স্পেসএক্স রকেটে আসন ভাগাভাগি করবে যুক্তরাষ্ট্র-রাশিয়া
স্পেসএক্স রকেটের আসন ভাগাভাগি করতে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের সঙ্গে চুক্তি করেছে নাসা। ইউক্রেইন যুদ্ধের প্রতিক্রিয়ায় পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞা-অবরোধের জেরে দুই মহাকাশ গবেষণা সংস্থার সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এই সংবাদ এলো।
সিএনএন জানিয়েছে, বেশ কয়েকবারের আলোচনার পর শুক্রবারেই স্পেসএক্স ফ্লাইটে আসন ভাগাভাগির করার সমঝোতায় পৌঁছেছে দুই মহাকাশ গবেষণা সংস্থা।
সমঝোতার ফলে রাশিয়ার সয়ুজ স্পেসক্রাফটের দুটি মিশনে একটি করে আসন এখন সংরক্ষিত রাখা হয়েছে নাসার দুই নভোচারীর জন্য। এর বদলে, রসকসমসের দুই নভোচারীর জন্য আসন বরাদ্দ রাখা হয়েছে স্পেসএক্স রকেটে। দুটি আলাদা মিশনে তাদের মহাকাশে নিয়ে যাবে স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’ রকেট।
ক্রু ড্রাগনের সাত নভোচারীকে বহনের সক্ষমতা থাকলেও এর চারটি আসন বরাদ্ধ থাকে নাসার জন্য। অন্যদিকে সর্বোচ্চ তিনজন নভোচারীকে বহন করতে পারে রসকসমসের সয়ুজ রকেট।
রাশিয়ান নভোচারীদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ পৌঁছে দেবে স্পেসএক্স। সিএনএন জানিয়েছে, এর মাধ্যমে প্রথমবারের মতো স্পেসএক্সের ক্রু ড্রাগন স্পেসক্র্যাফটে চড়ার সুযোগ হবে রাশিয়ার নভোচারীদের।
সেপ্টেম্বর মাসের একটি সয়ুজ মিশনে যোগ দেবেন নাসার নভোচারী ফ্র্যাংক রুবিও, আর লোরাল ও’হারা থাকবেন পরের সয়ুজ মিশনে। রসকসমস নভোচারী আন্না কিকিনা-ও স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাবেন সেপ্টেম্বর মাসেই। আর আন্দ্রেই ফেদিয়ায়েভকে নিয়ে ক্রু ড্রাগন আইএসএসের উদ্দেশ্যে যাত্রা করবে ২০২৩ সালের বসন্তে।
নতুন সমঝোতার বিষয়টি শুক্রবারেই নিশ্চিত করেছে নাসা ও রসকসমস।
সিএনএন জানিয়েছে, আসন ‘ভাগাভাগির’ এই সমঝোতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো আর্থিক লেনদেন হচ্ছে না। ইউক্রেইন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের প্রভাব দুই সংস্থার ওপর পড়লেও দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছিল বিষয়টি নিয়ে।
মহাকাশে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর ভূপৃষ্ঠের রেষারেষির প্রভাব পড়ছে না বলে প্রথম থেকেই দাবি করে আসছে নাসা। তবে, রাশিয়ায় রাজনৈতিক প্রচারণার বিষয় হয়ে দাঁড়িয়েছে আইএসএস। স্পেসস্টেশনটি যৌথভাবে পরিচালনা করে নাসা, রাশিয়াসহ কয়েকটি দেশের মহাকাশ গবেষণা সংস্থা।
লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, ইউক্রেইন যুদ্ধের উত্তেজনায় একাধিকবার আইএসএসে রাশিয়ার সমর্থন ও সহযোগিতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন। শুক্রবারেই রসকসমস প্রধানের পদ ছেড়েছেন তিনি।
শুক্রবারে এক বিবৃতিতে নাসা বলেছে, রাশিয়ার সঙ্গে এই আসন ভাগাভাগির সমঝোতা আইএসএসে ‘নিরাপদে অপারেশন পরিচালনা অব্যাহত রাখতে’ গুরুত্বপূর্ণ ছিল। কোনো কারণে ক্রু ড্রাগন অথবা সয়ুজের যাত্রা বাতিল হলেও নতুন সমঝোতার ফলে আইএসএসে অন্তত একজন রাশিয়ান নভোচারী এবং একজন মার্কিন নভোচারীর উপস্থিতি নিশ্চিত থাকবে।
“স্টেশনের নকশা করা হয়েছে আন্তঃনির্ভরশীলতা মাথায় রেখে এবং কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিটি মহাকাশ গবেষণা সংস্থার অংশগ্রহণের ওপর নির্ভর করে এটি। অন্যদের অবদান ছাড়া স্বাধীনভাবে কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা কোনো একক সংস্থার নেই।”-- শুক্রবারের বিবৃতিতে বলেছে নাসা।
আইএসএসের দুই দশকের ইতিহাসে এমন আসন ভাগাভাগির চুক্তি বিরল কিছু নয়। ২০১১ সালে নাসা নিজস্ব ‘স্পেস শাটল’ প্রকল্প বন্ধ করে দেওয়ার পর আইএসএসে পৌঁছাতে পুরোপুরি সয়ুজ রকেটের ওপর নির্ভরশীল ছিলেন নাসার নভোচারীরা।
সয়ুজ রটের ওপর মার্কিন নভোচারীদের সেই নির্ভরশীলতা কেটেছে ২০২০ সালে, দৃশ্যপটে স্পেসএক্সের ক্রু ড্রাগন রকেটের আবির্ভাবের পর।
