ইউক্রেইন: ৩ দিনেই ৫ কোটি ডলার সংগ্রহ এপিকের
ফোর্টনাইটের নতুন সিজনের প্রথম দুই সপ্তাহের আয়ের পুরোটাই ইউক্রেইনের ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছিল এপিক গেইমস। সে ঘোষণার তিন দিনের মধ্যেই ৫ কোটি ডলারের ত্রাণ তহবিল সংগ্রহ করেছে ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি।
গেইমের আয় থেকে যে অর্থ ইউক্রেইনে যাচ্ছে তার আকার অনেক দেশের পুরো অনুদানের চেয়েও বড় বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।
ফোর্টনাইটের নতুন সিজন শুরু হয়েছে ২১ মার্চ। ওই দিনই ইউক্রেইনকে আর্থিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করে এপিক। ৩ এপ্রিল পর্যন্ত দুই সপ্তাহে সাবস্ক্রিপশন প্যাকেজ, উপহার হিসেবে দেওয়া ‘ব্যাটল পাস’ এবং কিছু কসমেটিক প্যাকসহ গাঁটের পয়সা খরচ করে গেইমাররা যাই কিনুন না কেন, সে আয়ের পুরোটাই ইউক্রেইনে পাঠানোর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
শুধু এপিক গেইমস নয়, ইউক্রেইনে মানবিক সহযোগিতা দিতে তৎপর হয়েছে গেইমিং খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নিজস্ব প্ল্যাটফর্মে ফোর্টনাইটে গেইমাররা কোনো কিছু কিনলে তার একটা অংশ ফি হিসেবে কেটে রাখতো মাইক্রোসফটের মালিকানাধীন এক্সবক্স। সেই ফি থেকে পাওয়া আয়ও ইউক্রেইনের ত্রাণ তহবিলে দিচ্ছে এক্সবক্স।
মাসের শুরুতে ‘বান্ডল ফর ইউক্রেইন’ নামের গেইম প্যাকেজ বিক্রি করে ৬০ লাখ ডলার তহবিল তুলেছিল গেইম বিপণনের সাইট ইচ ডটআইও।
এক বিবৃতিতে ত্রাণ তহবিল “যতো দ্রুত সম্ভব” ইউক্রেইনে পাঠানোর কথা বলেছে এপিক।
“অন্যান্য প্ল্যাটফর্ম আর পেমেন্ট পার্টনারের কাছ থেকে টাকা আসার অপেক্ষা করছি না আমরা। লেনদেন প্রক্রিয়া কীভাবে হচ্ছে, তার ভিত্তিতে বাড়তি সময় লাগতে পারে। লেনদেন হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেটা লগে লিখে ফেলছি এবং কয়েক দিনের মধ্যেই ত্রাণ সংস্থাগুলোর কাছে অর্থ তহবিল পাঠিয়ে দিচ্ছি।”
বিবিসি জানিয়েছে, ইউনিসেফ, ডিরেক্ট রিলিফ, জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচিতে অর্থ পাঠাচ্ছে এপিক।
এপিকের মতো ইউক্রেইনের জন্য ত্রাণ সংগ্রহ করতে মাঠে নেমেছিল ‘হাম্বল বান্ডল’। অনলাইনে ভিডিও গেইমের সংগ্রহ বিক্রি করে এই প্ল্যাটফর্মটি। সেই বিক্রি থেকে আসা লাভ ডেভেলপারদের পাশাপাশি যায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের কাছে।
ইউক্রেইনের জন্য আর্থিক সংযোগিতা জোগাড় করতে ১২০টি গেইমের প্যাকেজ ৩১ পাউন্ড দামে বিক্রি করছে প্ল্যাটফর্মটি। অন্যান্য সময়ে ওই একই প্যাকেজের দাম হতো এক হাজার ৮০০ পাউন্ড। ইতোমধ্যেই এক কোটি ৩২ লাখ ডলারের ত্রাণ তহবিল সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
