খাবারে বিষক্রিয়া: ইন্দোনেশিয়ায় মুখ থুবড়ে পড়ছে বিনামূল্যের খাদ্য কর্মসূচি
এ সপ্তাহে রাজধানী জাকার্তার দুটি স্কুলের প্রায় ৮০ জন শিক্ষার্থী বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ হয়। এতে প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারের এই কর্মসূচি।
ইন্দোনেশিয়ার আট কোটি স্কুলশিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের উচ্চাভিলাষী কর্মসূচি নিয়েছিল সরকার। কিন্তু বাস্তবে এ কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো এগোচ্ছে না। বিনামূল্যের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে থাকায় মুখ থুবড়ে পড়ছে এই কর্মসূচি।
এ সপ্তাহে, রাজধানী জাকার্তার দক্ষিণে সিয়াঞ্জুর এলাকার দুটি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
অনেককেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাদের বেশিরভাগই অবশ্য এখন ছাড়া পেয়েছে। বিনামূল্যের খাবার থেকে বিষক্রিয়ার সর্বশেষ ঘটনা ছিল এটি।
এ ঘটনায় প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নেওয়া ‘বিনামূল্যে স্কুলের খাবারের’ এই বিশেষ কর্মসূচি প্রশ্নের মুখে পড়েছে। কর্তৃপক্ষ খাবারে বিষক্রিয়ার কারণ তদন্ত করে দেখছে।
তদন্তকারীদের ধারণা, খাবার প্রস্তুতে অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের কাছ থেকে বমির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পাশাপাশি রান্না থেকে শুরু করে প্যাকিং ও সরবরাহ পর্যন্ত কাজে জড়িত সবাইকে জেরা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমকে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী জানায়, “মুরগির তরকারি থেকে বাজে গন্ধ আসছিল। সেই তরকারি খেয়ে আমার মাথা ঝিমঝিম করছিল, বমি বমি ভাব হয় এবং বমিও হয়।”
বিশ্বজুড়ে বিভিন্ন দেশেই শিক্ষার্থীদের স্বাস্থ্য, স্কুলে উপস্থিতি ও শিক্ষাগত সাফল্য বৃদ্ধিতে বিনামূল্যে খাদ্য কর্মসূচি যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে।
কিন্তু ইন্দোনেশিয়ার ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের এ কর্মসূচি উলটো শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সরকার বিরোধী বিক্ষোভ জোরাল হয়েছে।
গত ফেব্রুয়ারিতে বাজেট কাটছাঁটের বিরুদ্ধে দেশটির হাজারো মানুষ রাস্তায় নামার পর প্রেসিডেন্ট প্রাবোওর ‘বিনামূল্যে স্কুলের খাবার’ (ফ্রি স্কুল মিল) কর্মসূচি। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, “শিশুরা বিনামূল্যে খাবার খায়, বাবা-মা চাকরি হারায়।”
নির্বাচনী প্রতিশ্রুতি থেকে জনমনে অসন্তোষ:
গত বছর প্রবোও সুবিয়ান্তোর প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারের মূলে ছিল এই কর্মসূচি। শিশুদের অপুষ্টিজনিত রোগ ‘স্টান্টিং’ মোকাবেলার উপায় হিসেবে এ কর্মসূচিকে উপস্থাপন করেছিলেন তিনি; যে রোগে ইন্দোনেশিয়ায় ৫ বছরের নিচে প্রায় ২০ শতাংশ শিশু আক্রান্ত হয়।
২০২৩ সালে প্রবোও বলেছিলেন, “এ উদ্যোগ নিলে আমাদের শিশুরা আরও লম্বা হবে এবং সবক্ষেত্রে সফল হবে।”
গতবছর অক্টোবরে প্রবোও ক্ষমতা নেওয়ার পর বিনামূল্যে স্কুলের খাবারের কর্মসূচিসহ বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও নতুন বাড়ি দেওয়ার মতো অন্যান্য জনপ্রিয় নীতির কারণে তার জনপ্রিয়তা বেড়ে যায়। প্রথম ১০০ কার্যদিবসের মধ্যেই তার জনপ্রিয়তা ৮০ শতাংশে পৌঁছায়।
