পুঁজিবাজারে অস্থিরতা সামাল দিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
এর আগে ডিএসইর পুরনো ভবনের সামনে মানববন্ধনও করে বিনিয়োগকারীদের একটি অংশ।
টানা দরপতনে পুঁজি হারানো ব্যক্তি বিনিয়োগকারীদের একটি সংগঠন পুঁজিবাজারের চলমান অস্থিরতা বন্ধে প্রধানমন্ত্রীর কাছে ১২ দফা দাবি জানিয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এ স্মারকলিপিতে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনিয়ম ও দুর্নীতিমুক্ত ‘স্মার্ট পুঁজিবাজার’ গড়ে তোলার দাবি তুলেছে।
একই সঙ্গে ফ্লোর প্রাইস বহাল রাখা, ব্যাংকের বেলায় বন্ড ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে পুঁজিবাজার এক্সপোজার সীমার বাইরে রাখা ও বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত সব আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক জানান, বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি জমা দেওয়ার আগে দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে মানববন্ধন করা হয়।
স্মারকলিপিতে পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়িয়ে বিনিয়োগ সহজ করতে ৩ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়ার দাবি জানানো হয়। আইসিবিসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউজের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবে বলে জানিয়েছে সংগঠনটি।
দেশে কোভিড মহামারী শুরুর সময় থেকে পুঁজিবাজারে অস্থিরতার প্রেক্ষাপটে দরপতন চলছে। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও পতনের বৃত্তেই রয়েছে বাজার। মাঝে মধ্যে সামলে ওঠার চেষ্টা করলেও তা টেকসই হয়নি। এরই মধ্যে ২০২২ সালের জুলাই থেকেই আবার নেতিবাচক ধারা দেখা দিয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিক পতনে প্রধান বাজার ডিএসইর লেনদেন নেমেছে ২০০ কোটির ঘরে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অবস্থাও একইরকম।
এমন প্রেক্ষাপটে পুঁজিবাজার ভালো করতে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলো বিনিয়োগকারীদের সংগঠনটি।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- লভ্যাংশের উপর কর সম্পূর্ণ প্রত্যাহার, লভ্যাংশের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান, তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহারের ব্যবধান সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা, ‘বাইব্যাক’ আইন পাশ, অপ্রদর্শিত অর্থ ৫ শতাংশ হারে কর দিয়ে বিনা শর্তে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ, তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদেরকে সম্মিলিতভাবে ২০ শতাংশ ও এককভাবে নূন্যতম ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়টি বাস্তবায়নের দাবি করা।
শেয়ারের কারসাজি রোধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধীনে একটি গোয়েন্দা ইউনিট চালুর দাবিও জানানো হয়েছে।
