‘ফ্লোর প্রাইস’ নিয়ে পুঁজিবাজারে উভয় সংকট
শেয়ারদর না কমলেও ক্রেতা নেই বললেই চলে। আবার ‘ফ্লোর’ তুলে দিলে ব্যাপক দরপতনের শঙ্কা বিএসইসি চেয়ারম্যানের। তাহলে সমাধান কী?
পুঁজিবাজারে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের সর্বনিম্ন দর বা ‘ফ্লোর প্রাইস’ ১১৫ টাকা ৬০ পয়সা। কিন্তু এই দরে ক্রেতা নেই।
গত এক মাসের মধ্যে গত ২৯ জানুয়ারি এই দরে সর্বোচ্চ ২৪ হাজার ৮৩৭টি শেয়ার হাতবদল হয়। গত ১৬ ফেব্রুয়ারির পর একদিনই এক হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে সোমবার।
অথচ গত ২০ সেপ্টেম্বর যেদিন শেয়ারটির দর ১৪০ টাকা ছিল, সেদিন হাতবদল হয় ২ কোটি ৩৮ লাখ ৫৮ হাজার ৮১টি শেয়ার। যার আর্থিক মূল্য ৩৩৪ কোটি টাকার বেশি। গত ছয় কর্মদিবসের কোনো একদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সব কোম্পানি মিলিয়েও এই পরিমাণ লেনদেন হয়নি।
টিপু সুলতান নামে এক বিনিয়োগকারীর বেক্সিমকো লিমিটেডের পাঁচ হাজার শেয়ার আছে। তিনি পুঁজিবাজারকেন্দ্রিক একটি ফেইসবুক গ্রুপে পোস্ট দিয়ে জানিয়েছেন, একশ টাকা দরে দিয়ে দিতে আগ্রহী তিনি।
কিন্তু লেনদেন তো একশ টাকায় করা যাবে না, তাহলে শেয়ার হাতবদল হবে?
টিপু জানান, ‘ব্লক মার্কেটে’ ১০ শতাংশ ছাড়ে ১০৪ টাকা ১০ পয়সা দামে লেনদেন হবে। ১০০ টাকা দরের বেশি যত টাকা দিতে হবে, সেই টাকা তিনি নগদে দিয়ে দেবেন।
টিপুর মত লাখ লাখ বিনিয়োগকারী ‘ফ্লোর প্রাইস’ এর বাধায় শেয়ার বিক্রি করতে পারছেন না। যাদের জরুরি টাকা দরকার, তারা আছেন আরও বিপাকে।
২০১০ সালের ‘মহাধসের’ পর দেশের পুঁজিবাজারে কখনও ‘স্থিতিশীলতা’ ফেরেনি। তবে এখনকার মতো টানা কয়েক মাস ধরে এমন ‘অচলাবস্থা’ কখনও দেখা যায়নি। এই অবস্থায় শেয়ারদর ধরে রাখতে এই ‘সাপোর্টে’ বিনিয়োগকারীর কতটা লাভ হচ্ছে, সেটি নিয়ে বিতর্ক চলছে।
পুঁজিবাজারে শেয়ারের লেনদেন তলানিতে নামার পর সংকটে কেবল বিনিয়োগকারীরা নন। লেনদেনের বিপরীতে যে কমিশন পাওয়া যায়, তার আয়ে কর্মীদের বেতন ভাতা পরিশোধ করে ব্রোকারেজ হাউজগুলো। যেহেতু লেনদেন হচ্ছে না, আয় হচ্ছে না। বেতন পরিশোধই হয়ে উঠেছে অনিশ্চিত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ২০২০ সালে একবার এবং গত বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয়বার এই পদক্ষেপে দরপতন ঠেকায়। কিন্তু এবারের মত শেয়ারের ক্রেতাশূন্যতা কখনও দেখা যায়নি। ফলে আটকে গেছে মানুষের হাজার হাজার কোটি টাকা।
