ফের আয় কমল প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের, লভ্যাংশ ১০%
২০২০ সালে ২০ টাকার ঘর থেকে হঠাৎ লাফাতে শুরু করে এক পর্যায়ে ১৬০ টাকা ছাড়িয়ে যায় এ কোম্পানির শেয়ারদর। এখন ফ্লোর প্রাইস ৩৮ টাকা ৪০ পয়সায় ক্রেতা নেই।
গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে আয় কমে যাওয়ার পরও আগের বছরের মতই ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
অর্থাৎ, শেয়ার প্রতি নগদ এক টাকা করে লভ্যাংশ পাবেন এ কোম্পানির বিনিয়োগকারীরা।
সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোম্পানি সচিব ঝর্ণা পারুল।
তিনি জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্যারামাউন্টের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে এই আয় ছিল ৩ টাকা ৩ পয়সা।
৪০ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ার সংখ্যা চার কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬টি। এই হিসেবে কোম্পানির এবার কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৬০৯ লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা। আগের বছর এই আয় ছিল ১২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৮৪৬ টাকা।
২০২০ সালে আরও বেশি আয় ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। ওই বছর শেয়ার প্রতি ৫ টাকা ৩৮ পয়সা হিসাবে ১৮ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার বেশি আয় হয়েছিল তাদের।
আয় এভাবে কমে যাওয়ার কারণ কী- এই প্রশ্নে কোম্পানি সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আন্ডাররাইটিং প্রফিট কম ছিল। গোটা বছরেই তো এলসি কম ছিল, আমদানি কমেছে। ডলার রেট বেড়েছে।
“আবার কোম্পানির শেয়ারে ইনভেন্টমেন্ট কিছু লোকসান হয়েছে। সব মিলিয়ে আয়ে একটি প্রভাব পড়েছে।”
আয় কমে গেলেও সম্পদমূল্য কিছুটা বেড়েছে। গত ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি ২৫ টাকা ৮১ পয়সা হিসেবে ১০৪ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৭৭২ টাকার সম্পদ আছে প্যারামাউন্টের।
আগের বছরের ডিসেম্বরে শেয়ারপ্রতি ২৫ টাকা ২৫ পয়সা হিসেবে ১০২ কোটি ৬৭ লাখ ৯০ হাজার ৩৯১ টাকার সম্পদ ছিল কোম্পানিটির।
পুঁজিবাজারে এ কোম্পানির শেয়ারদর ২০২০ সালে সন্দেহজনকভাবে বাড়তে থাকে। ২০ টাকার ঘর থেকে হঠাৎ লাফাতে শুরু করে এক পর্যায়ে ১৬০ টাকা ছাড়িয়ে যায়। তবে টানা দুই বছর ধরে পতন হতে হতে শেয়ারদর এখন ফ্লোর প্রাইস ৩৮ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে। এই দরে শেয়ারের ক্রেতা নেই বললেই চলে।
গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৩৭ টাকা ৭০ পয়সা থেকে ৬৭ টাকা ২০ পয়সা পর্যন্ত ওঠানামা করেছে।
যারা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লভ্যাংশ নিতে চান, তাদেরকে আগামী ৩ মে শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট হবে সেদিন। এ লভ্যাংশ অনুমোদন করতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডাকা হয়েছে আগামী ২৪ জুন।
