১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই ঝুঁকির মুখে আন্তর্জাতিক পুঁজিবাজার: ব্যাংক অফ ইংল্যান্ড

‘জি২০’ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের কাছে লেখা এক চিঠিতে এ ধরনের শঙ্কার কথা বলেছেন ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি।

এআই ঝুঁকির মুখে আন্তর্জাতিক পুঁজিবাজার: ব্যাংক অফ ইংল্যান্ড
আর্থিক ব্যবস্থার জন্য এ মুহূর্তের ‘সবচেয়ে তাৎক্ষণিক চিন্তা’ বিশ্বমানের বিভিন্ন এআই প্রযুক্তির কারণে বেড়ে যাওয়া সাইবার ঝুঁকি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 10:07 AM

Updated : 11 Sep 2026, 03:56 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আধুনিক মডেলের কারণে সাইবার ঝুঁকি বেড়ে বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারে বিশৃঙ্খল ধসের সূত্রপাত ঘটাতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর।

‘জি২০’ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের কাছে লেখা এক চিঠিতে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রোটোকল না থাকায় এ প্রযুক্তি আর্থিক খাতের সার্বিক স্থায়িত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, সোমবার পাঠানো দুই পৃষ্ঠার ওই চিঠিতে বেইলি বলেছেন, প্রচলিত ‘সামনের সারির বিভিন্ন এআই মডেলের’ উদ্ভব আরও জটিল ও স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধানের সক্ষমতা পাওয়ার পাশাপাশি হুমকির মাত্রাও বাড়াচ্ছে।

বিশ্বজুড়ে আর্থিক নীতি নির্ধারণ ও সমন্বয়কারী আন্তর্জাতিক সংস্থা ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ড’ বা এফএসবি প্রধান হিসেবে চিঠিতে বেইলি সতর্ক করে বলেছেন, আর্থিক ব্যবস্থার জন্য এ মুহূর্তের ‘সবচেয়ে তাৎক্ষণিক চিন্তা’ বিশ্বমানের বিভিন্ন এআই প্রযুক্তির কারণে বেড়ে যাওয়া সাইবার ঝুঁকি।

“সামনের সারির এআই প্রযুক্তি সাইবার ঝুঁকির গতি, ব্যাপ্তি ও অর্থনৈতিক হিসাব-নিকাশকে ব্যাপকভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, বিশেষ করে থার্ড-পার্টি সেবা দেওয়া কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে বিশ্বজুড়ে পুঁজিবাজার ও আর্থিক খাতের আস্থায় বড় ধরনের পতন ঘটতে পারে।

“সাম্প্রতিক ঘটনাগুলো আমার কাছে স্পষ্ট করেছে যে, বহু দেশের কাছেই সামনের সারির এআই মডেলগুলোর উন্নয়ন, উন্মোচন ও প্রয়োগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক নীতিমালা নেই, যা কেবল আর্থিক খাতই নয়, সার্বিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।”

মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের বিভিন্ন ফ্ল্যাগশিপ মডেলের ওপর সাম্প্রতিক পরীক্ষার সময় বেশ কিছু নিরাপত্তা বলয় লঙ্ঘনের ঘটনা সামনে এসেছে।

বেইলির চিঠিটি আধুনিক এআইয়ের ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কার ধারাবাহিকতাই তুলে ধরেছে। তিনি বলেছেন, আর্থিক কোম্পানি ও প্রযুক্তি সেবাদাতা বিভিন্ন কোম্পানিকে তাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিতকরণ এবং তা পুনরুদ্ধারের সক্ষমতা আরও বাড়াতে হবে।

“পাশাপাশি একাধিক কোম্পানি বা যৌথ প্রযুক্তি কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি হওয়া সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় ঠেকানোর জন্য প্রস্তুতি নিতে হবে।”

নতুন এআই মডেলগুলোর পাশাপাশি বেইলি নিজের উদ্বেগের তালিকায় রাষ্ট্রীয় ঋণ বাজারের ‘ভঙ্গুরতা’, ইকুইটি বাজারে বিনিয়োগকারীদের ঋণের অতিরিক্ত ব্যবহার ও আকাশচুম্বী মূল্যায়নে থাকা সম্পদ, বিশেষ করে এআইসংশ্লিষ্ট খাতে অতিরিক্ত বিনিয়োগের ঝুঁকিকে চিহ্নিত করেছেন।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ‘জি২০’ সম্মেলন আয়োজন হয়েছে।

বিশ্ব অর্থনীতির প্রধান দেশগুলোর অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও শীর্ষ কর্মীরা অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে এ সম্মেলনে অংশ নিচ্ছেন।