প্যালানটির কর্মীদের ওপর নজরদারি ও হয়রানি, অভিযুক্ত রুশ নাগরিক
অভিযুক্ত রুশ নাগরিককে জানানো হয়েছিল, যে কোম্পানিটির ওপর তিনি নজরদারি করছেন সেটা ‘ইউক্রেইনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র সরবরাহ করছে’।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির এক প্রযুক্তি ও প্রতিরক্ষা কোম্পানির কর্মীদের ওপর নজরদারি ও তাদের হয়রানির অভিযোগে এক রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ।
মার্কিন সংস্থাটির ঘোষণায় নির্দিষ্ট কোনো কোম্পানির নাম উল্লেখ করা না হলেও সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলেছে, কোম্পানিটি হচ্ছে ‘প্যালানটির’।
ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ইউক্রেইন যুদ্ধের কাজে প্যালানটিরের সফটওয়্যার ব্যবহার করায় ওই রুশ নাগরিককে এই কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
বিচার বিভাগের তথ্য বলছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে ইগর দিউ নামের ওই ব্যক্তিকে নিয়োগ দিয়েছে রুশ সরকার এবং সেখান থেকেই তাকে করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হত।
২০২৬ সালের জুনে তিনি তুরস্কের ইস্তাম্বুল থেকে মেক্সিকো সিটিতে যান ও সেখান থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাকে ল্যাপটপ, ফোন, রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ও ওয়্যারলেস নেটওয়ার্কিং সরঞ্জাম কিনতে বলা হয়।
ওই রুশ নাগরিককে জানানো হয়েছিল, যে কোম্পানিটির ওপর তিনি নজরদারি করছেন সেটা ‘ইউক্রেইনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র সরবরাহ করছে’।
রাশিয়ার যে কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল তারা প্যালানটিরের পালো অল্টো কার্যালয়ের কাছের এক কফি শপে গিয়ে কোম্পানিটির কর্মীদের ল্যাপটপের স্ক্রিনের ছবি তুলতে বলেছিলেন।
এ ছাড়া, কোম্পানিটির কার্যালয়ের আশপাশের নির্ধারিত কিছু এলাকায় গিয়ে তাকে নিজের ল্যাপটপ চালু রাখতে বলা হত, যাতে রুশ কর্মকর্তারা দূর থেকেই আশপাশে থাকা কর্মীদের বিভিন্ন ডিভাইসে প্রবেশ করে তথ্য সংগ্রহ নিতে পারেন।
প্যালানটির কর্মী ও তাদের বাসভবনের ওপর নজরদারি করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। অভিযোগ রয়েছে, সেপ্টেম্বরে তিনি গাড়ি নিয়ে কোম্পানিটির এক নারী কর্মীকে ৩০ মাইলেরও বেশি পথ অনুসরণ করেছিলেন।
৮ অক্টোবর দিউয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি রুশ পাসপোর্ট ও নগদ ১৮ হাজার ৩৫ ডলার উদ্ধার করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এ ছাড়া, বিদেশ থেকে তার নামে পাঠানো কিছু পার্সেলও জব্দ করা হয়েছে; যেগুলোর ভেতরে ক্যালিফোর্নিয়ার এক ভুয়া পরিচয়পত্র ও ছবি বসিয়ে তার জাল করা আসল মার্কিন পাসপোর্ট পাওয়া যায়।
বিভিন্ন দেশের সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীকে গণনজরদারির কাজে ব্যবহারযোগ্য পণ্য সরবরাহের জন্য আগে থেকেই বিতর্কিত প্রযুক্তি কোম্পানি প্যালানটির।
প্রযুক্তি সাইট উইয়্যার্ড প্রতিবেদনে লিখেছিল, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও এর বিরুদ্ধে প্রতিবাদকারীদের ব্যক্তিগত নথি সংরক্ষণের জন্য প্যালানটিরের তৈরি ডেটাবেইস ব্যবহার করত।
ব্লুমবার্গের তথ্য অনুসারে, ইউক্রেইনকে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা দিতে প্যালানটিরের প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র।
পাশাপাশি, কিইভের ইউক্রেনীয় বাহিনীও দেশের ভেতরে থাকা অবিস্ফোরিত রুশ মাইন অপসারণসহ নানা কাজে কোম্পানিটির প্রযুক্তি ব্যবহার করে।
দিউয়ের বিরুদ্ধে ‘বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের একটি অভিযোগ, অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার একটি অভিযোগ, পিছু নেওয়া বা হয়রানির একটি অভিযোগ ও পরিচয়পত্র সংক্রান্ত জালিয়াতির একটি অভিযোগ’ আনা হয়েছে।
২৪ নভেম্বর তাকে ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।
