২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রাইভেসি টুল আনছে হোয়াটসঅ্যাপ

মেটা বলেছে, সামনের মাসগুলোতে ধীরে ধীরে ফিচারটি চালু করা হবে এবং ভবিষ্যতে এতে ‘আরও বেশি সুরক্ষা ফিচার’ যোগ করবে তারা।

নতুন প্রাইভেসি টুল আনছে হোয়াটসঅ্যাপ
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 03:26 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

নতুন প্রাইভেসি টুল চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে অন্যদের কনটেন্ট নেওয়া থেকে দূরে রাখতে পারবেন ব্যবহারকারীরা।

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি বলেছে, ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের এ প্রাইভেসি সেটিংটি চালু হলে চ্যাটিংয়ে বা গ্রুপের অন্যরা ব্যবহারকারীদের তথ্য অন্য কোথাও পাঠাতে পারবেন না। এমনকি থ্রেড-এর শেয়ার করা মিডিয়াও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড বা বিভিন্ন এআই ফিচারের জন্যও ব্যবহার করতে পারবেন না অন্যরা।

কোম্পানিটি বলেছে, এই ফিচার ব্যবহারকারীদের “আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, যেখানে চ্যাটিংয়ের বাইরে থাকা অন্যরা কী বলেছে তা কেউ শেয়ার করতে পারবে না”।

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলেছে, “বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাপকহারে আমাদের বাস্তব দুনিয়ার বিভিন্ন নেটওয়ার্কের মতো বেড়ে উঠছে, যার মধ্যে কিছু কিছু নেটওয়ার্ক অন্যদের অনেক কাছাকাছি রয়েছে।”

“আমাদের ধারণা, এ ফিচারটি এমন কমিউনিটির সঙ্গে কথা বলার সময় সবচেয়ে ভাল কাজ করবে, যেখানে আপনি হয়তো সবাইকে ঘনিষ্ঠভাবে জানেন না বা চেনেন না কিন্তু তবুও সংবেদনশীল কারণে কথা বলেতে হচ্ছে, বিশেষ করে কোনও কমিউনিটিকে স্বাস্থ্য বিষয়ক সহায়তা দিতে বা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আপনার কমিউনিটিকে সংগঠিত করার বেলায়।”

মেটা বলেছে, সামনের মাসগুলোতে মেটা ধীরে ধীরে ফিচারটি চালু করবে এবং ভবিষ্যতে এতে ‘আরও বেশি সুরক্ষা ফিচার’ যোগ করবে তারা।

হোয়াটসঅ্যাপে থাকা বিভিন্ন প্রাইভেসি ফিচারের মধ্যে সব ধরনের টেক্সট ও কল সাধারণত এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। যার মানে এসব টেক্সটে কেবল প্রাপকরাই প্রবেশ করতে পারেন।

আইক্লাউড সেবায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন টুল ব্যবহার নিয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে অ্যাপলের ডেটা প্রাইভেসি বিরোধে জড়িয়ে পড়ার পর এমন আপডেট এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

অ্যাপল ব্যবহারকারীদের ডেটায় প্রবেশাধিকারের সক্ষমতা চেয়ে যুক্তরাজ্য সরকার ‘ইনভেস্টিগরি পাওয়ার অ্যাক্ট ২০১৬’-এর অধীনে একটি নোটিশ জারি করে, এরপর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানিটি।