২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

টিম কুকের চোখে অস্ট্রেলিয়ার সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ ‘বিশ্বসেরা’

এ মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তাদের ফিডে দেখানো কনটেন্ট পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ দিতে এক পরিকল্পনা চালু করেছে অস্ট্রেলিয়া।

টিম কুকের চোখে অস্ট্রেলিয়ার সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ ‘বিশ্বসেরা’

ক্যালিফোর্নিয়ায় অ্যাপল সদর দপ্তরে টিম কুকের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: অস্ট্রেলীয় সরকারের ফেইসবুক পেইজ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 04:08 PM

Updated : 21 Sep 2026, 04:08 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার বিভিন্ন অগ্রণী পদক্ষেপকে ‘বিশ্বের সেরা’ হিসেবে প্রশংসা করেছেন অ্যাপলের নির্বাহী চেয়ারপারসন ও সাবেক প্রধান টিম কুক।

রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কোম্পানিটির সদর দপ্তরে এক বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে অস্ট্রেলিয়ায় সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে আলবানিজ বলেছেন, “টিম কুক আজ সকালে আমাদের যথেষ্ট সময় দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে আমরা যে কাজ করেছি তাকে তিনি বিশ্বের সেরা হিসেবে বিবেচনা করেন।”

এ মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তাদের ফিডে দেখানো কনটেন্ট নিজ পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ দিতে একটি পরিকল্পনা চালু করেছে অস্ট্রেলিয়া, যা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

এর আগে, গেল বছরের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকারী বিশ্বের প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে অস্ট্রেলিয়া।

এ বছর অন্যান্য দেশের সরকারও এ পথ অনুসরণ করেছে। যার মধ্যে সর্বশেষ উদ্যোগ হিসেবে ১৩ বছরের কম বয়সিদের জন্য নিষেধাজ্ঞা প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন।

প্রধানমন্ত্রী আলবানিজের এ মন্তব্যের বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ টিম কুকের একটি পোস্ট শেয়ার করেছেন।

ওই পোস্টে টিম কুক উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে ‘আমাদের কিছু নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত, যার মধ্যে শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে সহায়ক শক্তিশালী ও সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে’।

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের পর ১ সেপ্টেস্বর পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম কুক।

সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিরাপত্তার বিতর্ক এখন তুঙ্গে ও প্রযুক্তি জায়ান্টরা এর দ্রুত বিকাশ নিয়ে দ্বিধাবিভক্ত ঠিক এ সময়ই যুক্তরাষ্ট্র সফর করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

এআই প্রযুক্তির সম্ভাব্য বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, “এআই যেভাবে দ্রুত এগিয়ে চলেছে, তার রোলআউট বা বাস্তবায়নের ক্ষেত্রে বৈশ্বিক কোনো কাঠামো থাকা প্রয়োজন কিনা, তা নিয়ে আলোচনার সময় এসেছে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন নিয়ন্ত্রণ সবসময় মানুষের হাতে থাকে।

এআই নিয়ে অতিরিক্ত উদ্বেগ ও এর জন্য বাড়তি কোনো নিয়ন্ত্রণেরও প্রয়োজন নেই– যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন অবস্থানের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে অস্ট্রেলিয়ার এই সরকারপ্রধানের দৃষ্টিভঙ্গি।