এআইয়ের সুফল পেতে ‘কিছু দুর্ঘটনা মেনে নেওয়া উচিত’: অল্টম্যান
উন্নত এআই সিস্টেমের কারণে বড় ধরনের বিপর্যয়কর ঝুঁকিগুলো এড়িয়ে চলা উচিত। তবে প্রযুক্তির সুফলের স্বার্থে মানুষের কিছু পরিচিত বা সীমিত ঝুঁকি মেনে নেওয়া দরকার।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে কঠোর বিধিনিষেধের পক্ষে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির অবস্থানকে খারিজ করে দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
তার দাবি, এআইয়ের সুফল পেতে মানুষকে ‘কিছু অনভিপ্রেত বা খারাপ ঘটনাও মেনে নিতে হবে। পলিটিকোর ‘ডিকোডেড’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান এই কথা বলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, উন্নত এআই মডেলের ওপর কঠোর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের অবস্থানের সঙ্গে নিজের দ্বিমতের কথাও বলেছেন তিনি।
অল্টম্যান বলেছেন, “আমরা সবসময়ই এই মতের পক্ষে যে, এআই প্রযুক্তিকে গণমুখী করতে হবে ও মানুষের হাতে তুলে দিতে হবে।
“আমরা বিশ্বাস করি, এ প্রযুক্তির সুফল ও মানুষের নিজেদের স্বাধীনতার স্বার্থে বিশ্বের উচিত কিছু খারাপ ঘটনাও মেনে নেওয়া”।
তার ভাষ্য, এআই শিল্পে বড় ধরনের কড়াকড়ি বা অতিরিক্ত নিয়ন্ত্রণের দাবি প্রযুক্তির রূপান্তরকারী উন্নয়নকে ধীর করে দেবে।
কঠোর নিয়মের পরিবর্তে ওপেনএআই একটি ‘হালকা নিয়ন্ত্রক কাঠামোর’ পক্ষপাতি, যেখানে শীর্ষ এআই কোম্পানিগুলো বাইরের নিরাপত্তা মূল্যায়নকারীদের যোগ করবে।
অল্টম্যান বলেছেন, “আমি এমন কোনো চুক্তি নেব না যেখানে বলা হবে, ‘আমরা নিশ্চিত করব যেন বড় কোনো হ্যাকিং না ঘটে, এই প্রযুক্তির কোনো অপব্যবহার না হয়, কোনো জালিয়াতি না থাকে ও বাকি সব খারাপ জিনিস শূন্যে নেমে আসে’।
“কারণ আমার বিশ্বাস, মানুষ খারাপ বিষয়ের চেয়ে অনেক বেশি ভালো কাজ করবে।”
বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই অ্যাপ চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী বলেছেন, উন্নত এআই সিস্টেমের কারণে বড় ধরনের বিপর্যয়কর ঝুঁকিগুলো এড়িয়ে চলা উচিত। তবে প্রযুক্তির সুফলের স্বার্থে মানুষের কিছু পরিচিত বা সীমিত ঝুঁকি মেনে নেওয়া দরকার।
বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওপেনএআইয়ের উন্নত এআই মডেলগুলোকে ঘিরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বেশ কিছু বড় ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত এআই এজেন্টদের বিভিন্ন কোম্পানি ও সরকারি সিস্টেমে সাইবার আক্রমণ চালানোর মতো ঘটনা।
নিরাপত্তা মানদণ্ডের শর্ত পুরোপুরি পূরণ না করায় গেল সপ্তাহে ওপেনএআই তাদের ‘জিপিটি ৬.২ অ্যাস্ট্রা’ সিস্টেম বাজারে না ছাড়ার ঘোষণা দিয়েছিল।
পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেছেন, নিয়ন্ত্রণমূলক বিষয়ে তিনি তুলনামূলক শিথিল বা হ্যান্ডস-অফ দৃষ্টিভঙ্গি পোষণ করলেও উন্নত এআই ব্যবস্থার সবচেয়ে খারাপ পরিণতিগুলো এড়াতে চান।
“এআইয়ের কারণে যখন গুরুতরভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কার কথা আসে... তখন আমি বলব, আসুন এই ভবিষ্যতের দিকে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ার আগে একটু ভেবেচিন্তে এগোই।
“ফলে সুফলের বিনিময়ে সীমিত ঝুঁকিগুলো গ্রহণ করুন, যেসব ঝুঁকি আমরা বুঝতে পারি... তবে সত্যি সত্যিই যেগুলো বিপর্যয়কর ঝুঁকি সেগুলোকে গ্রহণ করবেন না।”
