‘টুইচ’ টিভিতে গেইমারের লাইভ অন্ত্যেষ্টিক্রিয়া
২৪ বছর বয়সী মার্কিন এক পেশাদার ভিডিও গেইমারের শেষকৃত্যানুষ্ঠান লাইভ স্ট্রিম করেছে ভিডিও গেইমিং প্ল্যাটফর্ম 'টুইচ'।
নয় মিনিটের ওই ভিডিও এখনও টুইচ চ্যানেলে দেখা যাচ্ছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যেই ৩০ হাজারেরও বেশিবার এই ভিডিওটি দেখা হয়েছে, জানিয়েছে বিবিসি।
'ফিজারপ' নামে পরিচিত এই গেইমার ফিলিপ ক্লেমেনভ গাড়ি দুর্ঘটনায় ২ অক্টোবর মারা যান। 'কল অফ ডিউটি' খেলতেন তিনি এবং সম্প্রতি পেশাদার দল 'এইচটুকে' দলের সঙ্গে যুক্ত হন।
অ্যামাজন মালিকানাধীন টুইচ হল লাইভ স্ট্রিমিং গেইমিং প্ল্যাটফর্ম, যেখানে গেইমাররা নিজেরা স্ট্রিম করে গেইম খেলে থাকে আর অন্যরা রিয়েল-টাইমে তাদের অ্যাকশন দেখতে পারে। এ ছাড়াও তারা চ্যাটরুমে মন্তব্য করতে পারেন, যা উত্তপ্ত বিতর্কের জন্য বেশ পরিচিত।
ফিজারপ এর টুইচ চ্যানেলে প্রায় ৬০ লাখ মানুষ খেলা নিয়ে তাদের মতামত দিয়েছেন।
"টুইচ এধরনের ইভেন্টের জন্য আদর্শ প্ল্যাটফর্ম নয়, যেমনটি এর চ্যাট সিস্টেমের জন্য খ্যাতি রয়েছ," গেইমিং ওয়েবসাইট 'কোটাকু'-তে লিখেছেন লুক প্লাকেট।
"আমি খুব কম সময়ের জন্য দেখেছিলাম। যাকে চিনি না তার অন্ত্যেষ্টিক্রিয়ায় 'উঁকি দেওয়া' অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার। তবে ঐ অল্প সময়েই দেখেছি তার প্রতি ভক্তদের অকৃত্রিম ভালবাসা আর শ্রদ্ধাপূর্ণ মন্তব্য।"-বলেন তিনি।
এই বছর ১৬ই অক্টোবর তার স্মরণে গেইমিং ওয়েবসাইট ইউএমজি প্রায় দশ হাজার মার্কিন ডলার ব্যয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করছে বলেও জানানো হয়েছে।
