২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেটার পর এবার কানাডায় সংবাদ শেয়ার বন্ধের সিদ্ধান্ত গুগলের

কানাডার পার্লামেন্টের স্বাধীন বাজেট পর্যবেক্ষক সংস্থার হিসাব অনুসারে, সংবাদমাধ্যমগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বছরে ৩২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পেতে পারে।

মেটার পর এবার কানাডায় সংবাদ শেয়ার বন্ধের সিদ্ধান্ত গুগলের

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 06:07 PM

Updated : 30 Jun 2023, 06:07 PM

গুগল কানাডায় সেখানকার সংবাদমাধ্যমের খবর ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে সংবাদ শেয়ার করা নিয়ে নতুন আইন পাশের পরপরই ওয়েব জায়ান্ট কোম্পানিটি এই অবস্থান জানাল।

গত সপ্তাহেই ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ পাস করেছে কানাডার পার্লামেন্ট, যার আওতায় গুগল এবং ফেইসবুকের মতো প্ল্যাটফর্মগুলোকে সংবাদ প্রকাশকদের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগির চুক্তি করতে হবে।

কিছুদিন আগেই সামাজিক মাধ্যম জায়ান্ট মেটও একইরকম ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

পুরনো খবর:

আইন পাশের পর কানাডায় সংবাদে প্রবেশাধিকার সীমিত করল মেটা
নতুন আইন কার্যকর হলে সংবাদে কানাডা থেকে প্রবেশ বন্ধ: মেটা

আইনটি ছয় মাসের মধ্যে কার্যকর হবে। এর মিল রয়েছে দুই বছর আগে অস্ট্রেলিয়াতে পাশ করা আইনের সঙ্গে। তবে, ওই আইন পাশের পরপরই মেটা তার প্ল্যাটফর্মগুলোয় সংবাদ শেয়ার করা বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা এরপর নতুন আইনটিতে পরিবর্তন এনেছিলেন।

ওই পরিবর্তনের পর অস্ট্রেলিয়ায় একদিকে সামাজিক মাধ্যমে সংবাদ ব্ল্যাকআউটের অবসান ঘটে, অপরদিকে গুগল এবং মেটা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে অর্থ ভাগাভাগি নিয়ে ৩০টিরও বেশি চুক্তি করে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

কানাডার আইনটি অপরিবর্তিত আকারে পাশ করলে সেটা “অকার্যকর” হবে বলে আগেই জানিয়েছিল গুগল। এরপর তারা এতে সংশোধনীর প্রস্তাবও করে। পরে গুগল এবং মেটা উভয়ই আইনটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনাও করেছে।

তবে, এ নিয়ে কানাডা সরকারের বক্তব্য ছিল, দেশটির “ডিজিটাল সংবাদ বাজারে ন্যায্যতা আনতে” আইনটি জরুরী এবং যেসব সংবাদ সংস্থাকে টিকে থাকার জন্যই সংগ্রাম করতে হচ্ছে, আইনটি তাদের ন্যায্য ক্ষতিপূরণ পেতে সহায়তা করবে।

বৃহস্পতিবার বিকেলে সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আইন পাশের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী পাবলো রদ্রিগেজ বলেন, গুগলের এই পদক্ষেপে তিনি বিস্মিত।

কানাডা পার্লামেন্টের স্বাধীন বাজেট পর্যবেক্ষক সংস্থার হিসাব অনুসারে, সংবাদমাধ্যমগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বছরে ৩২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পেতে পারে।

তবে, বাস্তবতা হচ্ছে, দেশটির সংবাদসংস্থাগুলো এবং তাদের জোট, যারা এই আইনে সমর্থন জানিয়েছিল তারা এখন হুমকির মুখে পড়তে পারে। কানাডার সংবাদমাধ্যমগুলোর ওয়েব ট্রাফিকের একটি উল্লেখযোগ্য অংশ আসে গুগল থেকে।

প্রকাশক ফিলিপ ক্রাউলি গত মাসে পার্লামেন্টে বলেছিলেন, গ্লোব অ্যান্ড মেইলের ৩০ শতাংশ ট্রাফিক গুগল থেকে আসে। ফরাসি ভাষায় প্রকাশিত ‘ল্যো ডেভোয়ে’র ট্রাফিকের ৩০ শতাংশ গুগল থেকে এবং ৪০ শতাংশ আসে সামাজিক মাধ্যম থেকে।

স্থানীয় সংবাদ লিঙ্কে গুগলের নিষেধাজ্ঞা কতদিন থাকবে বা কানাডীয় ব্যবহারকারীদেরকে স্থানীয় প্রকাশনার লিংক দেখানো হবে কিনা তা নির্দিষ্ট করে বলেনি গুগল।

এক ব্লগ পোস্টে গুগল বলেছে, “আমরা সরকারকে জানিয়েছি যে, আইনটি কার্যকর হলে দুর্ভাগ্যবশত কানাডায় আমাদের সার্চ, নিউজ এবং ডিসকভার পণ্য থেকে কানাডীয় সংবাদের লিঙ্ক মুছে ফেলতে হবে।”

আইনটি পাশের পক্ষে তদবির করেছিল কানাডায় শত শত সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব করা সংগঠন ‘নিউজ মিডিয়া কানাডা’। সংগঠনটি বলেছে, “কার্যকর পথ” আছে বলে তারা এখনও বিশ্বাস করে।

সংগঠনটির মতে, বাজারে ক্ষমতা দেখানোর অংশ হিসাবে নির্ভুল সংবাদের অ্যাক্সেস বন্ধ করার বদলে দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হিসাবে গুগলের উচিৎ সকল স্টেকহোল্ডারের সঙ্গে সৎ বিশ্বাসে কাজ করা এবং ভারসাম্যপূর্ণ, অনুমানযোগ্য এবং ন্যায্য বাজার নিশ্চিত করার উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত হওয়া।