এবছর জানুয়ারিতে প্রথম ধাপে শুরু হওয়া বিনামূল্যে স্কুলের খাবার কর্মসূচির আওতায় ২৬টি প্রদেশের ৫৫০,০০০ শিক্ষার্থীর কাছে বিনামূল্যে খাবার পৌঁছেছিল।
তবে ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের (আইএসইএএস) ভিজিটিং ফেলো মারিয়া মনিকা উইহার্জা বিবিসি-কে বলেন, “এ কর্মসূচি সৎ উদ্দেশ্যে হলেও এটি তেমন জরুরি নয়।”
গত বছরের রাষ্ট্রীয় জরিপ অনুযায়ী,ইন্দোনেশিয়ায় এক শতাংশেরও কম পরিবার ২০২৪ সালে অন্তত একদিন অনাহারে ছিল।
এবছর জানুয়ারি থেকেই খাবারে একের পর এক স্কুল শিক্ষার্থীর বিষক্রিয়ার ঘটনায় কর্মসূচিটি নিয়ে উদ্বেগ বেড়েছে।
ফেব্রুয়ারিতে পূর্ব নুসা তেংগারা প্রদেশের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিবিসি-কে জানায়, তারা কয়েকজন শিক্ষার্থী বিনামূল্যের খাবার খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করেছে। খাবারটি বাসি ছিল।
এ ঘটনার পর অনেক অভিভাবকই তাদের সন্তানদের জন্য বাসা থেকে খাবার পাঠানো শুরু করে বলে জানান এক স্কুল কর্মকর্তা।
এ সপ্তাহে সিয়াঞ্জুরের খাবারে বিষক্রিয়ার ঘটনার পর কর্তৃপক্ষ খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে। জাতীয় পুষ্টি সংস্থার প্রধান হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদেরকে দেখে এসে বলেন, “আমাদেরকে খাবারের মান উন্নত করতে হবে।’
ইন্দোনেশিয়া অর্থনীতি সংস্কার কেন্দ্রের গবেষক এলিজা মার্ডিয়ান বিবিসি-কে বলেন, “কর্মসূচিটি শুরুর আগে যথাযথ ও গভীর পরিকল্পনার অভাব ছিল। তাড়াহুড়ো করে নেওয়া কর্মসূচি শেষ পর্যন্ত খাবারের মান ও কার্যকারিতার দিক থেকে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এতে জনগণের মধ্যে কর্মসূচিটি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।”
১ হাজার কোটি ডলারের প্রকল্প:
এই কর্মসূচির বিশাল ব্যয়ও সহায়ক হচ্ছে না। এ বছর ইন্দোনেশিয়া বিনামূল্যে স্কুলের খাবারের জন্য ১ হাজার কোটিরও বেশি ডলার বরাদ্দ করেছে।
সেই তুলনায় ভারত বছরে ১৫০ কোটি ডলার খরচ করে ১২ কোটিরও বেশি শিশুকে বিনামূল্যে খাবার সরবরাহ করে; যা বিশ্বের সবচেয়ে বড় কর্মসূচি। ব্রাজিলের কর্মসূচির ব্যয়ও একই রকম এবং এতে সেবা পায় ৪ কোটির মতো শিক্ষার্থী।
সেদিক থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও তার বিনামূল্যে খাদ্য কর্মসূচির বিশাল খরচ সামলাতে দেশের শীর্ষ ধনীদের সহযোগিতা চেয়েছেন এবং চীনের দেওয়া অর্থ নিচ্ছেন।
এ কর্মসূচি ও অন্যান্য জনপ্রিয় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রবোও প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারের বাজেট কাটছাঁট করেছেন, ফলে তা আরও বিতর্কিত হয়ে উঠেছে।
কারণ, তা করতে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক কমানো হয়েছে। যেসব কর্মকর্তারা বরখাস্ত হননি তাদের অভিযোগ, এসি, লিফট এমনকী প্রিন্টার ব্যবহারে পর্যন্ত কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন তারা।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি কার্যক্রম বাতিল হওয়ায় এবং শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হওয়ায় তারাও ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিক্ষোভকারী এক শিক্ষার্থী বিবিসি-কে বলেন, “পেট ভরলেও যদি মস্তিষ্ক খালি থাকে, তাহলে তা সবচেয়ে খারাপ ব্যাপার।”
