১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাবারের রেসিপি দেবে স্যামসাংয়ের এআই চালিত স্মার্ট ফ্রিজ

স্মার্ট ফ্রিজ নিয়ে স্যামসাং ২০১৬ সালে যাত্রা শুরু করলেও এর নতুন কোনো মডেলে এআই ফিচার যোগ করার প্রথম ঘটনা এটি।

খাবারের রেসিপি দেবে স্যামসাংয়ের এআই চালিত স্মার্ট ফ্রিজ

ছবি: স্যামসাং

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 03:04 PM

Updated : 29 Dec 2023, 05:32 PM

নতুন বছরের জন্য নতুন এক ধরনের এআইভিত্তিক স্মার্ট ফ্রিজ বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।

আসন্ন ফ্রিজটিতে থাকবে বেশ কয়েকটি চমকপ্রদ এআই ফিচার। আর এর মধ্যে থাকা অভ্যন্তরীণ ক্যামেরার মাধ্যমে বিভিন্ন খাবারের আইটেম শনাক্ত করা যাবে। এ ছাড়া, ফ্রিজের সঙ্গে একটি অ্যাপও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী নিজের স্টকে থাকা খাবারের ভিত্তিতে বিভিন্ন রেসিপির পরামর্শ পাবেন।

কোম্পানির পরিকল্পনা, আগামী বছরের ‘সিইসি’ আয়োজনে ‘বিস্পোক ৪-ডোর ফ্লেক্স রেফিজারেটর উইথ এআই ফ্যামিলি হাব+’ ফ্রিজটি উন্মোচন করা। আর ব্যবহারকারী নিজের গ্যালাক্সি ফোনের ডিসপ্লেও দেখার সুবিধা পাবেন ফ্রিজের ৩২ ইঞ্চির ‘ফ্যামিলি হাব’ টাচ স্ক্রিনে। এ ছাড়া, টিকটক ও ইউটিউব ভিডিও দেখার জন্য আলাদা অ্যাপও থাকবে এতে।

ফ্রিজের ২০২৩ সালের সংস্করণে অভ্যন্তরীণ ক্যামেরা বা ‘ফ্যামিলি হাব’ অ্যাপ না থাকলেও এতে একটি এআই চালিত ক্যামেরা আছে, যা বিভিন্ন খাবারের রেসিপি তৈরি করতে পারে। তবে, নতুন সংস্করণে ফিচারগুলো আপগ্রেড করার কথা উঠে এসেছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।

ব্যবহারকারীর দৈনন্দিন খাবারের রুটিনের ওপর ভিত্তি করেও রেসিপি তৈরি করা সম্ভব এতে। এর জন্য ব্যবহারকারীকে ‘স্যামসাং ফুড’ অ্যাপের (ফ্যামিলি হাব থেকে সরাসরি প্রবেশ করা যায়) সঙ্গে নিজের ‘স্যামসাং হেলথ’ প্রোফাইল সংযোগ করতে হবে।

এ ছাড়া, তুলনামূলক উন্নত ‘ভিশন এআই’ ব্যবস্থায় চালিত ‘ইমেজ টু রেসিপি’ নামের ফিচারও আছে এতে, যার মাধ্যমে বিভিন্ন ছবি থেকে খাবারের রেসিপি বানানোর সুবিধা মিলবে। পাশাপাশি, ‘পার্সনালাইজ’ নামের ফিচারে মিলবে ময়দামুক্ত, মাছ সংশ্লিষ্ট, দুগ্ধবিহীন, নিরামিষ, ফিউশন ও অন্যান্য পছন্দের খাবারের রেসিপি।

তবে, ফ্রিজটিতে কিছু সীমাবদ্ধতাও আছে। স্যামসাং বলছে, এর ভিশন এআই ফিচারটি সর্বমোট ৩৩টি খাবারের আইটেম শনাক্ত করতে পারে। তাই এটি সব ধরনের খাবার শনাক্ত করতে পারবে, ব্যবহারকারীদের এমন ধারণা না রাখার পরামর্শ দিয়েছে ভার্জ।

এ ছাড়া, ফ্যামিলি হাব টাচস্ক্রিনে খাবারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখও ম্যানুয়াল উপায়ে যোগ করার সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে, কোনো খাবারের আইটেমের মেয়াদ শেষ হওয়ার আগেই নোটিফিকেশন পাঠাবে ফিচারটি।

স্মার্ট ফ্রিজ নিয়ে স্যামসাং ২০১৬ সালে যাত্রা শুরু করলেও এর নতুন কোনো মডেলে এআই ফিচার যোগ করার প্রথম ঘটনা এটি।

কোম্পানির প্রথম স্মার্ট ফ্রিজের দিকে ফিরে তাকালে ইঙ্গিত মেলে, স্মার্ট হোম ও এআই প্রযুক্তি উভয়ই কতোটা পথ এগিয়েছে। ২০১৬ সালে প্রকাশিত ফ্রিজটি নিয়ে ভার্জের করা পর্যালোচনায় উঠে আসে, ফ্রিজের ফ্যামিলি হাব অ্যাপগুলো লোড হতে অনেক বেশি সময় নিত। আর এর টাচস্ক্রিনও তেমন সুবিধাজনক ছিল না। তবে, ব্যবহারকারী যেন ফ্রিজ না খুলেই এর ভেতর কী কী খাবার আছে তা দেখতে পান, সেজন্য ওই ফ্রিজেও ক্যামেরা যোগ করেছিল স্যামসাং।

স্যামসাংয়ের ২০২৪ সংস্করণের স্মার্ট ফ্রিজের বাণিজ্যিক প্রচারণা থেকে ইঙ্গিত মিলেছে, ফ্রিজটিকে নিজস্ব ইকোসিস্টেমের এআইভিত্তিক রান্নাবিষয়ক পণ্যের মূলকেন্দ্র হিসেবে দেখে কোম্পানিটি।

এ ছাড়া, কোম্পানির ‘এনিপ্লেস ইন্ডাকশন কুকটপ’ চুলার আসন্ন মডেলে ‘স্লাইড-ইন’ সুবিধাও যোগ করেছে স্যামসাং। ফলে, রান্নাঘরে থাকা ক্যাবিনেটে সহজেই বসানো যাবে বৈদ্যুতিক চুলাটি। আর কুকটপের সাধারণ ও স্লাইড-ইন উভয় সংস্করণেই থাকবে সাত ইঞ্চির এলসিডি স্ক্রিন, যেটির মাধ্যমে দেখা যাবে স্যামসাং ফুড অ্যাপের বিভিন্ন রেসিপি।

ফ্রিজটির বাজারে আনার তারিখ ও দাম সম্পর্কে জানতে স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ভার্জ। তবে, এখনও কোনো আপডেট দেয়নি কোম্পানিটি।