২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে নিখোঁজের ২ দিন পর নারীর লাশ উদ্ধার

দুই সন্তানের জননী ওই নারী অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

শেরপুরে নিখোঁজের দুই দিন পর এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় পুরনো ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান।

নিহত খালেদা বেগম (৩৮) পাশের কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের  কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে ওই গুচ্ছগ্রামের পাশে মরিচ ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সদর থানা-পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। 

ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একইসঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।