২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

এবার গ্রাহক সেবার বাইরেও অডিও, ভিডিও কলিংয়ের সুযোগ দেবে এক্স

গত বছর প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করেছিল কোম্পানিটি, যেখানে অ্যাপ থেকে অন্যদের কল করার সুবিধা পেয়ে থাকেন আর্থিক ফি দেওয়া ব্যবহারকারীরা।

এবার গ্রাহক সেবার বাইরেও অডিও, ভিডিও কলিংয়ের সুযোগ দেবে এক্স

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 06:43 PM

Updated : 25 Feb 2024, 06:43 PM

এবার প্রিমিয়াম সেবার বাইরে থাকা ব্যবহারকারীদের জন্যেও ধীরে ধীরে অডিও ও ভিডিও কলিংয়ের সুবিধা আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।

এক্স নিয়ে এমন তথ্য দিয়েছেন কোম্পানির প্রকৌশলী এনরিক বারাগান। গত বছর প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করেছিল কোম্পানিটি, যেখানে অ্যাপ থেকে অন্যদের কল করার সুবিধা পেয়ে থাকেন আর্থিক ফি দেওয়া ব্যবহারকারীরা। আর একে মাস্কের ‘এক্স’কে এভ্রিথিং অ্যাপ’ বানানোর লক্ষ্যমাত্রার একটি ধাপ হিসেবে সে সময় প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

এ বছরের শুরুতে অ্যান্ড্রয়েড ডিভাইসে এ সুবিধা এলেও তা ব্যবহারের সুযোগ পেতেন কেবল ‘প্রিমিয়াম’ সেবার গ্রাহকরা।

জানুয়ারির শেষে মাস্ক বলেন, ফিচারটি যে টেকসই, কোম্পানি সে আত্মবিশ্বাস পেলেই অডিও-ভিডিও কলিংয়ের সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করে দেবে এক্স। তবে, অ্যাপের ‘ডিএম (ডাইরেক্ট মেসেজ)’ অপশনে থাকা ফোন আইকনে চাপ দিলে এখনও এক্স-এর প্রিমিয়াম সেবায় যোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এক্স এর অফিসিয়াল সাপোর্ট পেইজ বলছে, ফিচারটি এখন সকল অ্যাকাউন্টেই ব্যবহার করা যাবে, যেখানে ব্যবহারকারীরা কল করার ও রিসিভ করার সুযোগ পাবেন। আর এ ক্ষেত্রে উভয় পক্ষকেই অন্তত একবার ডাইরেক্ট মেসেজিং থেকে যোগাযোগ করতে হবে।

নতুন ফিচারটি ঘোষণা দেওয়ার পাশাপাশি বারাগান আরও যোগ করেন, এখন থেকে ব্যবহারকারীরা চাইলে অ্যাপে থাকা সকলের কাছ থেকেই কল রিসিভের সুবিধা পেতে পারেন।

এ সুবিধা ব্যবহারের অ্যাপের ডিএম সেটিংয়ের মেনুতে গিয়ে স্বয়ংক্রিয় অডিও ও ভিডিও কলের সুইচে চাপ দিতে হবে, যার ফলে ব্যবহারকারীর ফলো করা অ্যাকাউন্ট থেকে কল রিসিভ করার সুবিধা মিলবে। এর পাশাপাশি, অ্যাপটিতে এরইমধ্যে ‘এভ্রিওয়ান’ নামের একটি অপশন দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।