়া যায়।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ছয়টি ম্যাচে শুরুর একাদশে খেলতে পেরেছেন ২৮ বছর বয়সি ফরোয়ার্ড। তবে এটাকে অস্বাভাবিক কিছু হিসেবে দেখছেন না আর্তেতা। বললেন, তার দলের সব খেলোয়াড়ের জন্যই বিষয়টা একইরকম।
“আমরা দলে অনেক ওলট-পালট করে খেলিয়েছি এবং সব খেলোয়াড়কে ম্যাচ-টাইম দিতে এবং তাদের নিজেদের মেলে ধরার সুযোগ দিতে বিভিন্ন প্রতিযোগিতাকে ব্যবহার করেছি আমরা, কারণ আমার চোখে তারা সবাই শুরুর একাদশে খেলার যোগ্য।”
“ভিক্তরের বিষয়টিও দলের আরও অনেক খেলোয়াড়ের মতোই, যেখানে তারা কেউ প্রিমিয়ার লিগে বেশি খেলছে বা চ্যাম্পিয়ন্স লিগে, যেটা আসলে খারাপ নয়।”
তাই অভিষেক মৌসুমের মতো নিজেকে আবার নিয়মিত করে তুলতে ইয়োকেরেশকে যত দ্রুত সম্ভব নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করতে হবে, নিজেকে অপরিহার্য প্রমাণ করতে হবে, তাহলেই হয়তো একইসঙ্গে বেশি সময় খেলার সুযোগ পাবেন তিনি। সেই সঙ্গে বেশি বেশি গোলের চাওয়াও পূরণ হবে।
