১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন গ্যাজেটের গুঞ্জনের মধ্যেই ‘গ্লাস ইমেজিং’ কিনল ওপেনএআই

আইফোনের ডিজাইনার জনি আইভের সহযোগিতায় ওপেনএআইয়ের এআইচালিত ডিভাইস তৈরির গুঞ্জনের মধ্যেই গুরুত্বপূর্ণ অধিগ্রহণটি হল।

নতুন গ্যাজেটের গুঞ্জনের মধ্যেই ‘গ্লাস ইমেজিং’ কিনল ওপেনএআই

স্টার্টআপটির উন্নত প্রযুক্তি ওপেনএআইয়ের বহুচর্চিত ও রহস্যময় গ্যাজেট তৈরিতে ব্যবহার করা হতে পারে। ছবি: গ্লাস ইমেজিং

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 05:39 PM

Updated : 16 Sep 2026, 05:39 PM

স্মার্টফোনের ক্ষতিকর প্রভাব দূর করার লক্ষ্যে জনি আইভের সঙ্গে যৌথভাবে নতুন রহস্যময় এক এআই গ্যাজেট বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই।

এরই অংশ হিসেবে স্মার্টফোনের জন্য ক্যামেরা তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্টার্টআপ ‘গ্লাস ইমেজিং’ অধিগ্রহণ করেছে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানিটি।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, ওপেনএআই ৩০ কোটি ডলারেরও বেশি দামে এক চুক্তির মাধ্যমে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপটিকে কিনেছে।

শিল্প বিশ্লেষকদের ধারণা, স্টার্টআপটির উন্নত প্রযুক্তি ওপেনএআইয়ের বহুচর্চিত ও রহস্যময় গ্যাজেট তৈরিতে ব্যবহৃত হতে পারে।

অ্যাপলের সাবেক কর্মী জিভ আত্তার ও টম বিশপ-এর প্রতিষ্ঠিত গ্লাস ইমেজিংয়ের দাবি, তাদের কাস্টম এআই সফটওয়্যার ক্যামেরার কার্যসক্ষমতা ১০ গুণ পর্যন্ত করতে পারে।

হার্ডওয়্যারের কার্যক্ষমতার ওপর ভিত্তি করে কাজ করা এ এআই ছবির নয়েজ ও ঝাপসা ভাব কমানোর পাশাপাশি জুমের মান উন্নত করতে কার্যকর ভূমিকা রাখে।

কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, তাদের বিশেষ ‘নিউরাল ইমেজ সিগনাল প্রসেসিং’ প্রযুক্তি ‘লেন্স ও সেন্সরের ত্রুটি দূর করে প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ইমেজ কোয়ালিটি বা ছবির মান দিতে পারে’।

আইফোনের ডিজাইনার জনি আইভের সহযোগিতায় ওপেনএআইয়ের এআইচালিত ডিভাইস তৈরির গুঞ্জনের মধ্যেই গুরুত্বপূর্ণ অধিগ্রহণটি হল।

আগামী বছর আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন গ্যাজেটটি সম্পর্কে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ভাষ্য, এটা হতে চলেছে ‘বিশ্বের এ পর্যন্ত দেখা সবচেয়ে চমৎকার প্রযুক্তির নিদর্শন’।

গেল বছর এক প্রচারণামূলক ভিডিওতে ডিজাইনার স্যার জনি দাবি করেছিলেন, ডিভাইসটি স্মার্টফোনের কিছু ক্ষতিকর প্রভাব ঠেকাতে সাহায্য করবে।

“গত ৩০ বছরে আমি যা কিছু শিখেছি তা আমাকে এ জায়গায় ও এই মুহূর্তে নিয়ে এসেছে। আমি সম্পূর্ণ নিশ্চিত যে, আমরা আক্ষরিক অর্থেই প্রযুক্তির এমন এক নতুন প্রজন্মের দ্বারপ্রান্তে আছি, যা আমাদের আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।”

রহস্যময় গ্যাজেটটি ঠিক কী ধরনের রূপ নিতে পারে সে বিষয়ে ওই সময় খুব বেশি বিস্তারিত জানানো হয়নি। তবে টিজার ভিডিও প্রকাশের পরই ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ স্টাফ কল থেকে ডিভাইসটি সম্পর্কে কিছু ইঙ্গিত মিলেছিল।

ডিভাইসটি কোনো ধরনের স্মার্টওয়াচ বা পোশাকের ক্লিপ হতে পারে– এমন জল্পনার জবাবে অল্টম্যান বলেছেন, এটা এমন কোনো বস্তু নয়, যা পরা যাবে।

কর্মীদের উদ্দেশ্যে অল্টম্যান বলেছেন, “পণ্যটি ব্যবহারকারীর আশপাশ ও জীবন সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকবে, যা সাবলীল ও ব্যবহারকারীর পকেটে বা ডেস্কের ওপর রাখা যাবে।”

পাশাপাশি তিনি দাবি করেছেন, ডিভাইসটি ওপেনএআইয়ের বাজারদর ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দেবে।

এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।