বাজার ব্যবস্থাপকরা যদিও ‘ফ্লোর’ তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন, তবে জাতীয় নির্বাচনের আগের বছরে বিএসইসি এই ঝুঁকি নেবে কি না, তা নিয়ে আছে প্রশ্ন। কারণ, শেয়ারদরে বড় পতন হলে সেটি নিয়ে আলোচনা সমালোচনা এর আগেও রাজনীতিতে হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বাজার নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে এটি তুলে দিলে শেয়ারদর পড়ে যেতে পারে। তখন বিনিয়োগকারীর ব্যাপক লোকসান হবে।
যে ‘ফ্লোর প্রাইস’ এক সময় বিনিয়োগকারীর দাবি ছিল, তা নিয়ে এখন তৈরি হয়েছে বিভক্তি। এটা পুঁজিবাজারে ‘উভয় সংকট’ তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।
মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি বিশেষ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য বিএসইসি ‘ফ্লোর প্রাইস’ দিয়েছিল। কিন্তু এটা দীর্ঘ মেয়াদী সমাধান নয়। এখন সার্বিক অবস্থা বিবেচনা করে অংশীজনদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে বিএসইসি।”
প্রায়ই ‘ফ্লোর’ উঠে যাবে বলে গুজব ছড়িয়ে পড়ে। তখন ‘ফ্লোরের’ চেয়ে বেশি দর আছে, এমন কোম্পানির শেয়ার দর পড়ে যায়।
ফেব্রুয়ারির শুরু থেকেই বিষয়টি নিয়ে গুঞ্জন আছে। গত সপ্তাহে গুজব ব্যাপক আকারে ছড়ায়। চলতি সপ্তাহের রোববার পর্যন্ত টানা পাঁচ কর্মদিবস দরপতনও হয়। তবে বিএসইসির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ‘ফ্লোর’ তুলে নেওয়ার বিষয়ে কমিশনে কোনো আলোচনাই হয়নি।
‘কারও স্বার্থই রক্ষা হয়নি’
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সিকিউরিটিজ প্রতিষ্ঠানের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি রিচার্ড ডি রেজারিও বলেছেন, ‘‘আমরা কখনও ‘ফ্লোর প্রাইসের’ পক্ষে ছিলাম না। এটি দীর্ঘ সময়ের জন্য কোনো নীতি হতে পারে না। বিশেষ পরিস্থিতির জন্য সাময়িক সিদ্ধান্ত হতে পারে।
“ফ্লোর প্রাইস দেওয়ার কারণে বিনিয়োগকারীরা কোথাও বিনিয়োগের সাহস করছেন না। কারণ, এই দরে তো তিনি বেচতে পারবেন না। বিনিয়োগ করলে তো সেখান থেকে বের হওয়ার পথও খোলা রাখতে চাইবেন তিনি। এখন তো সেটা নেই।”
পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, “‘ফ্লোর প্রাইসে’ কারও স্বার্থই রক্ষা হয়নি। এখন বিনিয়োগকারীরা আটকে গেছেন। এ কারণে এখন কার্যত ডেড মার্কেটে (মৃত বাজার) পরিণত হয়েছে। লেনদেন কমে গেছে।
“নিয়ন্ত্রক সংস্থার কাজ তো সূচক ও লেনদেন দেখা না। তাদের কাজ হলো ভালো ভালো কোম্পানি বাজারে আনা ও সুশাসন নিশ্চিত করা।”
শেয়ারদর পড়ে যাওয়ার যে ঝুঁকির কথা বলাবলি হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আবু আহমেদ বলেন, “পড়লে পড়বে। আমরা এর চেয়ে খারাপ বাজার তো দেখেছি। পতন থেকে পুঁজিবাজার আবার নিজ থেকেই ঘুড়ে দাঁড়াতে পারবে।”
