২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্লোর প্রাইস’ উঠল ১৬৯ শেয়ারের, কমতে পারবে সর্বোচ্চ ১%

এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 10:24 PM

Updated : 21 Dec 2022, 10:45 PM

নিম্নমুখী বাজারে লেনদেন তলানিতে নামার মধ্যে ১৬৯ কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ তুলে নিয়েছে বিএসইসি; যেগুলো একদিনে সর্বোচ্চ ১ শতাংশ কমতে পারবে এবং আগের মতই বাড়তে পারবে ১০ শতাংশ।

এ দফায় দাম কমার সর্বনিম্ন সীমা তুলে দেওয়ার একটি তালিকাও বুধবার ঠিক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

তালিকায় কোম্পানি বাছাই প্রসঙ্গে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে লেনদেন কম হওয়া, লেনদেনে যাদের অংশ তুলনামূলক অনেক কম এবং ফ্লোরপ্রাইস তুলে দিলে পুঁজিবাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে না এমন ক্যাটাগরি থেকে তালিকাটি করা হয়েছে।

কমিশন আশা করছে এসব কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়ায় এগুলোর লেনদেন বাড়বে এবং বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও পুর্নবিন্যাসের সুযোগ পাবেন বলে যোগ করেন তিনি।

বাছাই করা ১৬৯টি সিকিউরিটিজের এ তালিকায় কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট রয়েছে। অন্য কোম্পানির শেয়ার বা ইউনিটের ক্ষেত্রে আগের মতই ফ্লোরপ্রাইস ও সার্কিট ব্রেকারের নিয়ম বহাল থাকবে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড, ট্রেজারি বন্ড, করপোরেট বন্ড ও কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। গত ২৮ জুলাই থেকে দ্বিতীয় দফার ফ্লোর প্রাইসের কারণে এসব শেয়ারের দর এখন সর্বনিম্ন একটা সীমা পর্যন্ত নামতে পারে।

Image

বিএসইসি ভবন

বৈশ্বিক অর্থনীতির টালমাটাল অব্স্থার প্রভাবে দেশের অর্থনীতিকে ঘিরে শঙ্কার মধ্যে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হলে গত ২৮ জুলাই ফ্লোরপ্রাইস আরোপ করা হয়, যা নিয়ে সমালোচনাও রয়েছে বাজার সংশ্লিষ্টদের একটি অংশের।

বিনিয়োগকারীর স্বার্থের কথা বলে সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন এনে এ সিদ্ধান্ত নেওয়ার কথা তখন জানিয়েছিল বিএসইসি। এবার তোলার সময় লেনদেন কমে যাওয়ায় প্রেক্ষাপটে তা তুলে নেওয়ার কথা বলেছেন সংস্থার কর্মকর্তারা।

এর আগে কোভিড মহামারী শুরু হর সূচক পতনে ধস ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ প্রথম ‘ফ্লোর প্রাইস’ পদ্ধতি চালু করা হয়েছিল।

পরে তা কয়েক ধাপে তালিকা করে তুলে নেওয়া হয়। এবারও সব একেবারে না তুলে প্রথম দফায় ১৬৯টির ‘ফ্লোর প্রাইস’ তুলে নেওয়া হল।

প্রতিটি কোম্পানির শেয়ারের আগের পাঁচ দিনের ক্লোজিং প্রাইসের গড় হিসাব করে ‘ফ্লোর প্রাইস’ বা সর্বনিম্ন দরের সীমা আরোপ করেছিল বিএসইসি।

তবে দর বাড়াসহ অন্য ক্ষেত্রে সার্কিট ব্রেকারের আগের নিয়ম বহাল রাখে।

এবার ‘ফ্লোর প্রাইস’ তুলে দেওয়া শেয়ারগুলোর বেলায দর পতনের সার্কিট ব্রেকারের নিয়মে বদল আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, একদিনে সর্বোচ্চ ১ শতাংশ দর কমতে পারবে এসব শেয়ারের। অর্থাৎ আগের দিনের রেফারেন্স মূল্য অথবা সবশেষ দরে লেনদেন হওয়া মূল্যের চেয়ে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত কমতে পারবে শেয়ারদর।

অপরদিকে ঊর্ধ্বমুখী সার্কিট ব্রেকার ২০১৯ সালের ১৪ নভেম্বর জারি করা আদেশ অনুসারে কার্যকর হবে। অর্থাৎ দর বৃদ্ধিতে আগের নিয়ম অর্থাৎ একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে।

সার্কিট ব্রেকারের বর্তমান নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সিকিউরিটিজের প্রতিটির বাজারমূল্য ২০০ টাকা ও এর নিচে থাকলে তা একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারে।

বাজারমূল্য ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে থাকলে সর্বোচ্চ ৮ দশমিক ৭৫ শতাংশ, ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে থাকলে ৭ দশমিক ৭০ শতাংশ বাড়ত বো কমতে পারে।

এছাড়া ১ হাজার থেকে ২ হাজার টাকার মধ্যে থাকলে সর্বোচ্চ ৬ দশমিক ২৫ শতাংশ, ২ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে থাকলে ৫ শতাংশ এবং ৫ হাজার টাকার ওপর হলে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত দাম বাড়তে বা কমতে পারে।

ফ্লোর প্রাইস উঠে যাওয়া কোম্পানিগুলোর তালিকা

পুরনো খবর:

টানা পতনে ফ্লোরপ্রাইস ফিরল পুঁজিবাজারে
ফ্লোরপ্রাইস ওঠার দিনে বাড়ল সূচক
পুঁজিবাজার: সব শেয়ারের ফ্লোরপ্রাইস উঠল ১৫ মাস পর
শেয়ারের দাম কমবে ২%, বাড়বে আগের মত ১০%
বৃহস্পতিবার ফ্লোর প্রাইস উঠছে ৬৬ কোম্পানির