১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১০ মিনিটে এয়ারপোর্ট থেকে ম্যানহাটন: জবি এভিয়েশনের সফল প্রদর্শনী

জবি এভিয়েশনের ইলেকট্রিক এয়ার ট্যাক্সি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে লোয়ার ম্যানহাটন ও মিডটাউনের হেলিপোর্টে পৌঁছাতে ১০ মিনিটেরও কম সময় নিয়েছে।

১০ মিনিটে এয়ারপোর্ট থেকে ম্যানহাটন: জবি এভিয়েশনের সফল প্রদর্শনী
হেলিকপ্টারের তুলনায় এসব এয়ার ট্যাক্সি অনেক শান্ত ও পরিবেশ দূষণ করে না। ছবি: জবি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 03:21 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

নিউ ইয়র্কের যানজট এড়িয়ে কেবল ১০ মিনিটেরও কম সময়ে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ম্যানহাটন পৌঁছাবে জবি এভিয়েশনের ইলেকট্রিক এয়ার ট্যাক্সি।

বর্তমানে শহরটিতে এ পরিবেশবান্ধব ও শব্দহীন আকাশযানের বিশেষ ট্রায়াল চলছে, যা ২০২৬ সালের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

নিউ ইয়র্ক সিটিতে নিজেদের ইলেকট্রিক এয়ার ট্যাক্সির ১০ দিনের এক পরীক্ষামূলক প্রদর্শনী শুরু করতে যাচ্ছে জবি এভিয়েশন। তবে শহরের ভয়াবহ যানজট এড়াতে এখনই তা বুকিংয়ের সুযোগ নেই। কারণ জবি’র এসব আকাশযান আপাতত যাত্রী পরিবহন করছে না।

কোম্পানিটি বলেছে, তারা কেবল ‘আসল ফ্লাইটের রুট এবং বাস্তব পরিবেশে’ এসব এয়ার ট্যাক্সি পরীক্ষা করে দেখছে।

জবি এভিয়েশন বলেছে, তাদের ইলেকট্রিক এয়ার ট্যাক্সি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে লোয়ার ম্যানহাটন ও মিডটাউনের হেলিপোর্টে পৌঁছাতে ১০ মিনিটেরও কম সময় নিয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী জোবেন বিভার্ট বলেছেন, হেলিকপ্টারের তুলনায় এসব এয়ার ট্যাক্সি অনেক শান্ত ও পরিবেশ দূষণ করে না, যা নিউ ইয়র্কবাসীদের উন্নত সেবা দিতে পারবে।

এসব পরীক্ষামূলক ফ্লাইট মার্কিন ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ এর এক বিশেষ প্রোগ্রামের অংশ, যার মূল লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিকভাবে এয়ার ট্যাক্সি সেবা চালু করা।

জবি বলেছে, বর্তমানে এফএএ থেকে চূড়ান্ত অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে তারা। মার্চে স্যান ফ্রান্সিসকোতে সফল ট্রায়ালের পর নিউ ইয়র্কের এ প্রদর্শনী তাদের অনুমোদন প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে।

এর আগে, ২০২৫ সালে জবি এ পরিষেবা চালুর লক্ষ্য নির্ধারণ করলেও এখন তা কিছুটা পিছিয়েছে।

মার্কিন বাণিজ্য প্রকাশণা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, কোম্পানির প্রধান নির্বাহী বলেছেন, তারা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধের মধ্যেই নিউ ইয়র্ক, টেক্সাস ও ফ্লোরিডায় যাত্রীসেবা শুরুর পরিকল্পনা করছেন।