‘আস্থা ফেরার আগে ফ্লোর তোলা নয়’
গত বছরের ২৮ জুলাই ফ্লোর প্রাইস আরোপের আগে এই দাবি নিয়ে বিএসইসির কাছে ছুটে গিয়েছিল বিনিয়োগকারীদের সংগঠন ‘পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’। তারা এই মুহূর্তে ‘ফ্লোর’ তুলে দেওয়ার ঘোর বিরোধী।
সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় একগুচ্ছ পরামর্শ দিয়েছিলাম। ‘ফ্লোর প্রাইস’ ছিল তার প্রধানতম। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পর তুলে ফেলা যেত।”
তবে এই ‘আস্থা ফেরানোর’ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিতে পারেননি তিনি।
এই ‘আস্থাহীনতা’ নিয়ে গত এক যুগের বেশি সময় ধরেই আলোচনা চলছে। গত বছরের ৩ অক্টোবর ঢাকায় ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ’ উদ্বোধন করে বিএসিইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, “আমাদের শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। আস্থা, এই আস্থা যে কোথা থেকে আনব সেটা আমরা বুঝি না।”
‘ফ্লোর’ তুললে ধাক্কার শঙ্কা বিএসইসি চেয়ারম্যানের
শিবলী রুবাইয়াত একাধিকবার জানিয়েছেন, তিনি ‘ফ্লোর প্রাইস’ এর মত ‘হস্তক্ষেপের’ বিরুদ্ধে। কিন্তু বাধ্য হয়েই তা দিতে হয়েছে। আর এখন যে পরিস্থিতিতে, তা আরও কঠিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই মুহূর্তে ‘ফ্লোর প্রাইস’ উঠিয়ে নিলে ম্যাসিভ একটা ফল হবে মার্জিন ঋণের শেয়ারে। অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাবে। এজন্য উঠিয়ে নিতে পারছি না।
“বাজারটা একটু সুস্থ না হলে আমরা ওঠাতে পারব না। এটি সুস্থ হোক-ঠিক হোক, ইনডেক্স একটা ভালো অবস্থানে গেলে আমরা তুলে নেব।”
‘ফ্লোর প্রাইসে’ বিনিয়োগ আটকে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “যারা ‘ফ্লোর প্রাইস’ তুলে দেওয়ার কথা বলছেন, তারা বড় বিনিয়োগকারী। তারা এখন সাইডলাইনে, ফলে ভালো আছেন। কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাবে।
“আমরা আশা করি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বুঝতে পারবেন, তারা বিনিয়োগে ফিরবেন।”
কবে নাগাদ বাজার ‘সুস্থ’ হতে পারে? এমন প্রশ্নে তিনি বলেন, “তা তো আমরা বলতে পারব না। বিএসইসি তো লেনদেন করে না। আমরা বাজার দেখে রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করি। আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করছি। সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা আশা করছি ফিরবেন।
“আর ইউক্রেইন-রাশিয়া যুদ্ধাবস্থার প্রেক্ষাপট তো শেষ হয়ে যায়নি। এ কারণেই তো ‘ফ্লোর প্রাইস’ দেওয়া হয়েছে।”
বিকল্প কী হতে পারে?
