২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ওপেনএআইয়ের ডেটা চুরি করেছে ডিপসিক ও মুনশট?

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা তীব্র হওয়ার সঙ্গে এ চর্চাটি শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর জন্য বিরোধের মূল কেন্দ্রে পরিণত হয়েছে।

ওপেনএআইয়ের ডেটা চুরি করেছে ডিপসিক ও মুনশট?

ওপেনএআইয়ের শক্তিশালী ‘জিপিটি-সিক্স অ্যাস্ট্রা’ মডেলের আউটপুটের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে ডিপসিক ও মুনশট। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 07:30 PM

Updated : 29 Oct 2026, 07:09 PM

মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ডেটা ব্যবহার করে নিজেদের নতুন এআই প্রযুক্তি তৈরি করার অভিযোগ উঠেছে চীনের দুই শীর্ষ কোম্পানি ডিপসিক ও মুনশটের বিরুদ্ধে।

এ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বুধবার প্রকাশ পাওয়া এক প্রতিবেদনে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ইনফরমেশন।

‘ডিস্টিলেশন’ নামের এ প্রক্রিয়ার মাধ্যমে চীনা প্রতিযোগী কোম্পানি দুটি দ্রুত ও কম খরচে বিশ্বমানের এআই সক্ষমতা অনুকরণ করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ইনফরমেশন লিখেছে, ওপেনএআইয়ের শক্তিশালী ‘জিপিটি-সিক্স অ্যাস্ট্রা’ মডেলের আউটপুটের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে ডিপসিক ও মুনশট।

রয়টার্স লিখেছে, বর্তমানে ‘ডিস্টিলেশন’ পদ্ধতিটি শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর জন্য সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে মার্কিন কোম্পানিগুলোর যুক্তি, এ পদ্ধতির মাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীরা উন্নত সক্ষমতাগুলোকে আরও দ্রুত ও কম খরচে হুবহু নকল করে ফেলছে।

ইনফরমেশনের প্রতিবেদন বরছে, গেল সপ্তাহে বাজারে আসা মুনশট এআইয়ের ‘কিমি কে৩.১ প্রো’ ও ১৭ অক্টোবর উন্মোচিত ডিপসিকের আপগ্রেড ‘ভি৪.১-ফ্ল্যাশ ১০১৭’ মডেল দুটিই ওপেনএআইয়ের অ্যাস্ট্রা মডেলের ডেটা ডিস্টিলেশন থেকে সুবিধা পেয়েছে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই, ডিপসিক ও মুনশট এআই।

এর আগে, ৩০ সেপ্টেম্বর ওপেনএআই বলেছিল, জুলাই থেকে শুরু হওয়া সমন্বিত এক ডিস্টিলেশন ক্যাম্পেইনের মূল অংশের সঙ্গে মুনশট এআই সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি সংযোগ তারা খুঁজে পেয়েছে।

অ্যানথ্রপিক, ওপেনএআই ও গুগলের মতো প্রভাবশালী মার্কিন এআই ও প্রযুক্তি কোম্পানির অভিযোগ, ডিস্টিলেশন চর্চার কারণে প্রতিদ্বন্দ্বীরা কম খরচ ও সময়ে তাদের বছরের পর বছর ধরে বিকশিত উন্নত এআই প্রযুক্তি অনুলিপি করে ফেলছে।

এ মাসের শুরুতে অ্যানথ্রপিক বলেছে, প্রতিদ্বন্দ্বীরা যাতে তাদের ‘ক্লড’ এআই মডেলের সক্ষমতা চুরি বা অনুকরণ করতে না পারে সেজন্য নতুন কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে তারা।

এতে করে ‘ডিস্টিলেশন অ্যাটাক’-এর মাধ্যমে সংগৃহীত ডেটার পরিমাণ প্রায় ৯০ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে।