পুঁজিবাজার: মোট লেনদেন ৪১৪ কোটি, ২০০ কোম্পানিতে ৩০ কোটি টাকা
লেনদেনে সেরা হওয়া আমরা নেটওয়ার্কের ৩০ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে এদিন।
পুঁজিবাজারের লেনদেনের ভারসাম্যহীনতা কাটছেই না। সব মিলিয়ে ২০ থেকে ৩০টি কোম্পানির ওপর ভর করে যে লেনদেন চলছে, তা থেকে বের হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে মোট ৩২৭টি কোম্পানির শেয়ার। টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।
এ নিয়ে টানা চার কর্মদিবস লেনদেন কমার পর বাড়ল কিছুটা। আগের দিন লেনদেন ছিল ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।
এই লেনদেনের মধ্যে ২৮০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে কেবল ২০টি কোম্পানিতে। আর লেনদেনের শেষ দিকে আড়াইশটি কোম্পানি মিলিয়ে হাতবদল হয়েছে কেবল ৬৫ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার।
লেনদেনে সেরা হওয়া আমরা নেটওয়ার্কের ৩০ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। অন্যদিকে শেষ দিকে ২০০ কোম্পানি মিলিয়ে লেনদেন ছিল ৩০ কোটি ৩০ লাখ ৯২ হাজার টাকা।
এদিন ৬৩ কোম্পানির একটি শেয়ারও হাতবদল হয়নি। যেসব কোম্পানির লেনদেন হয়েছে তার মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৪৫টির আর আগের দিনের দরে লেনদেন হয়েছে ১৯৪টির, যেগুলোর প্রায় সবগুলোই আছে বেঁধে দেওয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইসে।
দর বৃদ্ধির শীর্ষে যারা
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আবার দেখা গেল ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটি কোম্পানিকেই। তালিকার ১০টির পাঁচটি কোম্পানি স্বল্প মূলধনী। বাকি সবগুলোর মূলধনই এক শ কোটি টাকার নিচে।
এই তালিকার শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজকে। আগের দিনের তুলনায় ৯.১৩ শতাংশ বেড়েছে এ কোম্পানির শেয়ারদর।
এ খাতের ৮৫টি কোম্পানির মধ্যে হতে গোনা এক দুটির শেয়ারই হাতবদল হচ্ছে। এর মধ্যে তসরিফার শেয়ারদর গত এক মাসের ব্যবধানে বেড়েছে ৭২ শতাংশের মত।
তালিকার দ্বিতীয় অবস্থানে দেখা গেছে স্বল্প মূলধনী ওরিয়ন ইনফিউশনকে। ৮.১৩ শতাংশ বেড়ে দর দাঁড়িয়েছে ৩৩৬ টাকা ৫০ পয়সায়।
গত বছরের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে শেয়ারদর ১০ গুণ বেড়ে এক হাজার টাকা ছুঁয়ে ফেলার পর সম্প্রতি নেমে এসেছিল আড়াই শ টাকার নিচে। এক মাসেরও কম সময়ে দর বাড়ল ৩১ শতাংশের বেশি।
তৃতীয় অবস্থানে ছিল মালিকপক্ষ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়ার পর থেকে অস্বাভাবিকহারে লাফাত থাকা জেমিনি সি ফুড। আরও প্রায় সাড়ে ৭ শতাংশ বেড়ে বড় দাঁড়িয়েছে ৭০৩ টাকা ৫০ পয়সায়। এক মাসেরও কম সময়ের কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
তালিকার চতুর্থ স্থানে থাকা এপেক্স ফুডসের দর বেড়েছে ৬.৯১ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ১২ কর্মদিবসে বেড়েছে ২২ শতাংশ।
কদিন আগেও স্বল্প মূলধনী বিডি অটোকারের শেয়ারদর ফ্লোর প্রাইস ১১৭ টাকায় ক্রেতা ছিল না। এক মাসেরও কম সময়ে তা সেখান থেকে ২৫ শতাংশের বেশি বেড়ে ছুঁয়েছ ১৪৭ টাকায়। দিনের দর বৃদ্ধির পঞ্চম স্থানে থাকা কোম্পানিটির দর এদিন বেড়েছে ৬.৯০ শতাংশ।
মেট্রো স্পিনিং মিলসের দর ৫.৪৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের দর ৫ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দর ৪.৯২ শতাংশ, এপেক্স ট্যানারির দর ৪.৪৬ শতাংশ এবং আরডি ফুডের দর বেড়েছে ৪.৩৩ শতাংশ।
শীর্ষ দশের বাইরে আরও দুটি কোম্পানির দর ৪ শতাংশের বেশি, তিনটির দর ৩ শতাংশের বেশি, ৯টির দর ২ শতাংশের বেশি, ১৩টির দর বেড়েছে এক শতাংশ থেকে দুই শতাংশ পর্যন্ত।
পতনের শীর্ষে লিগ্যাসি
উদ্যোক্তদের নতুন শেয়ার ছাড়ার আগে আগে এক মাসেরও কম সময়ে শেয়ারদর দ্বিগুণ হয়ে যাওয়া লিগ্যাসি ফুটওয়্যার দিনের দরপতনের সর্বনিম্ন সীমার কাছাকাছি নেমে লেনদেন শেষ করেছে।
আগের দিন দর ছিল ৯০ টাকা ৫০ পয়সা। দিন শেষে দর দাঁড়িয়েছে ৮১ টাকা ৯০ পয়সা। কমেছে ৯.৫০ শতাংশ।
গত ১৯ মার্চ লোকসানি এই কোম্পানিটির শেয়ারদর ছিল ৪২ টাকা ৩০ পয়সা। ৪ এপ্রিল শেয়ারদর ছাড়িয়ে যায় এক শ টাকা।
দরপতনের এই শীর্ষ তালিকায় দেখা গেছে জীবন বীমা খাতের প্রাধান্য।
এছাড়া আগের দিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ৩.৭৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৩.০৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২.৯৪ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্স ২.৮২ শতাংশ দর হারিয়েছে।
দরপতনের শীর্ষ দশে থাকা এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ এবং সমতা লেদারের দর কমেছে দুই শতাংশের বেশি।
আরও একটি কোম্পানির ১৩টির কোমানির দর এক শতাংশের বেশি, একটির দর দু্ই শতাংশের বেশি কমেছে।
