০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লেডি গাগা'র গান ফাঁস

অ্যামাজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট-এ 'কৌশলে' প্রিভিউ ক্লিপ চালিয়ে পপ সঙ্গীতশিল্পী লেডি গাগা'র সর্বশেষ অ্যালবাম 'জোঅ্যান'-এর কিছু অংশ অনলাইনে ফাঁস করে দিয়েছে ভক্তরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

সাধারণত কোনো অ্যালবাম যখন প্রি-অর্ডারের জন্য ছাড়া হয়, তার প্রিভিউ অ্যামাজনে শুনতে পাওয়া যায়। এই অ্যালবামের মাধ্যমে লেডি গাগা'র 'বহুল প্রতিক্ষীত' ফিরে আসায় প্রি-অর্ডারের ওই সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।  

এরপর অ্যামাজন ইকো স্পিকার মালিকরা দেখেন তারা একটি নির্দেশনা অনুসরণের মাধ্যমে গানগুলো অ্যাকসেস করতে পারছেন। ওই নির্দেশনায়, "প্লে জোঅ্যান বাই লেডি গাগা" লেখা ছিল। 

এ নিয়ে অ্যামাজন বিবিসি'র কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

৩০ সেকেন্ডের ওই ক্লিপ রেকর্ড করে তা অনলাইনে শেয়ার করে দেওয়া হয়েছে। এক ভিডিও'তে দেখা যায়, অ্যামাজনের স্পিকারে আলো জ্বলছে আর তা ভয়েস কমান্ডে সাড়া দিচ্ছে।

ফাঁস হওয়া গানগুলোর মধ্যে রয়েছে 'ফ্লোরেন্স+ দ্য মেশিন'-এর ফ্লোরেন্স ওয়েলচ-এর সঙ্গে দ্বৈতকণ্ঠে গাওয়া 'হেই গার্ল' শিরোনামের গানটি।

২১ অক্টোবর জোঅ্যান অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই অ্যালবাম নিয়ে সেপ্টেম্বরে এক বিবৃতিতে গাগা বলেন, "এই রেকর্ড আমার বাবা আর তার শোক বুঝতে আমার চেষ্টার বিষয়ে।"

এই ফাঁসের ঘটনা শুধু যুক্তরাষ্ট্রেই হয়েছে, এবং ইতোমধ্যের এর পেছনে দায়ী ত্রুটি সারানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।