০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘ডিজিটাল পুশ’ আনতে ‘ভার্চুয়াল’ জমি কিনছে এইচএসবিসি

‘ভার্চুয়াল’ জগতে জমি কেনার বিষয়টি একসময় ছিল কল্পনাতীত। তবে সেই দিন বদলে গিয়েছে। এখন আন্তর্জাতিক ব্যাংকের মতো রক্ষণশীল প্রতিষ্ঠানও এগোচ্ছে এ পথে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 07:07 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

ব্রিটিশ ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি ‘দ্য স্যান্ডবক্স’ নামের অনলাইন গেইমিং স্পেস-এ ‘ভার্চুয়াল আবাসন’ প্রকল্পে জমি কিনছে। মেটাভার্সে সর্বপ্রথম এই পদক্ষেপে খরচের হিসাব অপ্রকাশিত রেখেছে ব্যাংকটি। যখন যুক্তরাজ্যে কার্যক্রম ক্রমশ কমিয়ে আনছে ব্যাংকটি, তখনই এই ক্রয়ের ঘটনা ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

‘ডিজিটাল পুশ’-এর কারণে এইচএসবিসি ‘স্যান্ডবক্স’-এর টার্ফের সাহায্যে স্পোর্টস, ই-স্পোর্টস এবং গেইমিং ভক্তদের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে, যেটি হংকং ভিত্তিক ‘অ্যানিমকা ব্র্যান্ডস’-এর একটি ‘ভার্চুয়াল’ জায়গা।

এই বিনিয়োগের ফলে বাস্তব জগতের লেনদেনে প্রভাবশালী যুক্তরাজ্য-ভিত্তিক এই ঋণদাতা প্রতিষ্ঠানটি এবার ‘ভার্চুয়াল’ জগতে পা রাখতে যাচ্ছে। এ ছাড়া গ্রাহকরা ক্রমাগত অনলাইন সেবায় চলে যাওয়ায় প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে ৬৯টি শাখা বন্ধ করার ঘোষণা দিয়েছে মঙ্গলবার।

মার্কিন ব্যাংকিং প্রতিষ্ঠান ‘জেপিমরগান’-এর ‘ডিসেনট্রাল্যান্ড’ নামের আরেকটি ব্লকচেইন-ভিত্তিক ‘ভার্চুয়াল’ জগতে বিনিয়োগের পর মেটাভার্সে বিনিয়োগ করা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক এইচএসবিসি।

মার্কিন ব্যাংকটি এক ‘ভার্চুয়াল শপিং মলে’ একটি লাউঞ্জ খুলেছে, যেখানে প্রতিষ্ঠানটির প্রধান জেমি ডাইমন’র একটি ডিজিটাল প্রতিকৃতি রয়েছে।

‘ভার্চুয়াল’ পণ্যের পেছনে বছরে প্রায় পাঁচ হাজার ৪০০ কোটি ডলার খরচ হয় বলে নিজস্ব প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন ব্যাংকটি, যেটি বছরে সঙ্গীতের পেছনে বৈশ্বিক খরচের দ্বিগুণ। ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা ‘এনএফটি’র সাহায্যে ‘ভার্চুয়াল’ জমির মতো ডিজিটাল সম্পদ কেনা সম্ভব।

‘দ্য স্যান্ডবক্স’-এর মতো যে কোনো মেটাভার্সের ভার্চুয়াল জগতে ব্যবহারকারী জমি কিনতে, ‘অ্যাভাটার’ হিসেবে হাঁটতে, গেইম খেলতে এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।

ফেইসবুক সম্প্রতি মেটাভার্স ধারণাটির প্রতি তাদের প্রতিশ্রুতির ইঙ্গিত দিতে নাম বদলে ‘মেটা’ করেছে।

ভার্চুয়াল জগতে “নতুন এবং বিদ্যমান গ্রাহকদের জন্য উদ্ভাবনী ব্র্যান্ড অভিজ্ঞতা” তৈরি করতে সক্ষম হবে বলে আশার কথা বলছে এইচএসবিসি।