পুঁজিবাজার নিয়ে যে অনিশ্চয়তা, তাতে ‘ফ্লোর’ তুলে দিলে তো শেয়ারদর অনেকটাই পড়ে যেতে পারে, সে ক্ষেত্রে বিনিয়োগকারী বড় লোকসানের শিকার হবে। বিশেষ করে যারা মার্জিন ঋণ নিয়েছে, তাদের ক্ষতি হবে আরও বেশি।– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিচার্ড ডি রোজারিও বলেন, “‘ফ্লোর প্রাইস’ থেকে বেরিয়ে আসার একটি পন্থা এমন হতে পারে- যখন যে কোম্পানি ডিভিডেন্ড বা কোনো ডিসক্লোজার দেবে, সেদিন শেয়ারের দর উঠা-নামায় কোনো সার্কিট ব্রেকার থাকবে না। এভাবে ধীরে ধীরে সব শেয়ারের ওপর থেকেই ‘ফ্লোর প্রাইস’ উঠে যেতে পারে।”
বছর শেষে ব্যাংকের লভ্যাংশ ঘোষণার সময়ে এটি হতে পারে বলে মনে করেন তিনি।
ফ্লোর নিয়ে বিএসইসির ‘দুই নীতি’
গত বছরের ২৮ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ মাস পর ৬ হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার পর তৈরি হয় উৎকণ্ঠা। সেদিন দ্বিতীয়বারের মতো ‘ফ্লোর প্রাইস’ আরোপ করে বিএসইসি, কার্যকর হয় পরের কর্মদিবস ৩১ জুলাই থেকে।
অক্টোবরের প্রথম প্রান্তিক পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন ও সূচকের উত্থান দেখা দেয়। তবে এরপর থেকে শুরু হয় দরপতন ও লেনদেনে খরা। এক পর্যায়ে তা নেমে আসে দুইশ কোটি টাকার নিচে।
পরে ২১ ডিসেম্বর ১৬৯টি কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ তুলে দিয়ে বিএসইসি এসব কোম্পানির দরপতনের সর্বোচ্চ সীমা কমিয়ে এক শতাংশ করে দেয়। এসব কোম্পানির বেশিরভাগই স্বল্প মূলধনী। ফলে এগুলোর দরপতন বা উত্থানে সূচকে প্রভাব পড়ে না খুব একটা।
সে সময় আশা করা হয়েছিল, শেয়ারদর কমে এক পর্যায়ে ক্রেতা পাওয়া যাবে। কিন্তু এমন বহু কোম্পানি আছে, প্রায় এক শতাংশ হারে দর কমতে কমতে ৩৫ শতাংশ বা তার চেয়ে বেশি দর কমে গেছে। কিন্তু শেয়ারের ক্রেতা পাওয়া যাচ্ছে না।
কিছু কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ থাকা এবং কিছু কোম্পানির ক্ষেত্রে তা উঠিয়ে দেওয়ায় ‘এক পুঁজিবাজারে দুই নীতি’ তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আবার ‘মূল বাজারে’ ফ্লোর প্রাইসের নিচে শেয়ার বেচা না গেলেও ‘ব্লক মার্কেটে’ ১০ শতাংশ ছাড়ে বিক্রি করা সম্ভব। এই সুবিধা পাচ্ছেন তুলনামূলক বড় বিনিয়োগকারীরা। কারণ, সেখানে একবারে কমপক্ষে ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা করতে হয়।
এভাবে ‘ব্লকে’ ৫ লাখ টাকার শেয়ার কিনে ‘মূল বাজারে’ বেচে দিলেই মুনাফা হচ্ছে ৫০ হাজার টাকা।
২০২০ সালের ৮ মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে পুঁজিবাজারে যে ধস নামে, সে সময় ১৯ মার্চ বিএসইসি প্রথমবারের মত ‘ফ্লোর প্রাইস’ আরোপ করে। সে সময় এই উদ্যোগ সফলও হয়েছিল।
৬৬ কর্মদিবস সাধারণ ছুটি শেষে ২০২০ সালের মে মাস থেকে পুঁজিবাজার উত্থানে ফেরে। ২০২১ সালের ৭ এপ্রিল প্রথমবারের মত ৬৬টি কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ প্রত্যাহার করে একদিনে সেগুলোর দরপতনের সর্বোচ্চ সীমা ২ শতাংশ করা হয়।
দ্বিতীয় ধাপে ৩ জুন প্রত্যাহার করা হয় আরও ৩০টি কোম্পানির ‘ফ্লোর’।
এই ৯৬টি কোম্পানির চিত্র পর্যালোচনা করে ১৭ জুন ফ্লোর প্রাইস পুরোপুরি তুলে দেওয়া হয়।
