Published : 16 Aug 2025, 02:21 PM
একাধিক নতুন পণ্য তৈরিতে কাজ করছে অ্যাপল, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে পরিচালিত রোবটও রয়েছে বলে উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে।
বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপলের এ নতুন পণ্য তৈরির পরিকল্পনায় আরও কিছু ডিভাইস রয়েছে। যেমন– হোম সিকিউরিটি ক্যামেরা ও কোম্পানিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির মাধ্যমে চলবে এমন স্মার্ট স্পিকার। সম্ভাব্য এসব পণ্য উন্মোচনের জন্য ২০২৭ সালকে বেছে নিয়েছে মার্কিন এ প্রযুক্তি কোম্পানিটি।
নতুন এ রোবটের কোডনেইম হচ্ছে ‘জে৫৯৫’, যেটি দেখতে অনেকটা আইপ্যাড মিনির মতো হবে। ছোট এক যান্ত্রিক পায়ার ওপর বসানো থাকবে এটি এবং ব্যবহারকারী বাড়ির ভেতরে যেদিকে যাবেন সেদিকেই রোবটটি তাকে অনুসরণ করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা ডেস্ক বা রান্নাঘরের কাউন্টারে রেখে কাজ করা ও ঘরের কাজের সময় ব্যবহারকারীকে সহায়তাও করতে পারে এটি।
অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা দূর থেকে এ ডেস্কটপ রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি এতে থাকা ‘উন্নত সিরি’ বর্তমান স্মার্ট অ্যাসিস্ট্যান্টটির চেয়েও উন্নত সুবিধা দেবে।
সিরির এ নতুন সংস্করণে সম্ভবত এমন এক মুখ থাকবে, যাতে রোবটটিকে মানুষের মতো দেখতে মনে হয়। ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, রোবটের মুখ হিসেবে ডিভাইসের প্রোটোটাইপে অ্যাপলের ফাইন্ডার লোগোর অ্যানিমেটেড এক সংস্করণ ব্যবহার করা হয়েছে।
অ্যাপলের কুপারটিনো সদর দপ্তরে আরও কিছু রোবট বিকাশের কাজ চলছে, যার মধ্যে রয়েছে চাকার ওপর চলতে পারে এমন এক মোবাইল রোবট ও উৎপাদন কাজে ব্যবহারের জন্য যান্ত্রিক বাহু।
এআইচালিত রোবটের দিকে অ্যাপলের এমন পদক্ষেপ কোম্পানিটির এআইনির্ভর প্রযুক্তির পরিসর আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই নিজেও এক ধরনের গোপন এআই ডিভাইস বানাচ্ছে, যেখানে কাজ করছেন অ্যাপলের সাবেক ডিজাইন গুরু জনি আইভ। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে স্মার্টফোনের জায়গা নিতে পারে এসব ডিভাইস।
এ আসন্ন গ্যাজেটটিকে নিয়ে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, “বিশ্বের সেরা প্রযুক্তি হবে এটি।” তবে গ্যাজেটটি কী হবে বা কী ধরনের হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কমই জানা গিয়েছে।
গুঞ্জন রয়েছে, অ্যাপলের নতুন পণ্যটি হয়ত স্মার্টওয়াচ, স্মার্ট চশমা বা জামাকাপড় গোছানোর ক্লিপ হতে পারে। তবে সম্প্রতি লিক হওয়া কোম্পানির অভ্যন্তরীণ এক মেমো থেকে ইঙ্গিত মিলেছে, ব্যবহারকারী পরতে পারবেন তেমন কিছু নয় এটি।
মেমোতে উল্লেখ রয়েছে, “পণ্যটি ব্যবহারকারীর আশপাশ ও জীবনের ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন থাকবে, যা একেবারেই অসুবিধাজনক নয় ও ব্যবহারকারীর পকেট বা ডেস্কে রাখা যাবে।”
তবে, এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল।
কোম্পানিটির এ মাসের এক সভায় নতুন কিছু ডিভাইস তৈরি হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক।
কর্মীদের উদ্দেশ্যে কুক বলেছেন, “নতুন পণ্য তৈরির পরিকল্পনা চলছে। এ নিয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। তবে, এগুলো দারুণ সব পণ্য হতে চলেছে বন্ধুরা।
“এর কিছু অংশ আপনারা শিগগিরই দেখতে পাবেন, কিছু পরে আসবে। তবে দেখার মতো অনেক কিছুই রয়েছে।”