Published : 21 Jan 2026, 11:57 AM
২০২৫ সালে বার্ষিক আয়ে অভাবনীয় সাফল্য দেখিয়েছে ওপেনএআই। ২০০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নিজস্ব হার্ডওয়্যার ডিভাইস ও উন্নত অটোমেশন প্রযুক্তি আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
রোববার এক ব্লগ পোস্টে ওপেনএআইয়ের প্রধান অর্থ কর্মকর্তা সারাহ ফ্রায়ার বলেছেন, ২০২৫ সালে কোম্পানির বার্ষিক আয় ২০০০ কোটি ডলার ছাড়িয়েছে। ২০২৪ সালে এ আয়ের পরিমাণ ছিল কেবল ৬০০ কোটি ডলার। কম্পিউটিং সক্ষমতা বা প্রসেসিং পাওয়ার বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়েই তাদের এ আয় বেড়েছে।
ফ্রায়ার বলেছেন, ২০২৪ সালে নিজেদের কম্পিউটিং সক্ষমতা ছিল শূন্য দশমিক ছয় গিগাওয়াট, যা ২০২৫ সালে বেড়ে এক দশমিক ৯ গিগাওয়াটে দাঁড়িয়েছে। মাইক্রোসফট সমর্থিত এ কোম্পানিটির সাপ্তাহিক ও দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ছে।
গত সপ্তাহে ওপেনএআই বলেছে, এখন যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু করবে তারা।
এ প্রযুক্তির উন্নয়নের পেছনে যে বিশাল খরচ হয় তা সামাল দিতে ও বাড়তি আয় নিশ্চিতেই কোম্পানিটি এ উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সোমবার ওপেনএআইয়ের নীতি নির্ধারণ বিভাগের প্রধান ক্রিস লেহ্যান বলেছেন, কোম্পানিটি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে নিজেদের প্রথম ডিভাইস বা যন্ত্র উন্মোচনের ‘পথে রয়েছে’।
ফ্রায়ার বলেছেন, বর্তমানে লেখা, ছবি, কণ্ঠস্বর, কোড ও এপিআই নিয়ে কাজ করছে ওপেনএআই। পরবর্তী ধাপে তারা গুরুত্ব দেবে এমন সব ‘এজেন্ট’ ও ‘ওয়ার্কফ্লো অটোমেশন’-এর ওপর, যা বিরতিহীনভাবে কাজ করতে, আগের তথ্য বা প্রেক্ষাপট মনে রাখতে এবং বিভিন্ন টুলের মাধ্যমে পদক্ষেপ নিতে পারবে।
২০২৬ সালের জন্য ‘বাস্তবধর্মী’ ব্যবহারের ওপর জোর দেবে কোম্পানিটি, বিশেষ করে স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের কাজে এআইয়ের ব্যবহার নিশ্চিত করবে চ্যাটজিপিটির নির্মাতা।
ফ্রায়ার আরও বলেছেন, কোম্পানিটি তাদের ব্যালেন্স শিট বা আর্থিক হিসাবের ওপর বাড়তি চাপ না রেখে তা ‘হালকা’ রাখার কৌশল নিয়েছে। এজন্য নিজেরা সবকিছুর মালিক হওয়ার চেয়ে অন্যদের সঙ্গে পার্টনারশিপ এবং বিভিন্ন হার্ডওয়্যার সরবরাহকারীর সঙ্গে নমনীয় চুক্তির মাধ্যমে কাজ করাকে প্রাধান্য দিচ্ছে কোম্পানিটি।