২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফেইসবুক লাইভ-এ যৌন নিপীড়ন: গ্রেপ্তার আরেক কিশোর

যুক্তরাষ্ট্রে এক কিশোরীকে যৌন নিপীড়নের দৃশ্য ফেইসবুক লাইভে সরাসরি সম্প্রচার করার ঘটনায় আরেক কিশোরকে গ্রেপ্তার করেছে শিকাগো পুলিশ। এ ঘটনায় এর আগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 08:13 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

এবার গ্রেপ্তার হওয়া কিশোরের বয়স ১৫। পুলিশের এক মুখপাত্র জানান, সোমবার সন্দেহভাজন এই কিশোরকে তার মা পুলিশ স্টেশনে নিয়ে আসেন—বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

“এ ঘটনায় জড়িত যুবকদের লজ্জা হওয়া উচিত। তারা নিজেদেরকে, নিজেদের পরিবারকে লাঞ্ছিত করেছে এবং তারা যা করেছে এর জন্য তাদেরকে দায়ী করা হবে,” বলেন পুলিশ প্রধান এডি জনসন।

আগে গ্রেপ্তার করা কিশোরের বিরুদ্ধে ‘মারাত্মক অপরাধমূলক নির্যাতন’ এবং ‘শিশু পর্নোগ্রাফি’ তৈরি ও ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। বয়স কম হওয়ায় কিশোরটির নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, চলতি বছরের মার্চে পাঁচ থেকে ছয়জন পুরুষ ওই কিশোরীকে যৌন নিপীড়ন করে। ফেইসবুক লাইভে এক সময়ে প্রায় ৪০ জন যৌন নিপীড়নের ওই ঘটনা দেখে। কিন্তু তাদের কেউই এ বিষয়ে পুলিশকে খবর দেয়নি।

পরে এক কিশোর নির্যাতনের শিকার ওই কিশোরীর আত্মীয় রেজিনাল্ড কিংকে বিষয়টি জানায়।

কিং বলেন, “যারা ওটি দেখছিল তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক লোকও ছিল। তারা কেউই বিষয়টি পুলিশকে জানানোর সৎ সাহস দেখাতে পারেনি।”

বিবিসি জানায়, ১৯ মার্চ পরিবারের সঙ্গে গির্জা থেকে ফেরার পথে ওই কিশোরীকে তার বাড়ির কাছ থেকেই তুলে নেওয়া হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। ফেইসবুকে নির্যাতনের ভিডিও প্রকাশের পর ২১ মার্চ ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়।

কিশোরী তার মায়ের সঙ্গেই আছে। কিন্তু হুমকি ও লোকলজ্জার ভয়ে পরিবারটি এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।

এ ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

ওদিকে, এ ঘটনার পর ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, “এ ধরনের অপরাধ বীভৎস এবং আমরা এ রকম নোংরা বিনোদন কোনওভাবেই মেনে নেব না।”

“ফেইসবুকে মানুষকে নিরাপদ রাখার যে দায়িত্ব আমরা গ্রহণ করেছি সে বিষয়ে আমরা খুবই সচেতন। আমরা ফেইসবুকে থাকা যৌন নিপীড়ন এবং নৃশংসতার প্রচারণা মূলক ভিডিও সরিয়ে ফেলব।”

জানুয়ারিতে একই ধরনের আরেকটি ঘটনায় শিকাগো পুলিশ চার ব্যক্তিকে আটক করে।

পুরনো খবর:

ফেইসবুক লাইভ-এ যৌনপীড়ন: কিশোর গ্রেপ্তার
ফেইসবুক লাইভ-এ যৌনপীড়ন!
বাড়ি ফিরতে ‘ভীত’ লাইভে ‘ধর্ষিত’ কিশোরী