Published : 26 Dec 2023, 07:32 PM
কর্মীদের কোটি কোটি ডলারের বোনাস না দিয়ে চুক্তি ভঙ্গ করেছে সামাজিক মাধ্যম এক্স– এমন রায় এসেছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত থেকে।
আগে টুইটার নামে পরিচিত এক্স-এর পারিশ্রমিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মার্ক শোবিনজার মে মাসে পদত্যাগ করেন এবং জুনে কোম্পানিটির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা করেন।
২০২২ সালের টার্গেট বোনাসের অর্ধেক কর্মীদের দেওয়ার আশ্বাস দেয় কোম্পানিটি, এবং মাস্ক কোম্পানিটি কিনে নেওয়ার আগে ও পরে এ বিষয়ে কোম্পানিটির সিদ্ধান্ত অপরিবর্তনীয় থাকলেও কখনই তারা কথা রাখেনি বলে মামলায় অভিযোগ করেন শোবিনজার।
মামলাটির নিষ্পত্তি চেয়ে কোম্পানিটির আবেদন খারিজ করে মার্কিন ডিস্ট্রিক্ট জাজ ভিন্স শাবরিয়া তার রায়ে বলেন, ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী করা চুক্তি লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন শোবিনজার, এবং পরিকল্পনা অনুসারে বোনাসের দাবিদার ছিলেন তিনি।
“একসময় টুইটারের চাহিদা অনুযায়ী সেবা দিয়েছেন শোবিনজার এবং ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী তাকে আশ্বাস দেওয়া বোনাস প্রদানে চুক্তি অনুযায়ী বাধ্য কোম্পানিটি। সেইসঙ্গে প্রতিজ্ঞা মেনে বোনাস দিতে অস্বীকারের মাধ্যমে চুক্তি ভঙ্গ করেছে টুইটার।” – রায়ে বলেছেন শাবরিয়া।
এক্স-এ এখন আর কোনো গণযোগাযোগ বিভাগ নেই, এবং কোম্পানিটির এক্স অ্যাকাউন্টে স্বাভাবিক কর্ম ঘণ্টার বাইরে কাজের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
মৌখিক আশ্বাস কোনো চুক্তি নয় উল্লেখ করে কোম্পানিটির আইনজীবি বলেন, মামলাটি টেক্সাসের আইনে বিচার হওয়া উচিৎ। তবে আদালত ক্যালিফোর্নিয়া আইনে মামলাটি পরিচালনার সিদ্ধান্তে “টুইটারের পাল্টা যুক্তি ভেস্তে যায়।”
শীর্ষ ধনী ইলন মাস্ক কোম্পানিটি কেনার পর কোম্পানিটির অর্ধেকের বেশি কর্মীকে ছাঁটাইয়ের পর সাবেক কর্মী এবং কর্মকর্তাদের করা অসংখ্য মামলার মুখে পড়ে কোম্পানিটি।
কোম্পানিটির বিরুদ্ধে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধী কর্মীদের বৈষম্য ও বিনা নোটিশে বড়ধরনের ছাঁটাইসহ নানা অভিযোগ সামনে এলেও কোম্পানিটি এসব আচরণকে অন্যায্য বলে স্বীকার করেনি।