৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মাস্কের প্রশংসায় পুতিন বললেন, ‘তিনি আসল জিনিয়াস’

ইউক্রেইনে পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রায় পাঁচ বছর হতে চলার সময়ে মাস্ককে নিয়ে পুতিনের এমন মন্তব্য এল, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দৃশ্যমান কূটনৈতিক ঘনিষ্ঠতারই ইঙ্গিত।

মাস্কের প্রশংসায় পুতিন বললেন, ‘তিনি আসল জিনিয়াস’

স্যাটেলাইট প্রযুক্তির নিরাপত্তা রক্ষায় তারা দুজন ‘নিবিড়ভাবে জড়িয়ে’ রয়েছেন বলেও মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 10:19 AM

Updated : 30 Oct 2026, 10:19 AM

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ‘আসল জিনিয়াস’ বলে প্রশংসায় ভাসিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্যাটেলাইট প্রযুক্তির নিরাপত্তা রক্ষায় তারা দুজন ‘নিবিড়ভাবে জড়িয়ে’ রয়েছেন বলেও মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। মস্কোতে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পুতিন এ মন্তব্য করেন।

বিবিসি লিখেছে, এ সম্মেলনে রাশিয়া তাদের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেত’ নিয়ে আলোচনা করে, যা মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে মানুষকে ইন্টারনেট সেবা দেবে।

বিবিসি ভাষান্তর অনুসারে পুতিন বলেছেন, “তিনি একজন প্রতিভাবান মানুষ, এক কথায় প্রকৃত জিনিয়াস। আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ধরে রেখেছি, যার মধ্যে মাস্কও রয়েছেন।”

মাস্কের রকেট নির্মাণ কোম্পানি স্পেসএক্সেরই একটি অংশ স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া স্টারলিংক। তবে পুতিনের এ মন্তব্যের বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্পেসএক্স।

পুতিন বলেছেন, রাশিয়ার ‘রাসভেত’ ও মাস্কের ‘স্টারলিংক’ স্যাটেলাইটগুলো যাতে কক্ষপথে চলার সময় একে অপরের কাজে ‘কোনো ধরনের বাধা বা সংঘর্ষ তৈরি না করে’ সে কারণেই মাস্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি।

“রাজনৈতিক নানা টানাপোড়েন থাকার পরও আমরা ও আমাদের মার্কিন অংশীদাররা এই পারস্পরিক বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”

স্পেসএক্সের তথ্য অনুসারে, স্টারলিংক এ পর্যন্ত প্রায় ১৩ হাজার স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে।

অন্যদিকে, অনলাইন ট্র্যাকারদের দেওয়া তথ্য বলছে, বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে রাশিয়ার ‘রাসভেত’ স্যাটেলাইটের সংখ্যা কেবল বিশটির মতো।

বুধবার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক বার্তায় বলেছে, রাসভেত হল ‘স্টারলিংকের রুশ বিকল্প’ ও এই ক্ষেত্রে এটা দেশটির কেবল প্রথম পদক্ষেপ।

সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাসও নিশ্চিত করেছে, “মহাকাশ প্রযুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া নিবিড় যোগাযোগ ধরে রাখছে, যার মধ্যে ইলন মাস্কও অন্তর্ভুক্ত রয়েছেন।”

ইউক্রেইনে পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রায় পাঁচ বছর পুড়তে চলার এই সময়েই রাসভেত ও স্টারলিংক নিয়ে পুতিনের এমন মন্তব্য এল, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দৃশ্যমান কূটনৈতিক ঘনিষ্ঠতারই ইঙ্গিত দিচ্ছে।

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনীয় বাহিনী ব্যাপকভাবে স্টারলিংক ইন্টারনেটের ওপর নির্ভরশীল ছিল।

তবে সম্প্রতি ইউক্রেনীয় সামরিক বাহিনী হঠাৎ করেই স্টারলিংকের সংযোগ বিচ্ছিন্নতার মুখে পড়েছে। বিষয়টি দুর্ঘটনাবশত নয়, বরং স্পেসএক্সের মাধ্যমে ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল বলে পরবর্তীতে স্বীকার করেছেন মাস্ক।

কূটনৈতিক এ পটপরিবর্তনের পেছনে অন্যান্য ভূ-রাজনৈতিক সুবিধাও দৃশ্যমান।

ইরানের সঙ্গে সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এ মাসের শুরুতে রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে একটি সমঝোতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পরবর্তীতে রাশিয়ার ওপর আরোপের জন্য নির্ধারিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিলও করেছে ট্রাম্প প্রশাসন।

এর পরপরই রাশিয়ার বন্দিদশা থেকে এক মার্কিন নাগরিক মুক্তি পান। ওই ঘটনার পর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট পুতিনকে একজন ‘মানবিক ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন।

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী মাস্ক পরবর্তীতে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন।

টেসলা, স্পেসএক্স ও স্টারলিংকসহ তার প্রায় সব প্রধান কোম্পানি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক, যার বেশিরভাগ কার্যক্রম টেক্সাস ও ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত হয়।

মার্কিন এই ধনকুবের দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির রিপাবলিকান পার্টির অন্যতম প্রধান রাজনৈতিক ও আর্থিক পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখে চলেছেন।