১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাজারে আসার ৩ মাসেই ট্রাইফোল্ডের বিক্রি বন্ধ করল স্যামসাং

দক্ষিণ কোরিয়ায় সেকেন্ডারি মার্কেটে বা পুরানো ফোন কেনাবেচার বাজারে এ ফোনটি সাময়িকভাবে এর খুচরা মূল্যের প্রায় তিন গুণ দামে বিক্রি হয়েছে।

বাজারে আসার ৩ মাসেই ট্রাইফোল্ডের বিক্রি বন্ধ করল স্যামসাং
এ ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, ট্রাইফোল্ড ফোনটি প্রযুক্তি প্রদর্শনী ছিল, মুনাফা পাওয়ার পণ্য নয়। ছবি: এনগ্যাজেট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

বাজারে আসার কেবল তিন মাসের মধ্যেই স্যামসাং তাদের বিশেষ মডেলের ট্রাইফোল্ড স্মার্টফোনের বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ‘ডং-এ ইলবো’র প্রতিবেদন অনুসারে, ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ ফোনের বিক্রি বন্ধের সিদ্ধান্ত মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে।

তবে এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি স্যামসাং। এ বিষয়ে কোম্পানিটি প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের বক্তব্যের অনুরোধে সাড়াও দেয়নি।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি আনে স্যামসাং, সেখানে বর্তমানে স্টকে থাকা ফোনগুলো শেষ না হওয়া পর্যন্ত তা কেনা যাবে। তবে তা পাওয়া কঠিন। খুচরা বাজারে এই ফোনের দাম প্রায় ৩ হাজার ডলার। 

স্যামসাং সম্ভবত এ মডেলটি ব্যাপকহারে বাজারে আনার পরিকল্পনা কখনোই করেনি। তারা কেবল নিজেদের ওয়েবসাইটে কম পরিমাণে ডিভাইসটি বিক্রি করেছে, যা প্রতিবার কেবল কয়েক মিনিটের মধ্যেই ফুরিয়ে গিয়েছে।

প্রতিবেদনে অনুসারে, প্রথম দুই দফায় স্যামসাং প্রায় তিন হাজার ইউনিট বিক্রি করেছে। তবে তারা ফোনের রিভিউ করার জন্য সংবাদমাধ্যমের কাছে কোনো ইউনিট পাঠায়নি।

ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সূত্রগুলো ‘ডং এ ইলবো’কে বলেছে, ট্রাইফোল্ড ফোনটি স্যামসাংয়ের প্রযুক্তি দেখানোর বিষয় ছিল, বাণিজ্যিক মুনাফার জন্য নয়। ফলে, ট্রাইফোল্ডটি বেশ মজবুত বা শক্তপোক্ত হলেও তা বড় পরিসরে উৎপাদনের জন্য তৈরি হয়নি।

ডির‍্যাম ও ন্যান্ড ফ্ল্যাশের মতো যন্ত্রাংশের ক্রমাগত দামের কারণে এ ডিভাইসে লাভের পরিমাণ প্রায় নেই বললেই চলে।

দক্ষিণ কোরিয়ায় সেকেন্ডারি মার্কেটে বা পুরানো ফোন কেনাবেচার বাজারে এ ফোনটি সাময়িকভাবে এর খুচরা মূল্যের প্রায় তিন গুণ দামে বিক্রি হয়েছে।

এর আগে ২০১৯ সালে মূল ‘গ্যালাক্সি ফোল্ড’ বাজারে আনতে দেরি করেছিল স্যামসাং। কারণ ওই সময় সাংবাদিকদের কাছে রিভিউর জন্য পাঠানো বেশ কয়েকটি ফোন ব্যবহারের কেবল কয়েক দিনেই ভেঙে গিয়েছিল।